বাংলাদেশে কল রেট কমিয়েছে রেবটেল
আন্তর্জাতিক টেলিফোন কল সেবা প্রদানকারী প্রতিষ্ঠান রেবটেল জানিয়েছে, আগামী ১ ডিসেম্বর থেকে প্রতিষ্ঠানটি পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক কল রেট কমাচ্ছে। এক প্রেস বিজ্ঞপ্তিতে রেবটেলের বাজার দর ব্যবস্থাপক মিকায়েল রসেনগ্রেন এ কথা জানিয়েছেন। তিনি বলেন, আন্তর্জাতিক কলের ক্ষেত্রে বাংলাদেশ সুইডিশ প্রতিষ্ঠান রেবটেলের তৃতীয় বৃহত্তম বাজার। বর্তমানে রেবটেলের গ্রাহকেরা পৃথিবীর অন্যান্য প্রান্ত থেকে বাংলাদেশে আন্তর্জাতিক কলের ক্ষেত্রে খরচ করছেন প্রতি মিনিট ০.৩৯০ ডলার। ১ ডিসেম্বর থেকে এই কলরেট ১০ শতাংশ কমে দাঁড়াবে ০.০৩৫০ ডলার। প্রতিষ্ঠানের পক্ষ থেকে বলা হয়েছে, পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে বাংলাদেশে যে পরিমাণ আন্তর্জাতিক কল করা হয়, তার ওপর ভিত্তি করে নতুন দর ঠিক করা হয়েছে। এ ছাড়া বাংলাদেশে ফোন করে গ্রাহকেরা কত সময় ধরে কথা বলেন, সেটাও এরমধ্যে অন্তর্ভুক্ত আছে। ২০০৮ সালের পর রেবটেলের কলিং কার্ড ব্যবহার করে বাংলাদেশে ফোন করার পরিমাণ বেড়েছে প্রায় ১০ গুণ। বাংলাদেশের বাজারকে অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করে রেবটেল সম্প্রতি তাদের সেবার মান বৃদ্ধিরও উদ্যোগ নিয়েছে। এর প্রথম ধাপ হলো, কলরেট হ্রাস। পরবর্তীতে কলসেবার ক্ষেত্রেও রেবটেল গ্রাহকেরা উন্নততর সেবা উপভোগ করবেন বলে জানিয়েছেন প্রতিষ্ঠানটির ঊর্ধ্বতন কর্তারা।যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশিরাই রেবটেলের কলিং কার্ড সবচেয়ে বেশি ব্যবহার করেন। রেবটেলের প্রবাসী বাংলাদেশি গ্রাহকের প্রায় ৮০ শতাংশই যুক্তরাষ্ট্রে প্রবাসী বাংলাদেশি। যুক্তরাষ্ট্রের নিউইয়র্ক থেকেই সবচেয়ে বেশি মানুষ বাংলাদেশে রেবটেলের সেবা ব্যবহার করে ফোন করেন। এ ছাড়া ক্যালিফোর্নিয়া ও টেক্সাসে বসবাসরত প্রচুর বাংলাদেশি রেবটেলের সেবা ব্যবহার করেন।রেবটেলের সমীক্ষার আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় হল, প্রবাসী বাংলাদেশিরা দেশে সবচেয়ে বেশি ফোন করেন বিভিন্ন উত্সবের সময়। বিশেষ করে ঈদুল ফিতরের সময় এই হার হয় সর্বোচ্চ। প্রতিষ্ঠানটি এই ব্যাপারটি লক্ষ্য করে প্রতি বছর ঈদুল ফিতরের সময় কেবল বাংলাদেশি বাজারের কথা বিবেচনা করেই নেটওয়ার্ক ও অন্যান্য প্রযুক্তিগত ক্ষেত্রে বিশেষ ব্যবস্থা হাতে নেওয়ার কথাও চিন্তা-ভাবনা করছে।