বাংলাদেশে কারখানা বিপর্যয়ে প্রকাশ পেল নিয়ন্ত্রণের ব্যর্থতা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সাভারে ধসে পড়া রানা প্লাজার নিচতলায় ছিল বেসরকারি ব্র্যাক ব্যাংকের একটি কার্যালয়। ভবনটিতে ফাটল দেখা দেওয়ায় সামাজিক কর্মকাণ্ডের জন্য পরিচিত সংগঠন ব্র্যাক তাদের কর্মীদের সরিয়ে নেয়। সেই সঙ্গে সরিয়ে নেওয়া হয় গুরুত্বপূর্ণ দলিল দস্তাবেজ।অথচ কয়েক হাজার শ্রমিক তখনো ওই ভবনে অবস্থিত কারখানায় বসে প্রাইমার্ক, দ্য চিলড্রেন শপ, ম্যানগোসহ পাশ্চাত্যের প্রতিষ্ঠিত ব্র্যান্ডের (বড় বড় পোশাক বিক্রেতা প্রতিষ্ঠান) জন্য পোশাক তৈরি করছিলেন। এমন সময় ওই সব কারখানার শ্রমিকদের মেশিন সচল রাখতে বাধ্য করা হলো যখন ভবনটির কাঠামো ছিল নড়বড়ে।সাভার ট্র্যাজেডির ওপর প্রতিবেদন ফিন্যান্সিয়াল টাইমস-এর (এফটি) এক প্রতিবেদনে সূচনাটা এ রকমই। ‘বাংলাদেশে কারখানা বিপর্যয়, প্রকাশ পেল নিয়ন্ত্রণের ব্যর্থতা’ (বাংলাদেশ ফ্যাক্টরি ডিজাস্টারস হাইলাইটস রেগুলেটরি ফেইলিওরস) শিরোনামে ২৫ এপ্রিল প্রকাশিত এক প্রতিবেদনে এই বর্ণনা দেওয়া হয়। প্রতিবেদনে বাংলাদেশের তৈরি পোশাকশিল্প মালিকদের সংগঠন বিজিএমইএর সাবেক সভাপতি আনিসুল হককে উদ্ধৃত করা হয়েছে। তিনি বলেন ‘সেখানে অনেক ত্রুটি-বিচ্যুতি ছিল, যা আমরা এড়াতে পারব না। এটা নিশ্চিত এই ঘটনা বিশ্বব্যাপী মারাত্মক নেতিবাচক ধারণা তৈরি করবে, তবে এটি একটি দুর্ঘটনা। ইচ্ছে করে কেউ এটি ঘটায়নি।’প্রতিবেদনটিতে সাভারের ও পাঁচ মাস আগে ঘটে যাওয়া তাজরীন ফ্যাশনসের অগ্নিকাণ্ডে ১১৭ জন শ্রমিক নিহত হওয়ার ঘটনাটিও তুলে ধরে বলছে, এই দুই ঘটনা বাংলাদেশের ১৯ বিলিয়ন ডলারের তৈরি পোশাকশিল্প নিয়ন্ত্রণে এ দেশের সরকারের সামর্থ্য নিয়ে বড় ধরনের প্রশ্ন দেখা দিয়েছে। একইসঙ্গে তৈরি পোশাকের মতো বড় শিল্পের সঙ্গে এ দেশের রাজনীতির উচ্চপর্যায়ের নিবিড় সম্পর্ক নিয়েও প্রশ্ন তোলা হয়েছে। আন্তর্জাতিক স্বেচ্ছাসেবী সংগঠন অক্সফামের বাংলাদেশ প্রধান গ্রাথ প্রাইস জোনসকে উদ্ধৃত করে প্রতিবেদনটিতে বলা হয়, ‘তৈরি পোশাক খাতের সঙ্গে সরকারের সদস্যদের বড় ধরনের আর্থিক স্বার্থ জড়িত। কোনো রকম ঝামেলা ছাড়া এ খাতের শিল্প মালিকেরা যাতে ব্যবসা চালিয়ে যেতে পারেন সে জন্য সরকারের সদস্যদের আর্থিক প্রণোদনা দেওয়া হয়।’ এফটি বলছে, রানা প্লাজা ও তাজরীনের মতো ঘটনায় বাংলাদেশের তৈরি পোশাকের পশ্চিমা বড় ক্রেতা প্রতিষ্ঠানগুলোর নৈতিক ক্রয়ের দাবির বিষয়টিও দুর্বল করে দিয়েছে। কেননা, ভবন নির্মাণ বিধির মতো মৌলিক আইন যেখানে মানা হয় না বা প্রয়োগ করা যায় না।প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাংসদদের মধ্যে ১০ শতাংশ সরাসরি তৈরি পোশাক ব্যবসার সঙ্গে জড়িত।যুক্তরাষ্ট্রের ওয়াশিংটনভিত্তিক শ্রম অধিকারবিষয়ক প্রতিষ্ঠান ওয়ার্কার রাইটস কনসোর্টিয়ামের নির্বাহী পরিচালক স্কট নোভাকে এফটিকে বলেছেন, ‘এ ধরনের বিপর্যয় এটাই প্রমাণ করে এ খাতের উদ্যোক্তাদের মানসিকতায় এখনো কোনো পরিবর্তন হয়নি।’ পোশাকশিল্প শ্রমিক নেতা আমিনুল হত্যাকাণ্ডের বিষয়টি তুলে ধরে এতে আরও বলা হয়, এখনো আমিনুল হত্যাকারীদের চিহ্নিত করা হয়নি। যদিও আন্তর্জাতিকভাবে আমিনুল হত্যাকাণ্ডের জন্য উদ্বেগ প্রকাশ করা হচ্ছে।