বাংলাদেশে কার্যক্রম বাড়াতে চায় জেনারেল ইলেকট্রিক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রভিত্তিক বহুজাতিক কোম্পানি জেনারেল ইলেকট্রিক (জিই) বাংলাদেশে কার্যক্রম আরও বিস্তৃত করতে চায়। এ লক্ষ্যে প্রতিষ্ঠানটি এখানে তাদের বিনিয়োগের পরিধি আরও বাড়ানোর জন্য কাজ করছে।
জিই দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) বনমালী আগরাওয়ালা গতকাল সোমবার বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) নির্বাহী চেয়ারম্যান কাজী এম আমিনুল ইসলামের সঙ্গে এক বৈঠকে এ কথা বলেন। রাজধানীর দিলকুশায় বিডার কার্যালয়ে বৈঠকটি অনুষ্ঠিত হয়। বিডা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায়।
জেনারেল ইলেকট্রিক দীর্ঘকাল ধরে বাংলাদেশের বিদ্যুৎ খাতের সঙ্গে যুক্ত রয়েছে। এ ছাড়া তারা স্বাস্থ্য, জ্বালানি, বিমান চলাচলসহ বিভিন্ন খাত নিয়ে কাজ করছে।
জিইর প্রতিনিধিদলের কাছে বিনিয়োগ ও বাণিজ্য বিকাশে সহজে ব্যবসা করা বা ইজ অব ডুয়িং বিজনেস সূচকে বাংলাদেশের উন্নতি, এক দরজায় সব সেবা বা ওয়ান স্টপ সার্ভিস আইন প্রবর্তনসহ বর্তমান সরকারের চলমান সংস্কার কার্যক্রম তুলে ধরেন বিডার চেয়ারম্যান আমিনুল ইসলাম। তিনি জিই প্রতিনিধিদলকে বাংলাদেশে তাদের বিনিয়োগ বাড়ানোর ক্ষেত্রে সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন। পাশাপাশি তিনি বাংলাদেশের বর্তমান বিনিয়োগবান্ধব পরিবেশ সারা বিশ্বের বিনিয়োগকারীদের কাছে ছড়িয়ে দিতে ব্র্যান্ড অ্যাম্বাসেডর বা দূত হিসেবে কাজ করারও অনুরোধ জানান।
বিডা জানায়, জিই প্রতিনিধিদলটি বাংলাদেশে ব্যবসা ও বিনিয়োগ পরিবেশ উন্নয়নে সরকারের নেওয়া সংস্কার কার্যক্রমের প্রশংসা করেছে।
বৈঠকে জিই বাংলাদেশের এদেশীয় পরিচালক মো. নওশাদ আলী, জিই দক্ষিণ এশিয়ার করপোরেট বিষয়াবলি ও নীতিবিষয়ক সিনিয়র কাউন্সেল এবং ভাইস প্রেসিডেন্ট আবিদুর রহমান চৌধুরী, জিই পাওয়ার সার্ভিসেসের বিপণন পরিচালক সরতাজ ভূঁইয়া প্রমুখ উপস্থিত ছিলেন।