বাংলাদেশে কার্যালয় স্থাপনে আগ্রহী ভারতের এক্সিম ব্যাংক
বিশ্বব্যাংক, এশীয় উন্নয়ন ব্যাংকসহ (এডিবি) অন্য দাতা সংস্থার মতো বাংলাদেশে ঋণ কার্যক্রম পরিচালনার জন্য কার্যালয় খুলতে চায় ভারত। ভারতের এক্সিম ব্যাংক এ কার্যালয় স্থাপনের প্রস্তাব দিয়েছে। এক্সিম ব্যাংকের মাধ্যমে ইতিমধ্যে ১০০ কোটি ডলার পেয়েছে বাংলাদেশ। আরও ২০০ কোটি ডলার পাবে, যা দ্বিতীয় লাইন অব ক্রেডিট (এলওসি) নামে পরিচিত।
চলতি বছরের শুরুর দিকে বাংলাদেশে কার্যালয় স্থাপনের আগ্রহ দেখায় ভারত। অফিস স্থাপনের প্রক্রিয়া, কর্মীদের ভিসা প্রদানসহ বিভিন্ন বিষয় নিয়ে অর্থনৈতিক সম্পর্ক বিভাগের (ইআরডি) সঙ্গে একাধিক চিঠি চালাচালি হয়েছে। বাংলাদেশ এ বিষয়ে নীতিগত সম্মতি দিলেও চূড়ান্ত অনুমোদন দেয়নি।
এদিকে গতকাল মঙ্গলবার থেকে ভারতের রাজধানী নয়াদিল্লিতে দুই দিনব্যাপী বাংলাদেশ-ভারত এলওসি পর্যালোচনা সভা শুরু হয়েছে। এ সভায় বাংলাদেশে এক্সিম ব্যাংকের কার্যালয় স্থাপনের বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা হবে। বাংলাদেশ প্রতিনিধিদলের নেতৃত্ব দিচ্ছে ইআরডির অতিরিক্ত সচিব আবুল মনসুর মোহাম্মদ ফয়জুল্লাহ।
জানা গেছে, এরই মধ্যে ভারতীয় এক্সিম ব্যাংক আশীষ কুমার সনিকে বাংলাদেশের আবাসিক প্রতিনিধি হিসেবে নিয়োগ দিয়েছে। তিনি বাংলাদেশে কাজ করার জন্য ভিসাও পেয়েছেন। বর্তমানে বাংলাদেশকে দেওয়া ভারতের এক্সিম ব্যাংকের মাধ্যমে ঋণের পরিমাণ মোট ২৮৬ কোটি টাকা।
গত বছর ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় ২০০ কোটি ডলার ঋণ বা দ্বিতীয় এলওসি দেওয়ার সমঝোতা চুক্তি হয়। এ ঋণের আওতায় ১৪টি প্রকল্প বাস্তবায়ন করা হবে। এর মধ্যে ১১টি প্রকল্প প্রস্তাব ভারতের কাছে পাঠিয়েছে বাংলাদেশ। এ প্রকল্পগুলোর মাধ্যমে বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিটিআরসি) জন্য বাস-ট্রাক কেনা, আশুগঞ্জ নৌবন্দর উন্নয়ন, আশুগঞ্জ-আখাউড়া সড়ক চার লেনে উন্নীত করা, সৈয়দপুরে রেলওয়ের ওয়ার্কশপ নির্মাণ, খুলনা-দর্শনা দ্বৈত রেলপথ নির্মাণ, খুলনার মোংলা ও কুষ্টিয়ার ভেড়ামারায় ভারতীয় অর্থনৈতিক জোন স্থাপন করা। এ ছাড়া আরও কিছু প্রকল্প এখনো চূড়ান্ত হয়নি। এর মধ্যে অন্যতম হলো আশুগঞ্জে অভ্যন্তরীণ নৌ কনটেইনার টার্মিনাল নির্মাণ।
এর আগে ২০১০ সালে প্রথম এলওসিতে বাংলাদেশকে ১০০ কোটি ডলার দিয়েছে ভারত। অবশ্য এর আগে ১৯৯১, ১৯৯৭ ও ১৯৯৯ সালে তিন দফায় মোট ৫৭ কোটি ডলার দিয়েছিল ভারত।