বাংলাদেশে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে চায় ভারত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে কৃষিপণ্য রপ্তানি বাড়াতে চান ভারতের ব্যবসায়ীরা। এ লক্ষ্যে বাংলাদেশের আমদানিকারকদের সঙ্গে আলোচনা করতে ভারতীয় ব্যবসায়ীদের ৫০ সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশে এসেছে, যাঁরা খাদ্যশস্য, ফল, সবজি, মসলা, মাছ, মাংস ইত্যাদি রপ্তানি করেন।

ভারতীয় এই ব্যবসায়ী প্রতিনিধিদলটি বাংলাদেশে এসেছে পশ্চিমবঙ্গভিত্তিক ভারতীয় ব্যবসায়ীদের সংগঠন ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের ব্যবস্থাপনায়। গত শনিবার তাঁরা রাজধানীর সোনারগাঁও হোটেলে বাংলাদেশের ব্যবসায়ীদের সঙ্গে বৈঠক করেন, যাকে বলা হচ্ছে ক্রেতা-বিক্রেতার সম্মিলন। যৌথভাবে এর আয়োজন করে বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই), ইন্ডিয়া-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই) ও ইন্ডিয়ান চেম্বার অব কমার্স।

দুই দিনব্যাপী এই ক্রেতা-বিক্রেতার সম্মিলনের উদ্বোধনী অনুষ্ঠানে শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, এফবিসিসিআইয়ের সভাপতি মো. সফিউল ইসলাম মহিউদ্দিন ও ঢাকায় ভারতের হাইকমিশনার হর্ষ বর্ধন শ্রিংলা উপস্থিত ছিলেন। গতকাল রোববার এই বৈঠক শেষ হয়েছে।

২০১৫-১৬ অর্থবছরে ভারত ৫৪৫ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে বাংলাদেশে, বিপরীতে বাংলাদেশ রপ্তানি করেছে প্রায় ৬৯ কোটি ডলারের পণ্য। ফলে ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি বিপুল।

ক্রেতা-বিক্রেতার সম্মিলনে বাংলাদেশের পক্ষ থেকে এ দেশে বিনিয়োগ করা ও বাংলাদেশি পণ্য আমদানির পরামর্শ দেওয়া হয় ভারতীয় ব্যবসায়ীদের।

হর্ষ বর্ধন শ্রিংলা বলেন, সম্প্রতি তাঁর সরকার বাংলাদেশের ২১টি খাদ্যপণ্য এ দেশের মান সংস্থা বিএসটিআইয়ের সনদে প্রবেশের অনুমতি দিয়েছে। এর মানে হলো, এসব পণ্যে বিএসটিআইয়ের সনদ থাকলে তা মান যাচাই ছাড়াই ভারতে প্রবেশ করতে পারবে। তিনি বলেন, ‘এটা ভারতের দিক থেকে উল্লেখযোগ্য উন্নতি। আমরা চাইব বাংলাদেশও ভারতীয় পণ্যের ক্ষেত্রে একই সুবিধা দেবে।’ এফবিসিসিআইয়ের সাবেক সভাপতি আবদুল মাতলুব আহমাদ বাংলাদেশে ভারতীয় ব্যবসায়ীদের বিনিয়োগের আহ্বান জানিয়ে বলেন, দীর্ঘ মেয়াদে ভালো করতে হলে যৌথভাবে বিনিয়োগের বিকল্প নেই। অনুষ্ঠানে আইবিসিসিআইয়ের সভাপতি তাসকিন আহমেদ, ইন্ডিয়ান চেম্বার অব কমার্সের মহাপরিচালক রাজীব সিং প্রমুখ বক্তব্য দেন।