বাংলাদেশে থ্রিজি অপরিহার্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বর্তমান দুনিয়ায় মোবাইল ফোনের ব্যবহার শুধু কথা বলা আর খুদেবার্তার (এসএমএস) মধ্যেই সীমাবদ্ধ নেই, ইন্টারনেটসহ মোবাইল ফোনের বহুবিধ ব্যবহার রয়েছে, যা থেকে বাংলাদেশ বেশ পিছিয়ে।বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারী অনেক থাকলেও ইন্টারনেট ব্যবহারকারীর সংখ্যা খুবই কম। মোবাইল ফোনের ব্যবহার দেখেই বোঝা যায়, ইন্টারনেট ব্যবহারেরও বিশাল এক সম্ভাবনাময় বাজার হতে পারে বাংলাদেশ। আর সে জন্যই তৃতীয় প্রজন্মের (থ্রিজি) মোবাইল প্রযুক্তি বাংলাদেশের জন্য আজ অপরিহার্য।গতকাল মঙ্গলবার সচিবালয়ে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ শেষে টেলিনর গ্রুপের প্রেসিডেন্ট ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) জন ফ্রেডরিক বাকসাস সাংবাদিকদের এসব কথা জানান। উল্লেখ্য, পুঁজিবাজারে তালিকাভুক্ত গ্রামীণফোন কোম্পানি লিমিটেডের ৫৬ শতাংশ শেয়ারের মালিকানা রয়েছে টেলিনর গ্রুপের হাতে।টেলিনরের সিইও সাংবাদিকদের আরও বলেন, অর্থমন্ত্রীর সঙ্গে সৌহার্দ্যপূর্ণ বৈঠক হয়েছে। থ্রিজি প্রযুক্তি চালুর ব্যাপারে অর্থমন্ত্রী আশ্বস্ত করেছেন। কাজটি এগিয়ে নিয়ে যেতে তাঁর পক্ষ থেকে যাবতীয় সহায়তা অব্যাহত থাকবে।বাকসাস জানান, প্রযুক্তিটি ব্যাপকভাবে চালু হলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া সহজলভ্য হবে এবং বাংলাদেশেরই বিপুল পরিমাণ জনগোষ্ঠী উপকৃত হবে।বাকসাস আরও বলেন, ‘বাংলাদেশের টেলিযোগাযোগ খাতে আমরা কাজ করছি অনেক দিন হলো। আরও দীর্ঘ সময় এ দেশে থাকতে চাই। স্বাভাবিক কারণেই এ জন্য আমাদের সক্ষমতাও বাড়াতে চাই।’অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত বলেন, ১৯৯৬ সাল থেকে বাংলাদেশে কাজ করছে টেলিনর এবং তারা খুবই খুশি। সম্প্রতি তাদের আগ্রহের জায়গাটা হলো দ্রুতগতির ইন্টারনেটের ব্যবহারকে সহজলভ্য করা। অর্থমন্ত্রী বলেন, টেলিনর বাংলাদেশে তাদের অবস্থানকে সুসংহত করতে চায় এ দেশে। এ জন্য থ্রিজি প্রযুক্তি চালু করতে চায় তারা।অর্থমন্ত্রী আরও বলেন, টেলিযোগাযোগ খাত থেকে ভালোই আয় হয় সরকারের। থ্রিজি চালু হলে আয় আরও বাড়বে। আর টেলিনরের সিইও জানিয়েছেন, বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীর সংখ্যা বেশি থাকলেও ইন্টারনেট ব্যবহারকারী তত নেই। থ্রিজি চালু হলে দ্রুতগতির ইন্টারনেট সেবা পাওয়া যাবে।অর্থমন্ত্রী বলেন, ইন্টারনেট এখন অপরিহার্য বিষয় হয়ে দাঁড়িয়েছে। প্রশাসনের জন্যও তা এখন অনেক গুরুত্বপূর্ণ। বিশেষ করে দুর্নীতি দমনে ভালো ভূমিকা পালন করতে পারে ইন্টারনেট। অর্থমন্ত্রী জানান, থ্রিজি একটি উচ্চপর্যায়ের প্রযুক্তি। এটি চালুর ব্যাপারে আলোচনা চলছে। টেলিনরের সিইওর সঙ্গে মোবাইল ব্যাংকিং নিয়ে আলোচনা হয়েছে বলেও জানান অর্থমন্ত্রী।