বাংলাদেশে নরডিক চেম্বারের আনুষ্ঠানিক উদ্বোধন
নরডিক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (এনসিসিআই) নামে নতুন একটি চেম্বার গঠিত হয়েছে বাংলাদেশে। ডেনমার্ক, সুইডেন, নরওয়ে, ফিনল্যান্ড ও আইসল্যান্ডকে একসঙ্গে নরডিক দেশ বলা হয়। গতকাল মঙ্গলবার রাজধানীর একটি হোটেলে চেম্বারটির উদ্বোধন করেন বাণিজ্যমন্ত্রী ফারুক খান। বাণিজ্যমন্ত্রী এবং বাংলাদেশ সফররত নরওয়ের পরিবেশ ও আন্তর্জাতিক উন্নয়ন সহযোগিতা-বিষয়কমন্ত্রী এরিক সোলেইম যৌথভাবে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন। বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত এসভেন্ট অলিং, ফরেন ইনভেস্টরস চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি এ এম হামিম রহমতুল্লাহ, বাংলাদেশ-জার্মান চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি মো. সাইফুল ইসলাম এবং নরওয়ের রাষ্ট্রদূত রাগ্নি বার্ট লান্ড অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নরডিক দেশগুলো থেকে বাংলাদেশে বিনিয়োগকারী ও ব্যবসারত প্রতিষ্ঠানগুলো এই চেম্বারের সদস্য।উল্লেখ্য, ২০০৯-১০ অর্থবছরে নরডিক দেশগুলোর সঙ্গে বাণিজ্যের ভারসাম্য বাংলাদেশের অনুকূলে ছিল। দেশগুলোতে এ সময় বাংলাদেশের রপ্তানির পরিমাণ ছিল ৫২ কোটি ৯০ লাখ ডলার। আর দেশগুলো থেকে আমদানির পরিমাণ ছিল ১৯ কোটি ১৫ লাখ ডলার। বিজ্ঞপ্তি।