বাংলাদেশে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করবে কোকাকোলা

বিশ্বকাপের সোনালি ট্রফি বাংলাদেশে ঘুরে গেছে। ২৬৭ দিন বিশ্বের ৮৯টি দেশে ঘুরবে এটি। বাংলাদেশের দর্শকদের বিশ্বকাপের আসল ট্রফিটি কাছ থেকে দেখার সুযোগ করে দিয়েছে কোমল পানীয় উৎপাদনকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান কোকাকোলা। বিশ্বকাপের ট্রফির সঙ্গে প্রথমবারের মতো বাংলাদেশে ঘুরে গেলেন কোকাকোলার ভারত ও দক্ষিণ-পশ্চিম এশিয়ার ডেপুটি প্রেসিডেন্ট ভেঙ্কটেশ কিনি। বাংলাদেশের দর্শকদের ফুটবল উন্মাদনা ও বিশ্বকাপ ট্রফি দেখার আগ্রহে উচ্ছ্বসিত ভারতীয় এ কর্মকর্তা। এ উন্মাদনাকে কাজে লাগিয়ে ভবিষ্যতে বাংলাদেশে ব্যবসার পরিধি বাড়াতে চায় প্রতিষ্ঠানটি।
ভেঙ্কটেশ তাই জানালেন, আগামী দিনে বাংলাদেশে পাঁচ কোটি ডলার বিনিয়োগ করার পরিকল্পনা নিয়েছে কোকাকোলা।
ভেঙ্কটেশ বলেন, ‘বাংলাদেশে প্রায় ১৬ কোটি লোক বাস করে। এখানকার অর্থনীতিও দিন দিন এগিয়ে যাচ্ছে। বাংলাদেশে আরও অনেক দিন আমাদের ব্যবসা চালিয়ে যেতে চাই । তাই এ দেশে পাঁচ কোটি ডলার বিনিয়োগের পরিকল্পনা আছে আমাদের।’ বাংলাদেশে কোকাকোলা ব্যবসার পরিধি বাড়াতে তাঁরা সরকারের দিকে তাকিয়ে আছেন বলেও জানান ভেঙ্কটেশ। তিনি বলেন, এ বিনিয়োগ করা হবে বোতলজাতকরণ কারখানা নির্মাণ, শীতলীকরণ যন্ত্র স্থাপন, পল্লি এলাকায় বাজার সম্প্রসারণ এবং গবেষণা ও উন্নয়নে।
ভেঙ্কটেশ জানান, কোকাকোলার বিনিয়োগ প্রস্তাবকে সরকার যথেষ্ট ইতিবাচক দেখছে। এখন কিছু বিষয় কাজ চলছে।
বিশ্বব্যাপী কোকাকোলার ৪০০টির বেশি ব্র্যান্ড পণ্য রয়েছে। তবে বাংলাদেশে মাত্র চারটি প্রচলিত। এগুলো হলো—কোকাকোলা, সপ্রাইট, ফান্টা ও ডায়েট কোক।
যুক্তরাষ্ট্রের আটলান্টাভিত্তিক এ বহুজাতিক কোমল পানীয় প্রতিষ্ঠানটি বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফার অন্যতম পৃষ্ঠপোষক। বাংলাদেশ ফুটবল ফেডারেশন ও কোকাকোলার আয়োজনেই মূলত বাংলাদেশের দর্শকেরা বিশ্বকাপের ট্রফি দেখার সুযোগ পেয়েছেন। বিশ্বকাপের ট্রফির সঙ্গে আগে কখনোই ঘোরেননি ভেঙ্কটেশ। তবে এবার বাংলাদেশে এসে দর্শকদের উষ্ণ ভালোবাসায় মুগ্ধ হয়ে তিনি বলেন, ‘এখানে আসতে পেরে খুবই রোমাঞ্চিত আমি। আমরা খুবই গর্বিত যে এটা বাংলাদেশের মানুষকে দেখাতে পারছি।