বাংলাদেশে পূর্ণ কার্যালয় খুলতে আগ্রহী আইডিবি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে পূর্ণাঙ্গ নিজস্ব কার্যালয় পরিচালনা করতে চায় ইসলামি উন্নয়ন ব্যাংক (আইডিবি)। ইতিমধ্যে এ-সম্পর্কিত একটি প্রস্তাব অর্থনৈতিক সম্পর্ক বিভাগকে (ইআরডি) দিয়েছে প্রতিষ্ঠানটি। এ জন্য আইডিবির ছয় সদস্যের একটি প্রতিনিধিদল বাংলাদেশ সফর করছে। গতকাল রোববার আইডিবির প্রতিনিধিদল ইআরডির সচিব ইকবাল মাহমুদের সঙ্গে বৈঠক করে। প্রতিনিধিদলের নেতৃত্ব দেন আইডিবির পরিচালক (কান্ট্রি ডিপার্টমেন্ট) মোহাম্মদ জামাল আল সাতি। ইআরডি কার্যালয়ে এই বৈঠক অনুষ্ঠিত হয়। ইআরডির কর্মকর্তারা জানান, বাংলাদেশে আইডিবির ঋণ ও অনুদানের পরিমাণ দিন দিন বাড়ছে। তাই আইডিবি বাংলাদেশে একটি পূর্ণাঙ্গ কার্যালয় স্থাপন করে কার্যক্রম পরিচালনা করতে আগ্রহী। মূলত সেই কার্যালয়ের স্থাপনসংক্রান্ত প্রস্তাব ও এর অগ্রগতি নিয়েই বৈঠকে আলোচনা হয়েছে। জানা গেছে, বর্তমানে একটি মাঠ পর্যায়ের কার্যালয়ের মাধ্যমে বাংলাদেশে আইডিবির কার্যক্রম পরিচালিত হয়ে আসছে। কিন্তু যেকোনো বিষয়ে জেদ্দায় অবস্থিত প্রধান কার্যালয়ের অনুমোদন নেওয়ার প্রয়োজন হয়। এর ফলে অনেক সময় সিদ্ধান্ত গ্রহণ প্রলম্বিত হয়। তাই বাংলাদেশে কার্যরত অন্যান্য দাতা সংস্থার (যেমন: বিশ্বব্যাংক ও এশীয় উন্নয়ন ব্যাংক) মতো একটি স্বয়ংসম্পন্ন কার্যালয় স্থাপন করতে চায় আইডিবি। ইআরডি সূত্রে জানা গেছে, আইডিবির প্রস্তাবে বাংলাদেশের পক্ষ থেকে ইতিবাচক মনোভাব দেখানো হয়েছে। তাই শিগগিরই পররাষ্ট্র মন্ত্রণালয়ের সঙ্গে আইডিবির কার্যালয় স্থাপনসংক্রান্ত চুক্তি স্বাক্ষরিত হবে।আইডিবি প্রতিনিধিদলের সদস্যদের পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি, স্বরাষ্ট্রমন্ত্রী সাহারা খাতুন, আইনমন্ত্রী শফিক আহমেদ, মন্ত্রিপরিষদের সচিব মোশাররাফ হোসাইন ভুঁইয়া, জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) চেয়ারম্যান নাসিরউদ্দিন আহমেদের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে। আইডিবির কাছ থেকে এ পর্যন্ত ৭০০ কোটি ডলার পাওয়া গেছে। এর মধ্যে ৬৪০ কোটি ডলার এসেছে বাণিজ্য অর্থায়ন হিসেবে বিশেষ করে জ্বালানি তেল আমদানির জন্য। বাকি ৬০ কোটি ডলার পাওয়া গেছে প্রকল্প সহায়তা হিসেবে। বর্তমানে ১০টি প্রকল্পে আইডিবি অর্থায়ন করছে।