বাংলাদেশে পোশাকশিল্পের সংকটে ভারতে 'অপরিপক্ব' প্রত্যাশা!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশের তৈরি পোশাকশিল্প বড় ধরনের সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। বিশেষ করে সাভার ট্র্যাজেডিতে সহস্রাধিক শ্রমিক নিহত হওয়ার পর আন্তর্জাতিক ক্রেতারা বাংলাদেশ থেকে মুখ ফিরিয়ে নেওয়ার যে হুমকি দিয়েছে, তা যথেষ্ট উদ্বেগের সৃষ্টি করেছে।
এই পরিস্থিতি বিশ্ব পোশাক বাজারে বাংলাদেশের অংশ থেকে অনেকটাই ভারত দখল করে নিতে পারে বলে জোর প্রচারণা চলছে। ভারতীয় বস্ত্র খাতের উদ্যোক্তা ও ব্যবসায়ীরা অনেকেই আশাবাদী হয়ে উঠেছেন যে আন্তর্জাতিক ক্রেতাদের একটা অংশ এখন ভারতমুখী হবে পোশাক ক্রয়ের জন্য। ভারতীয় গণমাধ্যমেও সম্প্রতি এ নিয়ে বেশ কিছু প্রতিবেদন প্রকাশিত হয়েছে।
তবে গত ৪ ও ৫ এপ্রিল বিজনেস স্ট্যান্ডার্ড পত্রিকায় প্রকাশিত দুটি প্রতিবেদনে ভারতের এই প্রত্যাশাকে কার্যত নাকচ করে দেওয়া হয়েছে। একটি প্রতিবেদনে বলা হয়েছে, ‘বাংলাদেশের শ্রম মান নিয়ে পশ্চিমা বিশ্বের সাম্প্রতিক সমালোচনা সত্ত্বেও বৈশ্বিক পোশাক রপ্তানিতে প্রতিবেশীকে টপকে যেতে ভারতের অনেক দূর যেতে হবে।’
এ বছর এপ্রিল মাসে ভারতে তৈরি পোশাক উৎপাদন ৮৬ দশমিক ৬০ শতাংশ বেড়েছে, যেখানে গত বছরের একই সময়ে এই উৎপাদন ১০ দশমিক ৩০ শতাংশ সংকুচিত হয়েছিল। এই তথ্য উল্লেখ করে প্রথম প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশের সাভারে রানা প্লাজা ধসের সঙ্গে এই উৎপাদন বৃদ্ধির যোগসূত্র স্থাপনের চেষ্টা করা হয়েছে।
এতে আরও বলা হয়েছে, নিবিড়ভাবে বিশ্লেষণ করলে দেখা যায় যে এই যোগসূত্র বড্ড বেশি সরলীকৃত। বরং অন্তর্নির্িহত বাড়তি খরচ ও বাংলাদেশের স্বল্পোন্নত দেশের (এলডিসি) মর্যাদা আমাদের উচ্চভাবে গণ্য করার যোগ্য প্রতিবেশীর অনুকূলেই যায়।
বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, ২০১৩ সালের ২৪ এপ্রিল বাংলাদেশের ভবনধস হয়েছে যেখানে, সেখানে কয়েকটি পোশাক কারখানা ছিল। আর বাংলাদেশের বাণিজ্যসুবিধা স্থগিত করার মার্কিন যুক্তরাষ্ট্রের সিদ্ধান্তটি এসেছে জুন মাসে। আর তাই ভারতের বস্ত্র ও পোশাক খাতের উৎপাদন ও রপ্তানির হালচিত্র বাংলাদেশের পরিস্থিতি দিয়ে প্রভাবিত না-ও হতে পারে। তা ছাড়া মার্চ মাস থেকেই ভারতের বস্ত্র উৎপাদন ও রপ্তানিতে উল্লম্ফন শুরু হয়েছে।
এতে বলা হয়েছে, মার্চ মাসে ভারতের তৈরি পোশাক উৎপাদন বেড়েছে ১৫৯ শতাংশ, যেখানে গত বছর মার্চে এটি ৫৯ দশমিক ৩ শতাংশ কমেছিল। আবার মার্চ মাসে ভারতের পোশাক রপ্তানি ১২ শতাংশ বেড়ে হয়েছিল ১৩৯ কোটি ডলার, যেটি এপ্রিল মাসে ৮ দশমিক ৫৫ শতাশ বেড়ে হয়েছে ১১৫ কোটি ডলার।
বিজনেস স্ট্যান্ডার্ড-এর প্রতিবেদনে আরও বলা হয়েছে, রানা প্লাজা ধস ও সহস্রাধিক শ্রমিকের প্রাণহানি বিশ্বজুড়ে নিন্দার ঝড় তুলেছে। বাংলাদেশের পোশাকশিল্পের বিপজ্জনক পরিস্থিতির প্রতিক্রিয়া হিসেবে জুন মাসের শেষ সপ্তাহে মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা বাংলাদেশকে দেওয়া দীর্ঘদিনের বাণিজ্যসুবিধা বিচ্ছিন্ন করেছেন। এর মানে হলো বাংলাদেশ আর মার্কিন যুক্তরাষ্ট্রের বাজারে জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স (জিএসপি) কর্মসূচির আওতায় শুল্কমুক্ত সুবিধা পাবে না। বিজনেস স্ট্যান্ডার্ড বলছে, এটা বাংলাদেশের প্রধান রপ্তানি পণ্য পোশাককে সরাসরি প্রভাবিত করবে না। কেননা, ১৯৭৬ সালে যখন বিশ্বের দরিদ্র দেশগুলোর অর্থনৈতিক উন্নয়নে সহযোগিতা দিতে এই (জিএসপি) কর্মসূচি প্রবর্তন করা হয়, তখন তৈরি পোশাক খাতকে অন্তর্ভুক্ত করা হয়নি।
আরেক প্রতিবেদনে ফেডারেশন অব ইন্ডিয়ান এক্সপোর্ট অর্গানাইজেশনের সভাপতি অজয় সাহায়ি বিজনেস স্ট্যান্ডার্ডকে বলেছেন, যদি মার্কিন যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়ন সত্যিই বাংলাদেশের ওপর নিষেধাজ্ঞা আরোপ করে, তাহলে এই শূন্যস্থান পূরণ করবে ভারত। চীন যেহেতু বস্ত্র খাত থেকে ক্রমান্বয়ে সরে আসছে ও ইলেকট্রনিকসের মতো উচ্চমূল্যের পণ্যের দিকে বেশি মনোযোগী হচ্ছে, সেহেতু পোশাক খাতের বিশ্ববাজারে ভারতের সুযোগ বেড়ে গেছে বলে তিনি মন্তব্য করেন।
অন্যদিকে কনফেডারেশন অব ইন্ডিয়ান টেক্সটাইল ইন্ডাস্ট্রির অর্থনীতিবিদ অজয় কুমার বলেছেন, ‘বাংলাদেশের ভবনধসের বিষয়টি নিয়ে আমরা অতিমাত্রায় প্রচারণা করছি।’
প্রতিবেদন দুটিতে বলা হয়েছে, এলডিসিভুক্ত হওয়ায় এবং পোশাক কারখানার মান উন্নয়নে সরকারের কঠোর প্রয়াসের কারণে উন্নত বিশ্ব বাংলাদেশের প্রতি সহানুভূতিশীল থাকবে। আবার নিম্ন মজুরি ও উচ্চ ভর্তুকির কারণে বাংলাদেশের পোশাক খাতে উৎপাদন ব্যয় ভারতের চেয়ে কম। অন্যদিকে, ভারতে শ্রমিকের মজুরি বাড়ছে আর বাড়ছে সুদের হার, যা কিনা চলতি মূলধনের ব্যয় বাড়িয়ে দিচ্ছে। বিদ্যুতের খরচও বাড়ছে। এসব কারণে ভারতের পোশাক খাতের পক্ষে বাংলাদেশের বাজার দখল করা বেশ কঠিন হবে বলেই মনে করছে পত্রিকাটি।
বিজনেস স্ট্যান্ডার্ড তুলনামূলক পরিসংখ্যান তুলে ধরে বলেছে, ইউরোপীয় ইউনিয়নে বাংলাদেশি পোশাককে প্রবেশের জন্য কোনো শুল্ক দিতে হয় না, যেখানে ভারতের রপ্তানির জন্য গড়ে ৯ শতাংশ শুল্ক দিতে হয়।
এতে বলা হয়েছে, ইইউতে আমদানিকৃত শীর্ষ ১০ বস্ত্র ও পোশাকসামগ্রীর ভারত থেকে যায় মূলত শার্ট, টি-শার্ট, স্যুট ও সুতির বস্ত্র। অন্যদিকে, বাংলাদেশ প্রায় সবগুলো সামগ্রীই ভালোভাবে রপ্তানি করে। আবার ভারত এখনো রপ্তানিতে ওভেন পোশাকের ওপর নির্ভরশীল, যেখানে বাংলাদেশ ওভেনের পাশাপাশি নিট পোশাকেও ভালো অবস্থান করে নিয়েছে এবং ইইউর মতো মার্কিন যুক্তরাষ্ট্রেও নিট পোশাক রপ্তানি করছে।
বিশ্ব বাণিজ্য সংস্থার পরিসংখ্যান উদ্ধৃত করে এতে বলা হয়েছে, ২০১১ সালে বিশ্বে তৈরি পোশাক রপ্তানিতে চীন ও ইউরোপীয় ইউনিয়নের পর ছিল বাংলাদেশের অবস্থান, যা কিনা মোট বৈশ্বিক রপ্তানির ৪ দশমিক ৮০ শতাংশ। ভারতের অবস্থান বাংলাদেশের পরে, যার হিস্যা ৩ দশমিক ৫০ শতাংশ।