বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে এভারি ডেনিসন
বাংলাদেশে বিনিয়োগ অব্যাহত রাখবে বিশ্বখ্যাত প্রতিষ্ঠান এভারি ডেনিসন। বাংলাদেশে তাদের কারখানার শ্রমমান বিশ্বমানের।
প্রতিষ্ঠানটির সফররত ঊর্ধ্বতন কর্মকর্তারা গতকাল রোববার এক সংবাদ সম্মেলনে এসব কথা জানান। স্থানীয় একটি হোটেলে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে বক্তব্য দেন এভারি ডেনিসনের (আরবিআইএস) সভাপতি শন নেভিল, এভারি ডেনিসনের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা ডিন স্কারবারো, প্রতিষ্ঠানের দক্ষিণ এশিয়ার সহসভাপতি ও ব্যবস্থাপনা পরিচালক রিশি পার্ডাল প্রমুখ।
শন নেভিল বলেন, ‘বাংলাদেশের পোশাকশিল্পকে এগিয়ে নিতে আমরা কর্মীর দক্ষতা, উৎপাদনশীলতা বৃদ্ধিতে কাজ করছি। এ ছাড়া কর্মীর জীবনযাত্রার মান উন্নয়ন, নিরাপদ কর্মক্ষেত্রে গড়ে তোলা ও নৈতিক ব্যবসায়িক পরিবেশ সমুন্নত রাখতে ভবিষ্যতে বিনিয়োগ অব্যাহত থাকবে।’
ডিন স্কারবারো বলেন, ‘বাংলাদেশে এভারি ডেনিসনের ব্যবসায়িক নীতিমালা আমাদের নিজস্ব মূলনীতির সঙ্গে সংগতিপূর্ণ। কর্মীর নিরাপত্তা, সামাজিক ও অর্থনৈতিক দায়বদ্ধতা কেবল অগ্রগণ্য নয়, বরং আমাদের সংস্কৃতির ভিত্তি।’
যুক্তরাষ্ট্রের বাজারে জিএসপি সুবিধা সাময়িক প্রত্যাহার করা প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে ডিন স্কারবারো বলেন, ‘বাংলাদেশে এভারি ডেনিসনের কারখানার কর্মপরিবেশ বেশ ভালো। যেসব কারণে এই সুবিধা প্রত্যাহার করা হয়েছে, বাংলাদেশ এ ধরনের পরিস্থিতি উত্তরণ ঘটাতে পারবে বলে আশা করি।’
এভারি ডেনিসনের রপ্তানি প্রক্রিয়াকরণ এলাকায় কারখানা রয়েছে। তৈরি পোশাক খাতের প্যাকেজিং, এক্সেসরিজসহ বিভিন্ন পণ্য তৈরি করে এভারি ডেনিসন। আর বিভিন্ন ধরনের ব্যবসা সমাধান (সলিউশন) দিয়ে থাকে।