ভবিষ্যতে চীন বাংলাদেশ থেকে আরও বেশি পণ্য আমদানি করবে। একই সঙ্গে এ দেশে তাদের বিনিয়োগও বাড়াবে। বাংলাদেশে নিযুক্ত চীনা রাষ্ট্রদূত লি জুন এ কথা জানিয়েছেন।এ বছরের জুনে চীনের কুনমিংয়ে অনুষ্ঠেয় প্রথম চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর প্রচারণামূলক অনুষ্ঠানে রাষ্ট্রদূত এ কথা বলেন। বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশনের (এফবিসিসিআই) সহায়তায় রাজধানীর একটি হোটেলে গতকাল এ অনুষ্ঠানের আয়োজন করে চীনের ইউনান প্রদেশের কর্তৃপক্ষ। পাঁচ দিনের চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীটি অনুষ্ঠিত হবে ৬ জুন। চলবে ১০ জুন পর্যন্ত। চীন-দক্ষিণ এশিয়া প্রদর্শনীর মূল দেশ (থিম কান্ট্রি) মনোনীত করা হয়েছে বাংলাদেশকে। এ উপলক্ষে ইউনান প্রদেশের ভাইস-গভর্নর গাও সুচুন বাংলাদেশ সফর করছেন। এই প্রদর্শনীর পাশাপাশি ২১তম চীনা আমদানি-রপ্তানি মেলাও অনুষ্ঠিত হবে। গাও সুচুন বলেন, এই প্রদর্শনীর মধ্য দিয়ে বাংলাদেশসহ দক্ষিণ এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক, বাণিজ্যিক, সাংস্কৃতিক ও শিক্ষাগত সম্পর্ক আরও জোরদার হবে। তিনি বলেন, প্রদর্শনীতে দক্ষিণ এশিয়ার দেশগুলোর সংশ্লিষ্ট সরকারি প্রতিষ্ঠান এবং ব্যবসায়ী সংগঠনগুলোকে আমন্ত্রণ জানানো হবে, তারা যেন নিজেদের দেশের বিনিয়োগ পরিবেশ ও সম্ভাবনা সম্পর্কে অংশগ্রহণকারী দেশগুলোর কাছে তুলে ধরতে পারে। এটা বিদেশি বিনিয়োগ এবং বাণিজ্য বাড়াতে সহায়ক হবে।রাষ্ট্রদূত লি জুন বলেন, বিশ্বমন্দার মধ্যেও বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্য বেড়েছে। চীনও বাংলাদেশ থেকে আগের চেয়ে পণ্য আমদানি বাড়িয়েছে। চীনের শুল্কমুক্ত পণ্যের তালিকায় চার হাজার ৭০০টি পণ্য রয়েছে। বাংলাদেশ চাইলে এর সুবিধা নিতে পারে।অনুষ্ঠানে বাংলাদেশ রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবির) ভাইস চেয়ারম্যান শুভাশীষ বসু বলেন, সার্কভুক্ত দেশগুলোর নিজেদের মধ্যকার বাণিজ্যের পরিমাণ তাদের মোট বাণিজ্যের মাত্র ৫ শতাংশ। এ অঞ্চলে জনসংখ্যা অনেক, চাহিদাও বিশাল। এর সঙ্গে রয়েছে চীনের বিশাল বাজার। এই অঞ্চলে যদি বাণিজ্য বাড়ানো যায়, তাহলে বাংলাদেশের রপ্তানিকারকদের আর যুক্তরাষ্ট্র ও ইউরোপীয় ইউনিয়নে যেতে হবে না।বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনকে বিনিয়োগের আহ্বান জানিয়ে শুভাশীষ বসু বলেন, প্রতিবেশী দেশ, বিশেষ করে বাংলাদেশের অবকাঠামো উন্নয়নে চীনের কাজ করা উচিত। অবশ্য বর্তমানে চীনের সহযোগিতায় কয়েকটি প্রকল্প বাস্তবায়িত হচ্ছে।ইপিবির ভাইস চেয়ারম্যান আরও বলেন, প্রতিযোগিতামূলক সুবিধার কারণে অনেক উন্নত দেশই এখন তাদের শিল্প বাংলাদেশে স্থানান্তর করছে। চীন যেহেতু এখন উচ্চপ্রযুক্তির শিল্পের দিকে যাচ্ছে, তাই সে দেশের ব্যবসায়ীরা তাঁদের রপ্তানিমুখী শিল্প এ দেশে স্থানান্তর করতে পারেন। এটা তাঁদের জন্য লাভজনক হবে।বাংলাদেশকে প্রদর্শনীর মূল দেশ মনোনীত করায় আনন্দিত এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরাম উদ্দিন আহ্মদ। তিনি বলেন, ‘আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে সেখানে নিয়ে যাওয়ার চেষ্টা করব।’কাজী আকরাম বলেন, গত বছর বাংলাদেশ ও চীনের মধ্যকার দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ছিল ৬৮০ কোটি ডলার। এর মধ্যে চীন এ দেশে ৬৩৯ কোটি ডলারের পণ্য রপ্তানি করে। তিনি বলেন, বাংলাদেশ বিভিন্ন দেশে শুল্কমুক্ত সুবিধা পায়। চীনের ব্যবসায়ীরা তাদের রপ্তানিমুখী শিল্প এ দেশে স্থানান্তর করে এই সুবিধা কাজে লাগাতে পারে।অনুষ্ঠানে ইউনান প্রদেশের ভাইস সেক্রেটারি জেনারেল সিউ ঝিতাও এবং এফবিসিসিআইয়ের জ্যেষ্ঠ সহসভাপতি মনোয়ারা হাকিম আলী উপস্থিত ছিলেন।