বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান
বাংলাদেশে বিনিয়োগ করতে মালয়েশিয়ার ব্যবসায়ীদের আহ্বান জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের। তিনি বলেছেন, বর্তমান সরকার বাংলাদেশে বিনিয়োগকারীদের বিভিন্নভাবে সহযোগিতা দিয়ে যাচ্ছে। এ সুযোগে মালয়েশিয়ার ব্যবসায়ীরা ব্যাপকভাবে বাংলাদেশে বিনিয়োগ করতে পারেন। মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের ইটিসিআইতে বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি আয়োজিত তিন দিনব্যাপী শোকেস বাংলাদেশের উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বাণিজ্যমন্ত্রী এ কথা বলেন। গত শুক্রবার শুরু হওয়া এ প্রদর্শনীর উদ্বোধন করেন মালয়েশিয়া সরকারের ইন্টারন্যাশনাল ট্রেড অ্যান্ড ইন্ডাস্ট্রিবিষয়কমন্ত্রী দাতো সেরি মুস্তফা মোহামেদ। চেম্বারের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ খবর জানানো হয়েছে।বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের বলেন, ‘বাংলাদেশি পণ্য মালয়েশিয়ায় রপ্তানি করে বাণিজ্য ঘাটতি কমাতে হবে। মালয়েশিয়ায় বাংলাদেশের বাণিজ্যের সম্ভাবনা খুবই উজ্জ্বল।’ ‘শোকেস বাংলাদেশ’ শীর্ষক এ প্রদর্শনীতে বাংলাদেশের ৫৭টি প্রতিষ্ঠান অংশ নিয়েছে। এতে সেমিনার, দ্বিপক্ষীয় বাণিজ্য বৈঠক অনুষ্ঠিত হবে। এ ছাড়া বাংলাদেশি শিল্পীদের অংশগ্রহণে থাকছে সাংস্কৃতিক অনুষ্ঠান। উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন পরিবেশ ও বনমন্ত্রী হাছান মাহমুদ, মালয়েশিয়ায় নিযুক্ত হাইকমিশনার এ কে এম আতিকুর রহমান, শোকেস বাংলাদেশের আয়োজক কমিটির চেয়ারম্যান সৈয়দ মোয়াজ্জাম হোসেইন ও বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বারের সভাপতি সৈয়দ নূরুল ইসলাম। প্রদর্শনীটি প্রতিদিন স্থানীয় সময় সকাল ১০টা থেকে বিকেল ছয়টা পর্যন্ত চলছে। আজ রোববার প্রদর্শনীর শেষ দিন।