বাংলাদেশে বিনিয়োগ করা কঠিন: মজীনা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে বিনিয়োগ করা কঠিন বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত ড্যান ডব্লিউ মজীনা। তিনি বলেছেন, ‘বিনিয়োগকারীরা রাজনৈতিক অস্থিরতাকে ঘৃণা করে। অনিশ্চয়তাকে ঘৃণা করে।’রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি মিলনায়তনে বাংলাদেশ-যুক্তরাষ্ট্র দ্বিপক্ষীয় বাণিজ্যবিষয়ক মতবিনিময় সভায় মার্কিন রাষ্ট্রদূত এসব কথা বলেন। গতকাল শনিবার সভার আয়োজন করে ঢাকা চেম্বার।সভায় জানানো হয়, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশে যুক্তরাষ্ট্রের বিনিয়োগ ছিল ৮৪ কোটি ৬৭ লাখ ডলার। আর ২০১১-১২ অর্থবছরে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) বিনিয়োগ এসেছে মাত্র এক কোটি ৫০ লাখ ডলারের।আবার ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ যুক্তরাষ্ট্রে ৫১০ কোটি ডলারের পণ্য রপ্তানি করেছে। আর ২০১১-১২ অর্থবছরে প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) রপ্তানি থেকে আয় হয়েছে ৩৭৫ কোটি ডলার। এর বড় অংশই এসেছে তৈরি পোশাক থেকে।বিনিয়োগ: ড্যান মজীনা বলেন, অবকাঠামোর অভাব, দুর্নীতি, সুশাসনের অভাব, অপ্রতুল বন্দরসুবিধা, সড়ক অবকাঠামোর অভাব, শ্রমসংশ্লিষ্ট বিষয়ের কারণে বিনিয়োগকারীরা এ দেশে আসছে না।রাষ্ট্রদূত বলেন, আগেরবার বাংলাদেশে থাকার সময় যুক্তরাষ্ট্রের একটি বন্দর ব্যবস্থাপনা প্রতিষ্ঠানকে বাংলাদেশে তিনটি টার্মিনাল নির্মাণের বিষয়ে রাজি করানো হয়েছিল। কিন্তু স্থানীয় এক রাজনৈতিক নেতার বাধায় তা করা যায়নি। এরপর ১২ বছরেও সরকার তা করতে পারেনি। এ সময় তিনি বলেন, ‘এতে ক্ষতি হলো কার? বাংলাদেশের।’শুল্কমুক্ত প্রবেশাধিকার: মজীনা বলেন, শুল্কমুক্তসুবিধার জন্য বাংলাদেশ যুক্তরাষ্ট্রের কংগ্রেসে আবেদন করতে পারে। ওয়াশিংটনে বাংলাদেশের রাষ্ট্রদূত এই আবেদন করতে পারেন। তবে ওয়াশিংটনের কাছে বাংলাদেশের জন্য অনুকূল পরিবেশ সৃষ্টিতেও কাজ করতে হবে। কারণ ওয়াশিংটনের দৃষ্টিভঙ্গি হচ্ছে বাংলাদেশ আন্তর্জাতিক শ্রম আইনের বাধ্যবাধকতা থেকে দূরে সরে গেছে।জিএসপিসংক্রান্ত প্রশ্নের জবাবে মজীনা বলেন, ‘রাষ্ট্রদূতের কাছে এসব বিষয় বলা আর সময় নষ্ট করা একই কথা। এগুলো রাজনৈতিক বিষয়। তা ছাড়া শ্রম অধিকার সংগঠনগুলো বাংলাদেশের জিএসপিসুবিধা বাতিলের আবেদন করেছে। এখন বাংলাদেশের উচিত “আমরা শ্রমবান্ধব”—এমন জোরালো বার্তা পৌঁছানো।’মজীনা বলেন, বাংলাদেশের হিমায়িত চিংড়ি টেকসই মান রক্ষা করতে না পারায় আয় বাড়ছে না। এ সময় তিনি বলেন, ‘বাংলাদেশের চিংড়িবাহী কোনো কনটেইনার এলে সেটা আটকানো হয়। নমুনা সংগ্রহ করে তার পরীক্ষা করে তারপর তা ছাড়া হয়। কারণ, এর মানের ওপর আস্থা নেই।’পদ্মা সেতু: পদ্মা সেতুর অর্থায়ন বিষয়ে বাংলাদেশ সরকার ও বিশ্বব্যাংক সমঝোতায় পৌঁছাতে না পারায় হতাশা প্রকাশ করেন মজীনা। তিনি বলেন, ‘আমি খুবই হতাশ যে, বিশ্বব্যাংক ও বাংলাদেশ সমঝোতায় পৌঁছাতে পারেনি।’তবে এই দুই পক্ষের মধ্যে বর্তমানে যে ধরনের প্রচেষ্টা চলছে, এতে তিনি আশাবাদী। তিনি মনে করেন, এ ব্যাপারে সম্মানজনক একটি সমাধান বেরিয়ে আসবে।অন্যদের বক্তব্য: ঢাকা চেম্বারের সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, যুক্তরাষ্ট্রের মোট রপ্তানির এক শতাংশেরও কম জিএসপির আওতায় রপ্তানি হয়। আর বাংলাদেশের বড় রপ্তানিপণ্য তৈরি পোশাকই জিএসপির অন্তর্ভুক্ত নয়। তিনি বলেন, যুক্তরাষ্ট্রের বিভিন্ন প্রতিষ্ঠান বাংলাদেশ থেকে কমদামে ভালো মানের পণ্য আমদানি করতে পারে।ঢাকা চেম্বারের সাবেক সভাপতি বেনজির আহমেদ বলেন, যুক্তরাষ্ট্র শুল্কমুক্তসুবিধা যতদিন দিতে পারছে না, ততদিন জিএসপিসুবিধা বাড়িয়ে দিতে পারে।অ্যামচেমের সভাপতি আফতাব উল ইসলাম বলেন, সরকারের ভুলের কারণে অনেক সময়ই ব্যবসায়ীদের শাস্তি পেতে হয়। তিনি বলেন, পদ্মা সেতুর প্রাক্কলিত ব্যয় ছিল ২৯০ কোটি ডলার। সেটা বেড়ে এখন ৪০০ কোটি ডলারের কাছাকাছি পৌঁছে গেছে। এর মূল্য দিতে হবে বেসরকারি খাত এবং জনগণকে। প্রত্যক্ষ ও পরোক্ষ করের মাধ্যমে।সেন্টার ফর পলিসি ডায়ালগের জ্যেষ্ঠ গবেষক খন্দকার গোলাম মোয়াজ্জেম বলেন, ‘গবেষণায় দেখা গেছে, শ্রমসংশ্লিষ্ট বিষয়ে আমরা অনেক উন্নতি করেছি। হয়তো তা কাঙ্ক্ষিত মাত্রায় হয়নি। কিন্তু উন্নতি হচ্ছে। তাই শ্রমসংশ্লিষ্টবিষয়কে জিএসপিসুবিধা কিংবা বাজারসুবিধার সঙ্গে না মিলিয়ে দুটো বিষয়কে আলাদা করে দেখতে হবে।’