বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে চায় জাপান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে জাপানের রাষ্ট্রদূত শিরো সাদোসিমা দ্বিপক্ষীয় বাণিজ্য সম্পর্ক উন্নয়ন এবং বাংলাদেশে জাপানি বিনিয়োগ বাড়ানোর আগ্রহ প্রকাশ করেছেন। এ ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়নে সহায়তা করতে জাপান আগ্রহী বলে তিনি জানান। গতকাল বৃহস্পতিবার ঢাকা চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির (ডিসিসিআই) সভাপতি আসিফ ইব্রাহীমের সঙ্গে সাক্ষাৎ করে জাপানের রাষ্ট্রদূত এসব কথা বলেন। ডিসিসিআইতে আয়োজিত এ অনুষ্ঠানে ঢাকায় জাপান দূতাবাসের কাউন্সিলর মাসাউকি টাগা এবং ফার্স্ট সেক্রেটারি ইয়াসোহার সিন্টো উপস্থিত ছিলেন বলে ডিসিসিআইর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।ডিসিসিআই সভাপতি আসিফ ইব্রাহীম বলেন, বাংলাদেশি পণ্য বহুমুখীকরণে জাপানের প্রযুক্তিসহায়তা অত্যন্ত প্রয়োজন। তিনি জাপানে আরও বেশিসংখ্যক বাংলাদেশি ছাত্র-ছাত্রীকে বৃত্তি প্রদান এবং দক্ষ বাংলাদেশি শ্রমিক নিয়োগের আহ্বান জানান।বৈঠকে ডিসিসিআই পরিচালক এম বশির উল্লাহ ভূঁইয়া, ওয়াকার আহমেদ চৌধুরী, খায়রুল মজিদ মাহমুদ, এম আবু হোরায়রা, সাবেক পরিচালক হায়দার আহমেদ খান প্রমুখ মুক্ত আলোচনায় অংশগ্রহণ করেন। এ সময় ডিসিসিআই সহসভাপতি নাসির হোসেন, পরিচালক হোসেন এ শিকদার, মো. নাসিরউদ্দিন খান, এম আনওয়ারুল হক, কে জি করিম ও আবসার করিম চৌধুরী উপস্থিত ছিলেন।