বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী চেক প্রজাতন্ত্র
বাংলাদেশের বিদ্যুৎ, চামড়া ও সিরামিক খাতে চেক প্রজাতন্ত্রের কয়েকটি বিনিয়োগ প্রক্রিয়াধীন রয়েছে। নবায়নযোগ্য জ্বালানি, বস্ত্র, রেল, অবকাঠামো—এসব খাতেও বিনিয়োগে আগ্রহী চেক। সচিবালয়ে গতকাল সোমবার অনুষ্ঠিত বাংলাদেশ-চেক প্রজাতন্ত্রের দ্বিপক্ষীয় বাণিজ্যবিষয়ক সংবাদ সম্মেলনে সফররত চেক প্রজাতন্ত্রের শিল্প ও বাণিজ্যমন্ত্রী মার্টিন কুবা এসব কথা জানান।বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের, বাণিজ্যসচিব মাহবুব আহমেদসহ চেক শিল্প ও বাণিজ্যমন্ত্রীর নেতৃত্বাধীন প্রতিনিধিদলের ৫১ জন সদস্য এ সময় উপস্থিত ছিলেন। সংবাদ সম্মেলনের আগে বাণিজ্য মন্ত্রণালয়ের কর্মকর্তা ও বাংলাদেশের শীর্ষ ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে সচিবালয়েই চেক প্রতিনিধিদলের এক বৈঠক অনুষ্ঠিত হয়।মার্টিন কুবা বলেন, বাংলাদেশের ধারাবাহিক অর্থনৈতিক প্রবৃদ্ধিতে তাঁরা মুগ্ধ। আগামী ডিসেম্বরের মধ্যে বাংলাদেশ-চেক প্রথম যৌথ বাণিজ্য কমিশন গঠনের ব্যাপারে উভয় দেশের মধ্যে গতকাল সমঝোতা স্মারক চুক্তি (এমওইউ) স্বাক্ষরিত হয়েছে বলে উল্লেখ করেন বাণিজ্যমন্ত্রী গোলাম মোহাম্মদ কাদের।রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) তথ্যানুসারে, ২০১১-১২ অর্থবছরে বাংলাদেশ ছয় কোটি ৬৬ লাখ ৩০ হাজার মার্কিন ডলারের পণ্য চেক প্রজাতন্ত্রে রপ্তানি করে। একই বছরে দেশটি থেকে আমদানি করে এক কোটি ৫৬ লাখ ৬০ হাজার ডলারের পণ্য। পণ্যের মান নিয়ন্ত্রণে বাংলাদেশের বিএসটিআই ও বিসিএসআইআরের সনদ চেক প্রজাতন্ত্র গ্রহণ করে না কেন—জানতে চাইলে সে দেশের ডেপুটি শিল্প ও বাণিজ্যমন্ত্রী মিলান হভরকা বলেন, ‘চেক প্রজাতন্ত্র ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) সদস্য। যেকোনো দেশ থেকেই পণ্য আমদানির ক্ষেত্রে ইইউর অশুল্ক পদক্ষেপ (এনটিএম) অনুসরণ করতে হয়।’ মেট্রো চেম্বারে সেমিনার: এদিকে মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ আয়োজিত এক সেমিনারে গতকাল চেক শিল্প ও বাণিজ্যমন্ত্রী জানান, খুলনা, চট্টগ্রামে ও ঢাকায় বিভিন্ন শিল্প খাতে বিনিয়োগ করা হবে। রাজধানীর মতিঝিলে মেট্রো চেম্বারের নিজস্ব সম্মেলনকক্ষে এই সেমিনার পরিচালনা করেন সংগঠনের সভাপতি রোকেয়া আফজাল রহমান। মেট্রো চেম্বারের নির্বাহী কমিটির সদস্য নিহাদ কবীর ও মহাসচিব ফারুক আহমেদ এতে বক্তব্য দেন। উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল চেম্বার অব কর্মাস, বাংলাদেশের সভাপতি মাহবুবুর রহমান ও ঢাকা চেম্বারের সভাপতি সবুর খান। সেমিনার শেষে উভয় দেশের ব্যবসায়ীদের মধ্যে বাণিজ্য সম্ভাবনা নিয়ে আলাদা কয়েকটি দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়।