বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী মালয়েশিয়ার উদ্যোক্তারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সস্তা শ্রম ও অভ্যন্তরীণ বিশাল বাজারের সুবিধা নিতে মালয়েশিয়ার উদ্যোক্তারা বাংলাদেশে বিনিয়োগে আগ্রহী। বিশেষ করে বাংলাদেশের সড়ক ও জনপদ অবকাঠামো নির্মাণ, আসবাব, হালকা প্রকৌশল, অটোমোবাইল, স্বাস্থ্যসেবা, পর্যটন, তথ্যপ্রযুক্তি, শিক্ষা ও স্বল্প ব্যয়ে আবাসনশিল্পে যৌথ বিনিয়োগ করতে চান সে দেশের উদ্যোক্তারা।

বাংলাদেশ-মালয়েশিয়া চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (বিএমসিসিআই) বিনিয়োগে এ আগ্রহের কথা শিল্পমন্ত্রী আমির হোসেন আমুকে অবহিত করে। আজ রোববার শিল্প মন্ত্রণালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়।

বৈঠকে শিল্পমন্ত্রী আমির হোসেন বাংলাদেশে মালয়েশিয়াকে বিনিয়োগ বাড়ানোর পাশাপাশি বাণিজ্য ঘাটতি কমাতে এ দেশ থেকে নতুন নতুন পণ্য রপ্তানির তাগিদ দেন। তিনি বাংলাদেশ থেকে হালাল খাদ্য রপ্তানি বাড়াতে কার্যকর উদ্যোগ গ্রহণেরও পরামর্শ দেন।

বৈঠকে শিল্পসচিব মোহাম্মদ মঈনউদ্দীন আবদুল্লাহ, বিএমসিসিআিইয়ের সভাপতি নাসির এ চৌধুরী, সহসভাপতি এ এস এম মাঈনুদ্দিন মোনেম, পরিচালক হেলাল আহমদ চৌধুরী, লিয়াকত উল্লাহ, আশরাফুল এইচ চৌধুরী, কামাল মোস্তফা চৌধুরী, মোহাম্মদ বদরুল হাসানসহ অন্য নেতারা উপস্থিত ছিলেন।