কলকাতায় অনুষ্ঠিত ‘লুক ইস্ট সামিট-২০১০’ শীর্ষক সম্মেলনে ভারতসহ পূর্ব এশিয়ার দেশগুলোর শিল্পপতিদের বাংলাদেশে বিনিয়োগ করার আহ্বান জানানো হয়েছে।পশ্চিমবঙ্গ রাজ্যের রাজধানী কলকাতায় প্রথমবারের মতো গতকাল শনিবার অনুষ্ঠিত এই সম্মেলনের উদ্বোধনী অনুষ্ঠানে সম্মানিত অতিথির বক্তব্যে বাংলাদেশের শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া এ আহ্বান জানান। একই সঙ্গে তিনি ‘লুক ইস্ট’ বা পূর্বমুখী অর্থনৈতিক নীতি কার্যকর করারও তাগিদ দেন।স্থানীয় একটি অভিজাত হোটেলে আয়োজিত এ সম্মেলনে স্বাগতিক ভারত ও নিকট প্রতিবেশী বাংলাদেশ ছাড়াও ভিয়েতনাম, লাওস, ভুটান, মিয়ানমার ও থাইল্যান্ড যোগ দেয়। ভারত সরকারের পররাষ্ট্র মন্ত্রণালয়ের সহযোগিতায় ইন্ডিয়ান চেম্বার অব কমার্স বা আইসিসি এ সম্মেলনের আয়োজন করে।সম্মেলনে প্রধান অতিথি ছিলেন ভারতের অরুণাচল প্রদেশের রাজ্যপাল জেনারেল (অব.) জে জে সিং। এতে সম্মানিত অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন থাইল্যান্ডের বাণিজ্য মন্ত্রণালয়ের উপদেষ্টা উইনচি চেমচিং। আইসিসির সভাপতি বিশ্বম্ভর শরণের সভাপতিত্বে সম্মেলনে ভারতের পররাষ্ট্রসচিব (পূর্বাঞ্চল) পার্বতী সেন ব্যাস এবং ফেডারেশন অব বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ও সার্ক চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি আনিসুল হকসহ অংশ নেওয়া দেশগুলোর শিল্পপতিরা বক্তব্য দেন।সম্মেলন উপলক্ষে এদিন কয়েকটি সেমিনারেরও আয়োজন করা হয়। এতে বিভিন্ন দেশের প্রতিনিধিরা নিজেদের অর্থনৈতিক বুনিয়াদ জোরদার করতে পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে অর্থনৈতিক সম্পর্ক জোরদারকরণ ও যোগাযোগব্যবস্থার উন্নয়নের আহ্বান জানান। তাঁরা শিল্প-বাণিজ্যের পাশাপাশি পর্যটন ও সংস্কৃতির ক্ষেত্রেও ব্যাপক আদান-প্রদানের তাগিদ দেন।দিলীপ বড়ুয়া বলেন, বাংলাদেশ এখন শিল্পে এগোচ্ছে। তৈরি হচ্ছে নিত্যনতুন শিল্প। সে জন্য তিনি ভারতসহ বিভিন্ন দেশের শিল্পপতিদের কাছে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান জানান। তিনি বলেন, শিল্পে বিনিয়োগের জন্য এখন বাংলাদেশ সুন্দর একটি জায়গা। এখানে রয়েছে বিনিয়োগের অনুকূল পরিবেশ, রয়েছে বিদেশি বিনিয়োগকারীদের জন্য নানা সুযোগ-সুবিধাও।বাংলাদেশের শিল্পমন্ত্রী সম্মেলনে যোগ দেওয়া দেশগুলোকে আহ্বান জানিয়ে বলেন, ‘আপনারা বাংলাদেশে আসুন। বিনিয়োগ করুন স্থিতিশীল বাংলাদেশে। আপনারা আমাদের আতিথ্য গ্রহণ করুন।’ একই সঙ্গে তিনি এ কথাও বলেন যে ভারতের পূর্বাঞ্চলীয় রাজ্যগুলোতে বাংলাদেশের শিল্পতিদের জন্যও বিনিয়োগের সুযোগ রয়েছে। তিনি আরও বলেন, ‘২০২১ সালের মধ্যে আমরা বাংলাদেশের মানুষের কাছে একটি শিল্পসমৃদ্ধ বাংলাদেশ উপহার দেওয়ার জন্য জাতির কাছে অঙ্গীকারবদ্ধ।’দিলীপ বড়ুয়া বলেন, ‘আজ নতুন প্রযুক্তির সুবিধা গ্রহণের ক্ষেত্রে আঞ্চলিক সহযোগিতা আমাদের সামনে সুযোগ এনে দিয়েছে। সুসংহত আঞ্চলিক উন্নয়নের স্বার্থে আমাদের সবাইকে তথ্যের অবাধ আদান-প্রদান, গবেষণা ও উন্নয়নের সুযোগ গ্রহণ এবং প্রযুক্তি হস্তান্তরসহ জ্ঞানের লেনদেন নিশ্চিত করতে হবে। প্রাকৃতিক সম্পদের উপযুক্ত ব্যবহার, শক্তিশালী যোগাযোগব্যবস্থা এবং অভ্যন্তরীণ বাজার তৈরির মাধ্যমে আমরা পারস্পরিকভাবে একে অন্যকে সাহায্য করতে পারি।’আনিসুল হক ভারতের সঙ্গে বাংলাদেশের বাণিজ্য ঘাটতি কমানোর দাবি জানান। তিনি বলেন, ‘লুক ইস্ট বা পূর্বমুখী নীতি কার্যকর হোক, এটা আমরাও চাই। পাশাপাশি আমরা এটাও চাই, এই নীতি কার্যকর করতে গিয়ে যেন ভারতের সঙ্গে আমাদের বাণিজ্য ঘাটতিও কমে।’ এ লক্ষ্যে তিনি ভারতে আরও বেশি করে বাংলাদেশি পণ্য আমদানির বিষয়ে জোর দেন।