বাংলাদেশে বিমানে পণ্য বহনের বাজার বাড়ছে
বাংলাদেশে আকাশপথে পণ্যসামগ্রী বহনের (কারগো) বাজার ধীরে ধীরে প্রসারিত হচ্ছে বলে অভিমত প্রকাশ করেছে দুবাইভিত্তিক আন্তর্জাতিক বিমান সংস্থা এমিরেটস। আগামী কয়েক বছরের মধ্যে এই বাজার আরও সম্প্রসারিত ও লাভজনক হয়ে উঠবে বলেও মনে করে সংস্থাটি।বিমান সংস্থাটির পণ্য বহনকারী প্রতিষ্ঠান এমিরেটস স্কাইকারগোর এশিয়া ও অস্ট্রেলিয়ার আঞ্চলিক ব্যবস্থাপক রবিশঙ্কর মিরলে গতকাল ঢাকায় একটি হোটেলে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে এসব পর্যবেক্ষণ তুলে ধরেন। এ সময় এমিরেটস এয়ারলাইনের দুবাইয়ের গণযোগাযোগ ব্যবস্থাপক সিয়োভান বারডে, ঢাকায় কারগো নিয়ন্ত্রক কাজী জাভেদ করিম ও ঊর্ধ্বতন কারগো বিক্রয় নির্বাহী শেখ ইদ্রিস আলী উপস্থিত ছিলেন।রবিশঙ্কর বলেন, বাংলাদেশের রপ্তানি বাড়ার সঙ্গে সঙ্গে আকাশপথে পণ্য পরিবহনের ব্যবসাও বাড়ছে। যদিও দেশের সিংহভাগ রপ্তানি সমুদ্রপথে সম্পন্ন হয়, তার পরও আকাশপথের চাহিদা বাড়ছে।রবিশঙ্কর জানান, বর্তমানে এমিরেটস স্কাইকারগো বাংলাদেশে এই বাজারের গড়ে ১০ শতাংশ অংশীদার। প্রতি মাসে যেখানে গড়ে ১৬ হাজার টন কারগো আকাশপথে বহন করা হয়, সেখানে এমিরেটসের বিমান এক হাজার ৪০০ থেকে এক হাজার ৬০০ টন পর্যন্ত বহন করে থাকে।বাংলাদেশ থেকে বর্তমানে তৈরি পোশাকের পাশাপাশি হিমায়িত খাদ্য এবং টাটকা সবজি ও ফলমূল আকাশপথে ইউরোপ ও আমেরিকার বিভিন্ন গন্তব্যে যাচ্ছে। তবে ওষুধ, পাদুকাসহ চামড়াজাত পণ্য আগামী দিনে আকাশপথের গুরুত্বপূর্ণ পণ্য হয়ে উঠবে বলে রবিশঙ্কর মন্তব্য করেন।এক প্রশ্নের জবাবে রবিশঙ্কর জানান, শুধু ঢাকার হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর দিয়েই কারগোবাহী বিমান উড্ডয়ন ও অবতরণ করে থাকে। তবে বিমানবন্দরে এ-সংক্রান্ত অবকাঠামো সম্প্রসারণ ও আধুনিকায়ন করা জরুরি। বিশেষ করে উন্নতমানের গুদাম (ওয়্যারহাউস) নির্মাণ ও অত্যাধুনিক স্ক্যানার স্থাপন এবং নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ জরুরি।