বাংলাদেশে ব্যবসা করার পরিস্থিতির সামান্য উন্নতি

বাংলাদেশে ব্যবসা করার পরিবেশ আগের চেয়ে সামান্য ভালো হয়েছে। তবে এক বছরের ব্যবধানে বিশ্বের অন্যান্য দেশে যেভাবে ব্যবসার পরিবেশ সহজ করা হয়েছে, বাংলাদেশে তা হয়নি।
বিশ্বব্যাংক ও আন্তর্জাতিক আর্থিক সংস্থা (ইন্টারন্যাশনাল ফাইন্যান্স করপোরেশন-আইএফসি) গতকাল বুধবার ডুয়িং বিজনেস ২০১৫ বা সহজে ব্যবসা করার যে বৈশ্বিক সূচক প্রকাশ করেছে, তাতে ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৭৩তম। আর এবারের সূচকগুলো ব্যবহার করে বাংলাদেশের গতবারের অবস্থান হয়েছে ১৭০তম। সেই হিসাবে বৈশ্বিক বিবেচনায় বাংলাদেশের অবস্থান তিন ধাপ পিছিয়েছে।
উল্লেখ্য, গতবারের তুলনায় এবারের সূচক নির্ণয়ে কিছু পদ্ধতিগত পরিবর্তন এসেছে। যেমন, গত বছর প্রকাশিত সূচকে বাংলাদেশের অবস্থান ছিল ১৩২তম। এবারের পরিবর্তিত পদ্ধতিতে যা দাঁড়ায় ১৭৩তম। প্রতিটি দেশের ক্ষেত্রেই একধরনের পরিবর্তন হয়েছে। যেমন, ভারতের অবস্থান গতবারের প্রকাশিত প্রতিবেদন অনুসারে ছিল ১৩৪তম। এবারের প্রতিবেদন অনুসারে ২০১৩ সালের অবস্থান হয়েছে ১৪২তম।
২০১৪ সালের ১ জুন পর্যন্ত হালনাগাদ তথ্য নিয়ে এ প্রতিবেদনটি তৈরি করেছে বিশ্বব্যাংক। সারা বিশ্বে একযোগে গতকাল প্রকাশিত এই প্রতিবেদনে এসব বিষয় উঠে এসেছে।
প্রতিবেদনে বিশ্বের বিভিন্ন দেশে ব্যবসা-বাণিজ্য করার আনুষঙ্গিক পরিবেশের বিভিন্ন দিক তুলে ধরা হয়েছে। ব্যবসার পরিবেশকে ১০টি বৃহত্তর নির্দেশিকা বা বিষয়ে বিন্যস্ত করে সেগুলোর অবস্থা বিশ্লেষণ করা হয়েছে। তারপর তা সূচকে রূপান্তর করা হয়েছে। এসব উপসূচককে সমন্বিত করে মূল সূচক নির্ণীত হয়েছে। তারপর বিভিন্ন দেশের অবস্থানক্রম নির্ধারণ করা হয়েছে।
১০টি মূল সূচক হলো: ব্যবসায় শুরু, অবকাঠামো নির্মাণের অনুমতি, বিদ্যুতের প্রাপ্যতা, সম্পত্তি নিবন্ধন, ঋণের প্রাপ্যতা, সংখ্যালঘুর বিনিয়োগ সুরক্ষা, কর পরিশোধ, বৈদেশিক বাণিজ্য, চুক্তির বাস্তবায়ন ও অসচ্ছলতা দূরীকরণ।
বিশ্বব্যাংকের প্রতিবেদন অনুযায়ী, অবস্থানে পেছালেও আগের তুলনায় বাংলাদেশে ব্যবসার পরিবেশ কিছুটা অগ্রগতি হয়েছে। ১০টি সূচকে বাংলাদেশের অর্জন ৪৬ দশমিক ৮৪ শতাংশীয় পয়েন্ট। আর গতবার পেয়েছিল ৪৬ দশমিক ৩৮ পয়েন্ট।
তবে অন্য দেশের তুলনায় বাংলাদেশ পিছিয়েছে। ১০টি বৃহত্তর নির্দেশিকা বিবেচনায় বিদ্যুতের প্রাপ্যতা সূচক ছাড়া কোনো সূচকেই গতবারের চেয়ে বাংলাদেশের অগ্রগতি হয়নি। ঋণ পাওয়ার সূচকে সবচেয়ে বেশি অবনিত হয়েছে। এই সূচকে গতবার অবস্থান ছিল ১২৫তম। এবার তা নেমে ১৩১তম হয়েছে। এ ছাড়া কর পরিশোধে পাঁচ, ব্যবসায় শুরুর সূচকে চার, অবকাঠামো নির্মাণের অনুমতিতে দুই, সম্পত্তি নিবন্ধন ও অসচ্ছলতা দূর করার সূচকে এক ধাপ করে পিছিয়েছে বাংলাদেশ। আর চুক্তি বাস্তবায়ন, সংখ্যালঘুদের বিনিয়োগ সুরক্ষা ও বৈদেশিক বাণিজ্য সূচকে পরিস্থিতির পরিবর্তন হয়নি।
বিশ্লেষণ: দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে বাংলাদেশের অবস্থান সপ্তম। অষ্টম স্থানে রয়েছে আফগানিস্তান, দেশটির বিশ্ব র্যাংকিং ১৮৩তম। দক্ষিণ এশিয়ায় শীর্ষস্থান শ্রীলঙ্কার, অবস্থান ৯৯তম। এ ছাড়া নেপাল ১০৮তম, মালদ্বীপ ১১৬তম, ভুটান ১২৫তম, পাকিস্তান ১২৮তম ও ভারত ১৪২তম।
এ বছরের প্রতিবেদন অনুযায়ী, ১০টির মধ্যে বিদ্যুতের প্রাপ্যতা সূচক বা নতুন বিদ্যুৎ-সংযোগ পাওয়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা সবচেয়ে খারাপ। ১৮৯টি দেশের মধ্যে বাংলাদেশের অবস্থান ১৮৮তম। যদিও গতবার এই সূচকে অবস্থান ছিল ১৮৯তম।
বাংলাদেশে একজন উদ্যোক্তাকে বিদ্যুৎ-সংযোগ পেতে অন্তত নয়টি ধাপে কাজ সম্পন্ন করতে হয়। আর গড়ে সময় লাগে ৪০৪ দিন। গতবারও একই অবস্থা ছিল। বাণিজ্যিক বিদ্যুৎ-সংযোগ পেতে দক্ষিণ এশিয়ার মধ্যে সবচেয়ে বেশি সময় লাগে বাংলাদেশে। দক্ষিণ এশিয়ার দেশগুলোতে গড়ে ১৪৫ দশমিক ৭ দিন সময় লাগে।
প্রতিবেদন অনুসারে, ব্যবসা-সংক্রান্ত যেকোনো চুক্তি বাস্তবায়ন করতে বাংলাদেশে গড়ে ৪১টি প্রক্রিয়া সম্পন্ন করতে হয় এবং এক হাজার ৪৪২ দিন পর্যন্ত লেগে যায়। এই সূচকেও দক্ষিণ এশিয়ার মধ্যে বাংলাদেশের অবস্থান তলানিতে।
বাংলাদেশে কোনো উদ্যোক্তা যদি সম্পতি নিবন্ধন করতে চান, সেখানে নানা ভোগান্তি পোহাতে হয়। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১৮৪তম, যা দক্ষিণ এশিয়ায় সর্বশেষ। বাংলাদেশে একজন উদ্যোক্তার সম্পত্তি নিবন্ধন করতে আটটি ধাপ সম্পন্ন করতে হয়। এতে সময় লাগে ১৪৪ দিন।
নতুন ব্যবসা শুরু করার মতো গুরুত্বপূর্ণ সূচকে বাংলাদেশের অবস্থান বেশ খারাপ। গতবারের চেয়ে চার ধাপ নেমে গেছে বাংলাদেশ। এই সূচকে বাংলাদেশের অবস্থান ১১৫তম।
প্রতিষ্ঠানের নাম যাচাই-বাছাই করা, রেজিস্টার অব জয়েন্ট স্টক কোম্পানিজ অ্যান্ড ফার্মসে নিবন্ধন, মূল্য সংযোজন কর (মূসক) নিবন্ধন, ব্যাংক হিসাব খোলা, কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) নেওয়া, লাইসেন্স নেওয়াসহ মোট নয়টি কাজ সম্পন্ন করতে হয়। এতে সময় লাগে গড়ে সাড়ে ১৯ দিন। তবে ভারতে নতুন ব্যবসা শুরু করতে ৩০ দিন সময় লাগে।
সুখবর হলো, গতবারের মতো এবারও সংখ্যালঘুদের বিনিয়োগ সুরক্ষা সূচকে বিশ্বের শীর্ষ ৫০টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ।
জানতে চাইলে ঢাকা চেম্বারের সাবেক সভাপতি আসিফ ইব্রাহিম প্রথম আলোকে বলেন, ‘যতটা দ্রুততার অবকাঠামো উন্নয়ন করার দরকার ছিল, ততটা দ্রুততার সঙ্গে করতে পারিনি। বিদেশি বিনিয়োগ আকৃষ্ট করার জন্য ঢাকা-চট্টগ্রাম অর্থনৈতিক করিডর, বিশেষ অর্থনৈতিক অঞ্চল তৈরি এবং মংলা বন্দরকে কার্যকর করা দরকার।’ তাঁর মতে, এ দেশে জমির দাম অনেক বেশি। এ ছাড়া জমির কাগজপত্রও ঠিক থাকে না। এসব কারণে বিশেষ অর্থনৈতিক অঞ্চল গঠনের দরকার রয়েছে। এ ছাড়া ঋণের সুদের হারও তুলনামূলক বেশি বলে তিনি মনে করেন।
প্রতিবেদনে বলা হয়েছে, ২০১৩-১৪ অর্থবছরে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে চারটি দেশ ব্যবসা সহজ করার জন্য কমপক্ষে একটি সংস্কারকাজ করেছে। এর মধ্যে বাংলাদেশ, নেপাল ও পাকিস্তান ব্যবসা সহজীকরণে আধুনিক স্বয়ংক্রিয় ব্যবস্থার ওপর গুরুত্বারোপ করেছে।
এবারই প্রথমবারের মতো প্রতিবেদনটি তৈরিতে ১০ কোটির বেশি জনসংখ্যা রয়েছে, এমন ১১টি দেশের দুটি শহর থেকে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ দেশের তালিকায় বাংলাদেশ রয়েছে। বাংলাদেশের ঢাকা ও চট্টগ্রাম থেকে তথ্য নেওয়া হয়েছে।
প্রতিবেদনের প্রধান লেখক রিটা আমাল হো বলেন, প্রশাসনিক দক্ষতা ও শক্তিশালী নিয়ন্ত্রণমূলক সুরক্ষা দিয়ে ব্যবসা সহজ করতে হয়। স্থানীয় উদ্যোক্তাদের সুবিধা দিতে দক্ষিণ এশিয়ার দেশগুলো নিয়ন্ত্রণমূলক কার্যক্রম আধুনিক করছে।
বৈশ্বিক চিত্র: সদ্য প্রকাশিত প্রতিবেদন অনুসারে, সহজে ব্যবসা করার ক্ষেত্রে এখনো বিশ্বে সবচেয়ে ভালো দেশ হলো সিঙ্গাপুর। এরপর যথাক্রমে নিউজিল্যান্ড ও হংকং। বৃহৎ অর্থনীতির দেশ যুক্তরাষ্ট্র তিন ধাপ নেমে সপ্তম স্থানে চলে গেছে। আর ব্যবসা করার জন্য সবচেয়ে খারাপ দেশ হলো ইরিত্রিয়া, দেশটির অবস্থান ১৮৯তম। এর পরের খারাপ দেশ হলো লিবিয়া।