বাংলাদেশে ব্যবসা পরিস্থিতির উন্নতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশে ব্যবসা-বাণিজ্য করার পরিবেশ-পরিস্থিতির উন্নতি হয়েছে। আন্তর্জাতিক বাণিজ্যে বাংলাদেশ আগামী দিনগুলোয় বেশ অগ্রগতি করবে। কেননা, পশ্চিমা দেশগুলোয় বাংলাদেশি পণ্যের বিশেষত তৈরি পোশাক ও বস্ত্রের জোরালো চাহিদা রয়েছে।

হংকং সাংহাই ব্যাংকিং করপোরেশনের (এইচএসবিসি) বাণিজ্য আস্থা সূচক বিশ্লেষণে এমনটিই প্রতীয়মান হয়েছে। ২০১৩ সালের শেষার্ধে যেখানে এ সূচক ছিল ১০৩, সেখানে ২০১৪ সালের প্রথমার্ধে তা বেড়ে হয়েছে ১৪১। এর মানে হলো, বাংলাদেশে
ব্যবসা করার জন্য ব্যবসায়ীরা আগের চেয়ে বেশি আস্থা পাচ্ছেন।

মূলত গত বছরের শেষার্ধে দেশে যে রাজনৈতিক অস্থিরতা ছিল, তা কেটে যাওয়ার ইতিবাচক প্রভাব পড়েছে এ বাণিজ্য আস্থা সূচকে। এইচএসবিসি বিশ্বের যে ২৩টি দেশের জন্য এ সূচক তৈরি করেছে, তার মধ্যে সূচক সবচেয়ে বেশি বৃদ্ধির দিক থেকে বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। প্রথম স্থানে রয়েছে মিসর।

এ বছর মে-জুলাই সময়কালে ব্যবসায়ীদের ওপর জরিপ পরিচালনার ভিত্তিতে এ সূচক প্রণীত হয়েছে।

এইচএসবিসি গতকাল যে ‘বৈশ্বিক বাণিজ্য পূর্বাভাস’ প্রকাশ করেছে, তাতে বাংলাদেশের বৈশ্বিক বাণিজ্য পরিস্থিতির সম্ভাব্য গতি-প্রকৃতি সম্পর্কেও আলোকপাত করা হয়েছে।

এতে বলা হয়েছে, ২০১২-১৩ সময়কালে দুই বছর ধরে বৈশ্বিক বাণিজ্যে মন্থরতা বিরাজ করার পর আগামী বছরগুলোয় তা অধিক গতিময় হবে বলে মনে করা হচ্ছে। এইচএসবিসি মনে করে, বিশ্ব বাণিজ্য (২৩ দেশের মধ্যে) ২০১৬ সালে ৮ শতাংশ বাড়বে, যা ২০১৩ সালে ২ দশমিক ৫ শতাংশ বেড়েছিল। যে ছয়টি দেশের বাণিজ্য সবচেয়ে বেশি বাড়বে বলে মনে করা হচ্ছে, তার পাঁচটিই এশিয়ার উদীয়মান দেশ। এদের বাণিজ্য ২০১৪ থেকে ২০৩০ সালের মধ্যে গড়ে ৮ থেকে ১১ শতাংশ হারে বাড়বে।

বাংলাদেশ সম্পর্কে প্রতিবেদনে বলা হয়েছে, দেশটি দীর্ঘমেয়াদি বাণিজ্য জোরালো করতে প্রতিবেশী অনেক দেশের সঙ্গেই বাণিজ্যকে আরও অবাধ করতে চাচ্ছে। তৈরি পোশাকের বিশ্ববাজারে সাম্প্রতিক কালে বাংলাদেশের অংশে যে বেড়েছে, তার নেপথ্যে রয়েছে কম খরচের বিরাট শ্রমশক্তি।