বাংলাদেশে ব্যাংক খাতে সুশাসনের অভাব

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

আন্তর্জাতিক মুদ্রা তহবিল (আইএমএফ) মনে করে, বাংলাদেশের অর্থনীতির দুর্বল জায়গা এখন কর আদায়ে পিছিয়ে থাকা এবং ব্যাংকিং খাতে সুশাসনের অভাব। আইএমএফ এ জন্য বাংলাদেশকে রাজস্ব সংগ্রহ বাড়িয়ে সরকারের আর্থিক সক্ষমতা বৃদ্ধির পরামর্শ দিয়েছে।
আন্তর্জাতিক এই ঋণদান সংস্থাটি মনে করে, বাংলাদেশে সরকারি ব্যয় এমনভাবে করতে হবে, যা জিডিপির প্রবৃদ্ধি বাড়াতে সহায়ক হয় এবং বেসরকারি বিনিয়োগকে বেগবান করে। এ জন্য করব্যবস্থায় ব্যাপক পরিবর্তন আনতে হবে।
আইএমএফের সফররত একটি প্রতিনিধিদল ঢাকায় সচিবালয়ে গতকাল মঙ্গলবার এক সংবাদ সম্মেলনে বাংলাদেশকে এসব পরামর্শ দিয়েছে। এ দল ‘২০১৫ আর্টিকেল ফোর মিশন’ নামে পরিচিত। পাঁচ সদস্যের দলটি ৪ নভেম্বর থেকে গতকাল পর্যন্ত দুই সপ্তাহের সফর শেষ করেছে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের সঙ্গে এক বৈঠকের মাধ্যমে। বৈঠক শেষে সংবাদ সম্মেলনে কথা বলেন আইএমএফ মিশন প্রধান রডরিগো কুবেরো।
আইএমএফ বলেছে, বাংলাদেশের ব্যাংক খাতে খেলাপি ঋণের হার খুব বেশি। এ ঋণের কারণে গোটা ব্যাংক খাতই চাপে রয়েছে। এ ছাড়া ব্যাংক খাত, বিশেষ করে রাষ্ট্রায়ত্ত ব্যাংকগুলোতে সুশাসনব্যবস্থাও দুর্বল।
সংস্থাটি মনে করে, চলতি ২০১৫-১৬ অর্থবছরে বাংলাদেশের মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার গত অর্থবছরের মতোই হবে। গত অর্থবছরে জিডিপিতে প্রবৃদ্ধি হয়েছিল ৬ দশমিক ৫১ শতাংশ।
আইএমএফ মিশন প্রতিবার সফর শেষে প্রাথমিক কিছু পর্যবেক্ষণ তুলে ধরে। এ পর্যবেক্ষণ আইএমএফের নির্বাহী পর্ষদে উপস্থাপন করা হয়।
সফররত আইএমএফ মিশন প্রধান বলেন, বর্তমানে বাংলাদেশের সামষ্টিক অর্থনীতির অবস্থা ভালো, জিডিপির তুলনায় সরকারি ঋণের পরিমাণও বেশি নয়। আর মূল্যস্ফীতিও রয়েছে সহনীয় অবস্থায়। আইএমএম আশা করে, আগামী দিনগুলোতেও মূল্যস্ফীতি সহনীয় মাত্রার মধ্যেই থাকবে। তারপরও এ দেশের সামনে কিছু চ্যালেঞ্জ রয়ে গেছে। বড় চ্যালেঞ্জ কর-জিডিপির নিম্নতম হার। বিশ্বে জিডিপির তুলনায় কর সংগ্রহে পিছিয়ে থাকা দেশগুলোর মধ্যে বাংলাদেশ অন্যতম।
অর্থ মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, বাংলাদেশের কর-জিডিপির হার বর্তমানে ১১ শতাংশের কাছাকাছি।
অবকাঠামো ও সামাজিক নিরাপত্তা খাতে অন্য যেকোনো দেশের তুলনায় বাংলাদেশে সরকারি ব্যয় অনেক কম—এমন পর্যবেক্ষণও তুলে ধরা হয় সংবাদ সম্মেলনে। এতে বলা হয়, জ্বালানি ও পরিবহন সমস্যার কারণে বেসরকারি বিনিয়োগ বাধাগ্রস্ত হচ্ছে।
বিভিন্ন চ্যালেঞ্জের কথা উল্লেখ করে রডরিগো কুবেরো বলেন, খেলাপি ঋণের কারণে এ দেশের ব্যাংক খাত চাপে রয়েছে। অর্থের ভালো প্রবাহ হচ্ছে না অর্থনীতিতে। ব্যাংক খাতে সুশাসনের অভাব তো আছেই। অন্যদিকে, প্রাকৃতিক দুর্যোগ ও জলবায়ু পরিবর্তনের প্রভাবে বাংলাদেশ এখনো বিশ্বে খুব নাজুক দেশ।
গত জুলাইয়ে প্রকাশিত বাংলাদেশ ব্যাংকের আর্থিক সক্ষমতা প্রতিবেদননে বলা হয়েছে, রাষ্ট্রায়ত্ত পাঁচ বাণিজ্যিক ব্যাংকের খেলাপি ঋণের হারই মোট দেওয়া ঋণের ২২ শতাংশ।
২০১৬ সালের জুলাই থেকে নতুন মূসক আইন বাস্তবায়নের কথাও বলেছে আইএমএফ মিশন। সরকারের অবশ্য এমন একটি সিদ্ধান্ত আছে।
এ প্রসঙ্গে রডরিগো বলেন, মূসক আইনের কাঠামোটি এমনভাবে করতে হবে, যাতে করপ্রশাসন অধিকতর স্বচ্ছ হয়, করদাতাদের কষ্ট লাঘব হয়। সেই সঙ্গে ছোট ব্যবসায়ীদের অধিকার সংরক্ষিত হয়।
আইএমএফ মনে করে, রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানগুলোতে স্বচ্ছতা আনতে আর্থিক প্রতিবেদন তৈরির পদ্ধতি পরিবর্তন করতে হবে। নিরীক্ষক নিয়োগ দিতে হবে প্রতিষ্ঠানগুলোর বাইরে থেকে।
গত জুলাইয়ে সঞ্চয়পত্রের মুনাফার হার কমিয়েছে সরকার। একে স্বাগত জানিয়ে আইএমএফ বলেছে, সঞ্চয়পত্রের মুনাফার হার বেশি থাকলে বেসরকারি বিনিয়োগ নিরুৎসাহিত হয়।
বেসিক ব্যাংক নিয়ে আইএমএফের পর্যবেক্ষণ কী—জানতে চাইলে কুবেরো বলেন, ‘আমরা বিশেষ কোনো ব্যাংক নিয়ে কিছু বলি না। বলি গোটা ব্যাংক খাত নিয়ে।’
কর-জিডিপির হার বৃদ্ধির বিষয়ে আইএমএফের পরামর্শ-সম্পর্কিত প্রশ্নের জবাবে কুবেরো বলেন, কর-ব্যবস্থা স্বয়ংক্রিয় পদ্ধতির আওতায় এলে তা সংগ্রহের হার বৃদ্ধিতে সহায়ক হবে।
দুই সপ্তাহে আইএমএফ মিশন অর্থমন্ত্রী ছাড়াও বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থসচিব, এনবিআর চেয়ারম্যান, ব্যবসায়ী-শিল্পপতি, শ্রমিক ইউনিয়ন, বেসরকারি সংস্থা (এনজিও) এবং উন্নয়ন সহযোগীদের সঙ্গে আলাদা বৈঠক করেছে।