বাংলাদেশে মিতসুবিশি সিডান গাড়ি সংযোজন করা হবে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী বছরের (২০১২) জুন মাসের মধ্যে বাংলাদেশে জাপানের বিখ্যাত মিতসুবিশি কোম্পানির সিডান মোটরগাড়ি সংযোজন শুরু হবে।এই লক্ষ্যে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেড এবং জাপানের মিতসুবিশি মোটরস করপোরেশনের মধ্যে গতকাল বুধবার আনুষ্ঠানিকভাবে একটি সমঝোতা স্মারক স্বাক্ষর হয়েছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার উপস্থিতিতে প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের পক্ষে সংস্থার ব্যবস্থাপনা পরিচালক মো. জহির উদ্দিন চৌধুরী এবং মিতসুবিশি মোটরস করপোরেশনের পক্ষে সংস্থার এশিয়া অঞ্চলের ভাইস করপোরেট জেনারেল ম্যানেজার রিওজুরি কোবাশি সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন।সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে শিল্পসচিব কে এইচ মাসুদ সিদ্দিকী, বিএসইসির চেয়ারম্যান মোহাম্মদ আবু হাফিজ, শিল্প মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব এ বি এম খোরশেদ আলম, বাংলাদেশ সফররত মিতসুবিশি করপোরেশনের গ্লোবাল প্রেসিডেন্ট ওসামু মাসুকো, প্রাতিষ্ঠানিক অডিটর ইউকো ওকামোতো, এশিয়া ও আশিয়ান অঞ্চলের ব্যবস্থাপক কাজুহিদি ওগাতা, কোকোসাই লিংকস কোম্পানি লিমিটেডের প্রেসিডেন্ট হিসাসি সিশিদা, র‌্যাংগস গ্রুপের চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ব্যবস্থাপনা পরিচালক রমো রউফ চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন।আর গতকাল সন্ধ্যায় রাজধানীর একটি হোটেলে এক সংবাদ সম্মেলনে মিতসুবিশির গ্লোবাল প্রেসিডেন্ট ওসামু মাসুকো বলেন, বাংলাদেশের জনসংখ্যার আকার অনুযায়ী গাড়ি ব্যবসায় বিপুল সম্ভাবনা রয়েছে। অতি অল্প সময়ে এই দেশে গাড়ি ব্যবহারের চাহিদা অনেক বেড়ে যাবে বলেও উল্লেখ করেন তিনি।ওসামু মাসুকো আরও বলেন, ‘আগামী কয়েক মাসের মধ্যে বাংলাদেশে মিতসুবিশির নতুন মডেলের কার বাজারে আসছে। আমরা বাংলাদেশে ব্যবসা সম্প্রসারণ করতে যাচ্ছি।’এই সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন মিতসুবিশির অডিটর ইউকো ওকামোতো, র‌্যাংগস বাংলাদেশের ব্যবস্থাপনা পরিচালক রমো রউফ চৌধুরী প্রমুখ।ওসামু মাসুকো জানান, বিশ্বের সম্ভাবনাময় বাজারগুলো সম্পর্কে মিতসুবিশি গবেষণা করছে। বাংলাদেশ এই বাজারগুলোর মধ্যে অন্যতম। মাসুকো বলেন, বাংলাদেশে গাড়িশিল্পের প্রযুক্তি হস্তান্তরের প্রক্রিয়া শুরু হয়েছে। জাপানি গাড়ি উৎপাদকেরা বাংলাদেশে আসতে পারেন। উদাহরণ দিয়ে তিনি জানান, একসময় জাপানি গাড়ি উৎপাদকেরা থাইল্যান্ডে বিনিয়োগ করেছিলেন। এখন থাইল্যান্ডের গাড়ি নিজের দেশের চাহিদা মিটিয়ে বিদেশেও রপ্তানি হচ্ছে। উল্লেখ্য, ১৯৭৬ সালে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান প্রগতি ইন্ডাস্ট্রিজ লিমিটেডের সঙ্গে মিতসুবিশি মোটরস করপোরেশনের ব্যবসায়িক সম্পর্কের সূত্রপাত হয়।