বাংলাদেশে মোটরগাড়ির কারখানা করতে চায় মিৎসুবিশি
বাংলাদেশের জাতীয় ব্র্যান্ড হিসেবে ‘মিরেজ সেডান কার’ উৎপাদনের আগ্রহ প্রকাশ করেছে বিশ্বখ্যাত জাপানি অটোমোবাইল প্রস্তুতকারী প্রতিষ্ঠান মিৎসুবিশি মোটরস করপোরেশন।প্রতিষ্ঠানটি সরকারি-বেসরকারি অংশীদারত্বে এ গাড়ি উৎপাদনের জন্য এ দেশে কারখানা স্থাপন করতে আগ্রহী। এ জন্য প্রাথমিকভাবে জাপানি কোম্পানিটি ৪০০ কোটি টাকা বিনিয়োগ করবে।মিৎসুবিশি মোটরস করপোরেশনের করপোরেট মহাব্যবস্থাপক ওয়েকি মাসাহিকো গতকাল বৃহস্পতিবার শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়ার সঙ্গে বৈঠককালে এসব তথ্য জানান। ঢাকায় মতিঝিলে শিল্পমন্ত্রীর দপ্তরে বৈঠকটি অনুষ্ঠিত হয়। শিল্প মন্ত্রণালয় গতকাল থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।বৈঠকে র্যাংগসের ব্যবস্থাপনা পরিচালক রোমো রউফ চৌধুরী, মিৎসুবিশি মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তা তাৎসুকাজু কিনোসিতা, এদেশীয় উদ্যোক্তা ফয়েজ আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।বৈঠকে ওয়েকি মাসাহিকো বলেন, বাংলাদেশে মিরেজ সেডান কার উৎপাদন করা হলে তা নতুন কর্মসংস্থান ও মূল্য সংযোজনে ভূমিকা রাখবে। এর মাধ্যমে শক্তিশালী ব্যাকওয়ার্ড লিংকেজ বা পশ্চাৎসংযোগ শিল্পও গড়ে উঠবে। এসব শিল্পের মাধ্যমে দুই হাজার লোকের কর্মসংস্থান হবে। তাঁর দাবি, এ দেশে তৈরি করা হলে প্রতিটি মিরেজ সেডান গাড়ির দাম ১৫ লাখ টাকার বেশি হবে না। প্রসঙ্গত, বর্তমানে এ দেশে সংযোজিত (সিকেডি) ও পূর্ণাঙ্গ গাড়ি (সিবিইউ) আমদানির শুল্কহার একই। এই অবস্থায় মিৎসুবিশির কর্মকর্তারা সিকেডির জন্য কর কমানোর পরামর্শ দিয়েছেন। এতে স্থানীয় পর্যায়ে গাড়ি প্রস্তুতকারক শিল্প গড়ে উঠবে বলে তাঁরা উল্লেখ করেন।জবাবে শিল্পমন্ত্রী বলেন, দেশে শিল্পায়নের স্বার্থে উৎপাদনবান্ধব করকাঠামো নির্ধারণে জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) কাছে সুপারিশ করা হবে।