বাংলাদেশে মোটরসাইকেল প্রস্তুত করতে চায় হোন্ডা
মোটরসাইকেল প্রস্তুতকারী বিশ্বখ্যাত জাপানি প্রতিষ্ঠান হোন্ডা মোটর কোম্পানি লিমিটেড বাংলাদেশে মোটরসাইকেল প্রস্তুত করতে চায়। স্থানীয় কোনো প্রতিষ্ঠানের সঙ্গে যৌথ অংশীদারের ভিত্তিতে এ বছরের মধ্যেই প্রতিষ্ঠানটি কারখানা স্থাপনে আগ্রহী।জাপানের শীর্ষস্থানীয় সংবাদপত্র নিক্কির একটি প্রতিবেদনের বরাত দিয়ে শুক্রবার এ বিষয়ে একটি সংবাদ প্রকাশ করেছে বার্তা সংস্থা রয়টার্স।এ প্রসঙ্গে বাংলাদেশের ব্যবসায়ীরা বলছেন, বাংলাদেশে মোটরসাইকেল প্রস্তুত করতে হোন্ডা যে আগ্রহী, তা একটি বড় সুযোগ হিসেবে এসেছে। সরকার যদি যথাযথ সহায়তা দিতে পারে তবে এ থেকে দেশীয় চাহিদা মিটিয়ে বিদেশেও মোটরসাইকেল রপ্তানির সুযোগ তৈরি হবে।রয়টার্সের খবরে বলা হয়, আগে হোন্ডা ব্র্যান্ডের মোটরসাইকেল ভারতের মোটরসাইকেল প্রস্তুতকারী প্রতিষ্ঠান হিরো মোটো করপোরেশন লিমিটেডের মাধ্যমে বাংলাদেশে বাজারজাত করত। ২০১১ সালে হিরোর সঙ্গে সম্পর্ক ছিন্ন করে প্রতিষ্ঠানটি।বাংলাদেশের স্থানীয় বাজার ধরতেই এই মোটরসাইকেল প্রস্তুত করবে হোন্ডা। এ জন্য দেশীয় একটি প্রতিষ্ঠানকে সঙ্গে নিয়ে মোটরসাইকেল সংযোজন করার কাজটি শুরু করতে চায় হোন্ডা। প্রাথমিকভাবে বছরে ১০ থেকে ২০ হাজার মোটরসাইকেল বিক্রির লক্ষ্যমাত্রা নির্ধারণ করেই প্রতিষ্ঠানটি কারখানা স্থাপন করবে। এ ক্ষেত্রে সাশ্রয়ী সংযোজন সুবিধার বিষয়টি বিবেচনায় নিচ্ছে হোন্ডা। কারখানায় যেসব মোটরসাইকেল সংযোজন করা হবে, তার যন্ত্রাংশ আসবে ভারত ও পাকিস্তান থেকে।বাংলাদেশে হোন্ডার কারখানা স্থাপনকে ইতিবাচকভাবে দেখছেন জাপান-বাংলাদেশ চেম্বার অব কমার্সের সাবেক সভাপতি আবদুল হক। তিনি প্রথম আলোকে বলেন, ‘হোন্ডা অনেক দিন ধরেই এ দেশে কারখানা স্থাপনের জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে। আগেও এ ধরনের অনেক সুযোগ এসেছিল, কিন্তু আমরা তা কাজে লাগাতে পারিনি। এটাকে বিশাল সুযোগ হিসেবে দেখা উচিত।’চেম্বারের বর্তমান সভাপতি রাশেদ আহমদ আলী প্রথম আলোকে বলেন, ‘হোন্ডা এ দেশে আসতে চায়, এটি ইতিবাচক। কিন্তু কারখানা স্থাপনের এ বিষয়টি সম্পর্কে সুনির্দিষ্ট কিছু আমাদের জানা নেই।’রয়টার্স বলছে, বর্তমানে বাংলাদেশে প্রতিবছর এক লাখ মোটরসাইকেল বিক্রি হয়।তবে মোটরসাইকেল ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড অ্যাসেম্বলারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (এমএমএএবি) তথ্যানুসারে, বর্তমানে দেশে মোটরসাইকেলের বাজার বছরে সাড়ে তিন লাখ। এর ৮৫ শতাংশই আসে বিদেশ থেকে আমদানির মাধ্যমে। দেশে মোটরসাইকেল প্রস্তুত ও সংযোজনের মাধ্যমে কয়েকটি প্রতিষ্ঠান বাকি চাহিদা মিটিয়ে থাকে।এমএমএএবির তথ্য অনুযায়ী, দেশের মোটরসাইকেল উৎপাদন ও সংযোজন শিল্পে বিনিয়োগের পরিমাণ প্রায় দুই হাজার কোটি টাকা। এ খাতে প্রায় পাঁচ লাখ লোকের কর্মসংস্থান সৃষ্টি হয়েছে।কারখানা স্থাপন করে দেশীয় প্রতিষ্ঠান হিসেবে ইতিমধ্যে মোটরসাইকেল প্রস্তুত করছে ওয়ালটন। পার্শ্ববর্তী দেশগুলোতে সীমিত পরিসরে মোটরসাইকেল রপ্তানিও শুরু করেছে প্রতিষ্ঠানটি। ওয়ালটন ছাড়াও এটলাস বাংলাদেশ, রানার, টিভিএস, সিঙ্গার বাংলাদেশ দেশে সীমিত পরিসরে মোটরসাইকেল সংযোজন করছে।