ভারত এখন বছরে ৩০ হাজার কোটি ডলারের পণ্য আমদানি করে। চীনসহ বিভিন্ন দেশ থেকে এগুলো আমদানি করা হয়। আবার বাংলাদেশের জন্যও বাজার উন্মুক্ত করে দিয়েছে ভারত। তা হলে বাংলাদেশ থেকে পণ্য আমদানি করতে সমস্যা কোথায়? এ রকম প্রশ্ন উত্থাপন করে তার জবাবটিও নিজেই দিয়ে দিলেন বাংলাদেশে নিযুক্ত ভারপ্রাপ্ত ভারতীয় হাইকমিশনার সঞ্জয় ভট্টাচার্য। তিনি বলেন, ‘আপনাদের দেশে যথেষ্ট পরিমাণে রপ্তানিকারক নেই। এটা দুই দেশের মধ্যকার বাণিজ্যঘাটতির একটি বড় কারণ (প্রাইমারি ইস্যু)।’ভারতীয় হাইকমিশনার আরও বলেন, ‘ভারতে বাংলাদেশের রপ্তানি শুধু কমই না, রপ্তানির প্রবৃদ্ধিও কম। সে কারণেই বাণিজ্যে ঘাটতি রয়েছে। তবে বাংলাদেশের জন্য আমরা পুরো বাজার উন্মুক্ত করে দিয়েছি। এ সুযোগ নষ্ট করা ঠিক হবে না।’বাংলাদেশ শিল্প ও বণিক সমিতি ফেডারেশন (এফবিসিসিআই) আয়োজিত এক মতবিনিময় সভায় গতকাল বুধবার বাংলাদেশে ভারতের ভারপ্রাপ্ত হাইকমিশনার এসব মন্তব্য করেন। এফবিসিসিআই মিলনায়তনে অনুষ্ঠিত সভায় তিনি ‘সহযোগিতা ও সম্ভাবনার এক ঐতিহাসিক সুযোগ’ শীর্ষক আলোচনায় পাওয়ার পয়েন্ট উপস্থাপনা করেন।প্রসঙ্গত, ২০১০-১১ অর্থবছরে বাংলাদেশ ভারতে রপ্তানি করে ৫১ কোটি ২৫ লাখ ডলারের পণ্য। আর ভারত থেকে আমদানি হয় ৪৫৭ কোটি ৪৯ লাখ ডলারের পণ্য। ফলে বাণিজ্যঘাটতি দাঁড়ায় ৪০৬ কোটি ২৪ লাখ ডলার।সভায় সঞ্জয় ভট্টাচার্য বলেন, স্বল্পোন্নত দেশগুলোকে মাদক ও তামাকজাতীয় পণ্য ছাড়া সব পণ্যেই ভারত শুল্ক ও কোটামুক্ত প্রবেশাধিকার সুবিধা দিয়েছে। এটা মুক্তবাণিজ্য চুক্তির মতোই।সঞ্জয় বলেন, ‘বাংলাদেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশই আসে তৈরি পোশাক রপ্তানি থেকে। অথচ ভারতে রপ্তানিমুখী শীর্ষ ১৫টি বাংলাদেশি পণ্যের তালিকায় তৈরি পোশাক নেই।’ তিনি বলেন, বাংলাদেশের সবচেয়ে ভালো পণ্যটি কেন উদীয়মান একটি দেশের বাজারে যাচ্ছে না।দ্বিপক্ষীয় বাণিজ্যে অবকাঠামোকেও অন্যতম বড় সমস্যা হিসেবে চিহ্নিত করেন সঞ্জয়। তিনি বলেন, সাতটি স্থলবন্দরে সাতটি সমন্বিত চেকপোস্ট (আইসিপি) নির্মাণ করা হচ্ছে। এসব চেকপোস্টে পণ্য গুদামজাত করার সুযোগও থাকবে।হাইকমিশনার আরও বলেন, ‘বর্তমানে আন্তসার্ক বাণিজ্য খুবই কম। এটাকে বাড়াতে না পারলে প্রতিবেশী দেশগুলোর অর্থনৈতিক উন্নয়ন ও সম্পর্ক উন্নয়নে গতি পাবে না।’সভায় সভাপতিত্বকালে এফবিসিসিআইয়ের সভাপতি এ কে আজাদ বলেন, বাংলাদেশ ও ভারতের মধ্যে বাণিজ্যের যে সম্ভাবনা ছিল, সেটাকে কাজে লাগানো যাচ্ছে না বিভিন্ন ধরনের অশুল্ক ও আধাশুল্ক বাধার কারণে। আজাদ বলেন, বাংলাদেশের অনেক পণ্যের মান-সনদ ভারতে গ্রহণযোগ্য নয়। এ জন্য কলকাতা ও গুয়াহাটির পরীক্ষাগার থেকে সনদ নিতে হয়। এতে ২০ থেকে ২৫ দিন লেগে যায়। এ কে আজাদ আরও বলেন, ভারত ও বাংলাদেশের মধ্যকার বৈধ বাণিজ্যকে উৎসাহিত করতে দুই দেশকেই উদ্যোগ নিতে হবে, যেন অবৈধ বাণিজ্য নিরুৎসাহিত হয়। স্থলবন্দরের অবকাঠামো নির্মাণে দুই দেশকে যৌথ উদ্যোগ নেওয়ারও আহ্বান জানান তিনি।আলোচনায় এফবিসিসিআইয়ের পরিচালক আবদুল হক বলেন, ভারত থেকে কাঁচামাল এনে পণ্য উৎপাদন করে তা আবার ভারতে রপ্তানি করা যায়। সে ক্ষেত্রে পণ্যের গায়ে ‘মেড ইন বাংলাদেশ ও ভারত’ লেখা যেতে পারে। ডব্লিউটিওতে এমন বিধান আছে।