বাংলাদেশে শুল্কমুক্ত প্রবেশাধিকার পাচ্ছে নেপালের শতাধিক পণ্য
বাংলাদেশের বাজারে শতাধিক পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার-সুবিধা পেতে যাচ্ছে দক্ষিণ এশিয়ার দেশ নেপাল। বাংলাদেশে ব্যাপক চাহিদা রয়েছে নেপালের এমন কৃষিজাত পণ্যগুলোকে এ সুবিধা দেওয়া হতে পারে।তবে কোন কোন পণ্য এ সুবিধার আওতায় থাকছে এবং কী পদ্ধতিতে তা সম্পন্ন করা হবে, সেটা চূড়ান্ত করতে উভয় দেশের বাণিজ্য মন্ত্রণালয়ের যুগ্ম সচিবের নেতৃত্বে একটি টেকনিক্যাল কমিটি গঠন করা হয়েছে। কমিটিকে এসব কাজ আগামী ৩১ ডিসেম্বরের মধ্যে শেষ করতে বলা হয়েছে।নেপালের রাজধানী কাঠমান্ডুতে গত ২৯ ও ৩০ জুলাই অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের চতুর্থ সভায় এসব সিদ্ধান্ত হয়েছে। সভায় বাংলাদেশের বাণিজ্যসচিব মো. গোলাম হোসেন এবং নেপালের বাণিজ্যসচিব লাল মনি জোশি নিজ নিজ দেশের পক্ষে নেতৃত্ব দেন।জানা যায়, সভায় যুগ্ম সচিব পর্যায়ের টেকনিক্যাল কমিটিকে বাংলাদেশ ও নেপাল উভয় দেশের রপ্তানিযোগ্য প্রক্রিয়াজাত পণ্যের শুল্কহার কমানোর বিষয়ে চূড়ান্ত সুপারিশ প্রণয়নের দায়িত্ব দেওয়া হয়।সূত্র জানায়, সভায় নেপালের পক্ষ থেকে ১৪৬টি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার সুবিধা চাওয়া হয়। তবে বাংলাদেশ ১০০টির মতো পণ্যে শুল্কমুক্ত প্রবেশাধিকার দিতে আগ্রহী। তবে এ বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। অন্যদিকে ওষুধ, প্রক্রিয়াজাত কৃষি ও খাদ্যপণ্য, ফ্রিজ ও অন্যান্য ইলেকট্রনিক্স পণ্যের ক্ষেত্রে নেপালের বাজারে প্রবেশাধিকার সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে বাংলাদেশ।প্রসঙ্গত, দ্বিপক্ষীয় বাণিজ্য এখনো নেপালের অনুকূলে। গত ২০১১-১২ অর্থবছরের প্রথমার্ধে (জানুয়ারি-ডিসেম্বর) নেপাল থেকে এক কোটি ৪২ লাখ ডলারের পণ্য আমদানির বিপরীতে দেশটিতে রপ্তানি হয়েছে মাত্র ১৮ লাখ ২০ হাজারের পণ্য। এর আগের অর্থবছরে বাংলাদেশ থেকে এক কোটি আট লাখ ডলারের পণ্য রপ্তানির বিপরীতে দেশটি থেকে আমদানি হয়েছে চার কোটি ৮৮ ডলারের পণ্য।সভায় ২০১০ সালের ১৪-১৫ জুলাই ঢাকায় অনুষ্ঠিত বাংলাদেশ-নেপাল বাণিজ্যসচিব পর্যায়ের সভায় নেওয়া সিদ্ধান্তগুলো বাস্তবায়নের অগ্রগতি পর্যালোচনা, দ্বিপক্ষীয় বাণিজ্য, বিনিয়োগসহ বিভিন্ন বিষয়ে আলোচনা হয়। এ ছাড়া দুই দেশের বাণিজ্যসচিব পর্যায়ের পঞ্চম সভা আগামী বছরের ফেব্রুয়ারিতে ঢাকায় অনুষ্ঠানের বিষয়েও সিদ্ধান্ত হয়।পণ্য ও যাত্রী পরিবহন: বাণিজ্য মন্ত্রণালয় থেকে গতকাল বুধবার পাঠানো এক তথ্য বিবরণীতে বলা হয়, বাণিজ্যসচিব পর্যায়ের সভায় টেকনিক্যাল কমিটিকে বাংলাদেশ ও নেপালের মধ্যে কার্গো পরিবহন ট্রানজিট পরিচালনা পদ্ধতির খসড়া চূড়ান্ত করারও দায়িত্ব দেওয়া হয়েছে।সভায় বাংলাদেশের পক্ষ থেকে বলা হয়, বাংলাদেশ ও ভারতের মধ্যে স্বাক্ষরিত স্ট্যান্ডার্ড অপারেটিং প্রসিডিওর (সিওপি) চুক্তি অনুযায়ী নেপালের ট্রাক বর্তমানে বাংলাবান্ধা স্থলবন্দরে প্রবেশ করলেও বাংলাদেশি ট্রাক নেপালের কাঁকরভিটা পর্যন্ত যেতে পারছে না। এ জন্য বাংলাদেশ বিষয়টি নিয়ে ভারতের সঙ্গে আলোচনা করবে। সভায় ঢাকা-কাঠমান্ডু সরাসরি বাস সার্ভিসের বিষয়ে আলোচনা হয়। নেপালের পক্ষ থেকে জানানো হয়, বাস সার্ভিস চালুসংক্রান্ত বিষয়ে বাংলাদেশ থেকে পাঠানো চুক্তির খসড়া এখন নেপাল সরকারের বিবেচনাধীন রয়েছে। শিগগিরই এ বিষয়ে তাদের মতামত জানানো হবে।সভায় বাংলাদেশের পক্ষ থেকে জানানো হয়, রোহানপুর-সিংগবাদ রেলওয়ে সংযোগের সংস্কারকাজ শেষ করে ইতিমধ্যে রেলপথটিকে কার্যকর করা হয়েছে। তা ছাড়া বিরল-রাধিকাপুর স্থল শুল্ক স্টেশন কার্যকর করতে মিটারগেজ রেললাইনকে ব্রডগেজে রূপান্তর করার কাজও শুরু হয়েছে।সভায় জানানো হয়, বাংলাদেশ ও নেপাল বর্তমানে পারস্পারিকতার ভিত্তিতে উভয় দেশের নাগরিককে অন-অ্যারাভাইল ভিসা দিচ্ছে।পর্যটন ও অন্যান্য: পর্যটন শিল্পে বিশাল সম্ভাবনা রয়েছে বলে সভায় উল্লেখ করে বাংলাদেশ ও নেপাল উভয়েই এ জন্য প্রয়োজনীয় পদক্ষেপ ও প্রচারাভিযান চালানোর সিদ্ধান্ত হয়েছে। সচেতনতা সৃষ্টির জন্য বাংলাদেশের প্রস্তাবিত ‘সর্বোচ্চ চূড়া থেকে দীর্ঘতম সমুদ্রসৈকত’কে প্রচারাভিযানের স্লোগান হিসেবে ব্যবহারের সিদ্ধান্ত হয়।সভায় ঢাকায় অনুষ্ঠেয় ঢাকা আন্তর্জাতিক বাণিজ্য মেলা-২০১৩-এ অংশ নিতে নেপালকে আমন্ত্রণ জানানো হয়। একই সঙ্গে আগামী বছরের এপ্রিলে কাঠমান্ডুতে অনুষ্ঠেয় নেপাল আন্তর্জাতিক বাণিজ্য মেলায় বাংলাদেশের অংশ নেওয়ার আগ্রহের কথা জানানো হয়।