বাংলাদেশে সংস্কারে গতি এসেছে: মুডিস
বাংলাদেশের রাজস্ব ও আর্থিক খাতে সংস্কারে গতি এসেছে বলে মনে করছে আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান মুডিস।বিশেষত, গত মাসে মূল্য সংযোজন কর (মূসক) আইন জাতীয় সংসদে অনুমোদন করার মধ্য দিয়ে এটি প্রতিফলিত হয়েছে। এর সঙ্গে যুক্ত হয়েছে জ্বালানির দর নির্ধারণ ও আর্থিক খাতের আসন্ন সংস্কারের উদ্যোগ।মুডিস ইনভেস্টর সার্ভিসেস গত সপ্তাহে বাংলাদেশের বহিঃস্থ খাত নিয়ে যে পর্যালোচনা প্রস্তুত করেছে, তাতে এসব কথা বলা হয়েছে।মুডিস আরও মনে করে যে আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে বাংলাদেশ ৯৮ কোটি ৭০ লাখ ডলারের সম্প্রসারিত ঋণসুবিধা (ইসিএফ) পেতে যাচ্ছে। এর ফলে যে কাঠামোগত সংস্কারের পরিকল্পনা নেওয়া হয়েছে, বাংলাদেশ তা বাস্তবায়ন করবে বলেও আশাবাদী প্রতিষ্ঠানটি।মুডিস বলছে, ইসিএফের প্রথম কিস্তির অর্থ ছাড় করার পর গত সপ্তাহে আইএমএফ যে পর্যালোচনা সম্পন্ন করেছে, তাতে দ্বিতীয় কিস্তির ১৪ কোটি ১০ লাখ ডলার ছাড়ের পথ প্রশস্ত হয়েছে। এর ফলে বহিঃস্থ খাতের ওপর চাপ কমবে, বৈদেশিক মুদ্রার জোগান বাড়বে।প্রতিষ্ঠানটি অবশ্য এই বলে সতর্ক করে দিয়েছে যে সম্প্রতি সময়ের সাফল্যগুলো একাধিক কারণে দমে যেতে পারে। এগুলো হলো: নতুন গৃহীত পদক্ষেপগুলোর বাস্তবায়নের ঝুঁকি, রপ্তানিতে দুর্বল বিশ্ব প্রবৃদ্ধির প্রভাব, শ্রমিক অসন্তোষের হুমকি এবং ২০১৪ সালের জাতীয় সংসদ নির্বাচন ঘিরে বিশৃঙ্খলা। পদ্মা সেতু প্রকল্প নিয়ে সৃষ্ট জটিলতা ও হল-মার্ক কেলেঙ্কারির প্রতি ইঙ্গিত করে মুডিস আরও বলেছে, ২০১২ সালে বিশ্বব্যাংক প্রকল্প সাহায্য স্থগিত করেছে আর একটি রাষ্ট্রীয় মালিকানাধীন ব্যাংকে ঋণে বড় ধরনের তছরুপ হয়েছে। এই দুটি ঘটনা দুর্বল শাসন ও স্বচ্ছতার ঘাটতি নির্দেশ করে।