বাংলাদেশে সম্ভব নয় 'ওয়ান স্টপ সার্ভিস'

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান এস এ সামাদকে কাছে পেয়ে যৌথ চেম্বারের নেতারা বিদেশি বিনিয়োগ বাড়াতে ‘ওয়ান স্টপ সার্ভিস’ (সব সেবা এক জায়গা থেকে প্রদান) দেওয়ার কথা বললেন। কিন্তু চেয়ারম্যান তা নাকচ করে দিয়ে বললেন, বাংলাদেশে তা সম্ভব নয়।

রাজধানীর মতিঝিলে ঢাকা চেম্বার মিলনায়তনে গতকাল বৃহস্পতিবার যৌথ চেম্বারগুলোকে নিয়ে আয়োজিত এক সভায় এসব বিষয় উঠে আসে। যৌথভাবে এর আয়োজন করে বিনিয়োগ বোর্ড এবং কানাডা-বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (ক্যানচেম)।

সভায় ইন্দো-বাংলা চেম্বারের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর বিন আলম বলেন, ‘ভারতের পাঞ্জাবে “ইনভেস্ট পাঞ্জাব” নামে একটি সংস্থা খোলা হয়েছে আমাদের বিনিয়োগ বোর্ডের মতো। একজন সিইওর নেতৃত্বে সেখানে গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোনসহ বিনিয়োগে প্রয়োজনীয় সব খাতের সরকারি সংস্থার বড় কর্মকর্তারাও আছেন। তাঁরাই এসব সেবার অনুমোদন দিচ্ছেন। ফলে বিনিয়োগকারীরা এক জায়গা থেকেই সব সেবা পাচ্ছেন। এক মাসের মধ্যেই তাঁরা গ্যাস-বিদ্যুতের সংযোগ পাচ্ছেন। বাংলাদেশে বিনিয়োগ পেতে হলে এমনভাবেই সেবা দিতে হবে।

এর জবাবে বিনিয়োগ বোর্ডের নির্বাহী চেয়ারম্যান বলেন, ‘বাংলাদেশে ওয়ান স্টপ সার্ভিস সম্ভব নয়। কারণ, এখানে নানা ধরনের সংস্থা রয়েছে, সেগুলোর আলাদা কর্তৃপক্ষও আছে।...আমি নিজেও মনে করি বিনিয়োগের জন্য ওয়ান স্টপ সার্ভিসের প্রয়োজন নেই।’

বিনিয়োগকারীদের উদ্দেশে চেয়ারম্যান বলেন, ‘দয়া করে গ্যাসের কথা ভুলে যান। সরকার গ্যাসভিত্তিক শিল্প আর উৎসাহিত করছে না। বিকল্প জ্বালানি ব্যবহারকে উৎসাহিত করছে। আমাদের বিদ্যুতের উৎপাদন অনেক বেড়েছে। সেভাবে আপনারা উদ্যোগ নেন।’

দেশের অবকাঠামো দুর্বলতার কথা স্বীকার করে এস এ সামাদ বলেন, সরকার অবকাঠামো উন্নয়নে নজর দিয়েছে। দেশের প্রবৃদ্ধি ৮ শতাংশে উন্নীত করতে হলে বিভিন্ন সেবাসহ অবকাঠামো খাতে ৭০০-৮০০ কোটি ডলারের বিনিয়োগ প্রয়োজন।

সভায় ক্যানচেমের সভাপতি মাসুদুর রহমান বলেন, দেশে অবকাঠামো, জ্বালানি, বন্দরে নানা সীমাবদ্ধতা আছে। এসব দূর করতে যৌথ চেম্বারগুলো ভূমিকা রাখতে পারে।

ডাচ-বাংলা চেম্বারের সভাপতি হাসান খালেদ বলেন, ডাচ ও ডেনমার্কের ব্যবসায়ীরা এ দেশে বিনিয়োগ করতে চান। তাঁরা শুধু নিশ্চয়তা পেতে চান যে তাঁদের সহজেই গ্যাস-বিদ্যুতের সংযোগ দেওয়া হবে। তাঁরা চান এই ব্যবস্থা বিনিয়োগ বোর্ড করে দিক।

ফিলিপাইন-বাংলাদেশ চেম্বারের সভাপতি রাশেদ মাকসুদ খান বলেন, ‘আমাদের সামনে যেমন প্রচুর সম্ভাবনা আছে, তেমনি একই সঙ্গে বেশ কিছু চ্যালেঞ্জও আছে। সে জন্য আমাদের প্রস্তুত থাকতে হবে। আমরা বাণিজ্য বাড়ানোর দিকে যত বেশি মনোযোগ দেব, বিনিয়োগের সম্ভাবনাও তত বেশি বাড়বে।’

ফরেন ইনভেস্টরস চেম্বারের (এফআইসিসিআই) নির্বাহী কমিটির সদস্য ও লি অ্যান্ড ফাংয়ের এদেশীয় ব্যবস্থাপক ক্রিস্টোফার ইয়াং বিনিয়োগ পেতে হলে প্রক্রিয়াগত জটিলতাগুলো কাটিয়ে ওঠার পরামর্শ দেন। তিনি বলেন, ‘আমরা বাংলাদেশে ৩০ বছর ধরে কাজ করছি। এর মধ্য দিয়ে আমরা লাভবান হয়েছি, মুনাফা করেছি, বাংলাদেশও লাভবান হয়েছে।’

নরডিক চেম্বারের পরিচালক এবং পোশাকের খুচরা বিক্রেতা প্রতিষ্ঠান এইচএনএমের বাংলাদেশ কার্যালয়ের প্রধান রজার হুবার্ট জানান, নরডিক চেম্বার একটি ক্ষেত্র নিয়ে কয়েক বছর ধরে কাজ করে। এবারের বিষয় হলো সম্পদের দক্ষতা বাড়ানো। এ জন্য চারটি ক্ষেত্রে তারা কাজ করছে। এগুলো হলো শ্রম, পানি, জ্বালানি ও রাসায়নিক। এ চারটি বিষয়ে এ দেশের ব্যবসায়ীরা যেমন তাদের কাছে সহায়তা পাবেন, তেমনি পাবেন বিদেশি বিনিয়োগকারীরাও।