বাংলাদেশে সুধা ডেইরির দুধ রপ্তানি পিছিয়ে গেছে
ভারতের বিহার কো-অপারেটিভ মিল্ক ফেডারেশন (সুধা ডেইরি) বাংলাদেশে দুধ রপ্তানির যে সিদ্ধান্ত নিয়েছিল, তা থেকে পিছু হটেছে। গত বছরের শুরুর দিকে রপ্তানি শুরু করার কথা থাকলেও এখন পর্যন্ত এ কাজের অগ্রগতি নেই।প্রতিষ্ঠানটি এখন বলছে, বাংলাদেশে পণ্য রপ্তানির বিষয়টি এখনো তাদের বিবেচনায় আছে। তবে কয়েকটি কাজের জন্য এটি আপাতত বন্ধ আছে। খবর বিজনেস স্ট্যান্ডার্ডের।বিহার রাজ্যের ছয়টি দুগ্ধ ইউনিয়ন এক হয়ে বিহার কো-অপারেটিভ মিল্ক ফেডারেশন গড়ে তোলে। ‘সুধা ডেইরি’ ব্র্যান্ড নামের ফেডারেশনটির দুধ বাজারজাত হয়।প্রতিবেদনে বলা হয়েছে, দুই বছর আগে টেট্রা প্যাকে করে বাংলাদেশে দুধ সরবরাহ করার সিদ্ধান্ত নিয়েছিল বিহার কো-অপারেটিভ মিল্ক ফেডারেশন। এ লক্ষ্যে ভারতের নালন্দার বিহারশরিফে টেট্রা প্যাকিংয়ের একটি বড় কারখানা স্থাপন করারও সিদ্ধান্ত হয়েছিল। এ প্ল্যান্টের নির্মাণকাজ গত বছরের মার্চে শেষ হওয়ার কথা থাকলেও এখন পর্যন্ত তা শেষ হয়নি। সময়মতো প্ল্যান্টটির নির্মাণকাজ শেষ না হওয়ার কারণেই মূলত বাংলাদেশে দুধ রপ্তানির বিষয়টি পিছিয়ে গেছে।আরেকটি কারণও অবশ্য আছে। তা হলো, বিহার কো-অপারেটিভ মিল্ক ফেডারেশন এখন দিল্লির বাজার ধরার দিকে মনোযোগী হয়েছে। এটিও বাংলাদেশের দুধ রপ্তানি পিছিয়ে যাওয়ার একটি কারণ।বিহার কো-অপারেটিভ মিল্ক ফেডারেশনের ব্যবস্থাপনা পরিচালক হারজত কৌর বলেন, ‘আমরা বাংলাদেশের বাজারে যাওয়ার প্রকল্প বাদ দিয়েছি বিষয়টি তা নয়। আমরা সেখানে যাব। কিন্তু এ জন্য কোনো সুনির্দিষ্ট সময়সীমা বেঁধে দিতে পারব না। বিহারের পর আমাদের এখন প্রথম অগ্রাধিকার হচ্ছে রাজধানী দিল্লির বাজার। এটা খুবই লোভনীয় বাজার এবং আমরা সেখানে সফল হতে চাই।’