বাংলাদেশে ১০ বছর পার করল ইতিহাদ এয়ারওয়েজ
বাংলাদেশে পথচলার এক দশক পূর্ণ করল সংযুক্ত আরব আমিরাতের জাতীয় বিমান পরিবহন সংস্থা ইতিহাদ এয়ারওয়েজ। ২০০৬ সালের ৪ মে বহুজাতিক এ বিমান পরিবহন সংস্থা বাংলাদেশে যাত্রা শুরু করে। এ দেশে সেবা দেওয়ার এক দশক উদ্যাপন উপলক্ষে গতকাল বৃহস্পতিবার রাজধানীর গুলশানে একটি হোটেলে সংবাদ সম্মেলনের আয়োজন করে প্রতিষ্ঠানটি।
সংবাদ সম্মেলনে ইতিহাদ এয়ারওয়েজের ভারতীয় উপমহাদেশ অঞ্চলের ভাইস প্রেসিডেন্ট নিরজা ভাটিয়া, ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশের মহাব্যবস্থাপক হানিফ জাকারিয়া বক্তব্য দেন। বাংলাদেশের বাজারে গত ১০ বছরে বিমান সংস্থাটির অর্জন ও ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে তাঁরা কথা বলেন।
নিরজা ভাটিয়া বলেন, বাংলাদেশে খুব সফলভাবে ১০ বছর পার করল ইতিহাদ। ভারতীয় উপমহাদেশে ইতিহাদ এয়ারওয়েজের দ্বিতীয় বড় বাজার বাংলাদেশ। যাত্রীসহ কার্গো পরিবহনেও ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশে দক্ষতার পরিচয় দিচ্ছে।
সংবাদ সম্মেলনে জানানো হয়, ২০০৬ সাল থেকে এ পর্যন্ত বাংলাদেশ থেকে ১৫ লাখ যাত্রী পরিবহন করেছে ইতিহাদ। প্রতিদিন বাংলাদেশ থেকে বোয়িং ৭৭৭-৩০০ মডেলের একটি বিমান বাংলাদেশ থেকে আবুধাবি যায়। ৩৮০ আসনবিশিষ্ট এ বিমানে ৪০টি বিজনেস ক্লাস ও ৩৪০টি ইকোনমি ক্লাসের আসন রয়েছে। নিউইয়র্ক, টরন্টো, শিকাগো, লন্ডন, প্যারিস, ফ্রাঙ্কফুর্ট, মিউনিখ, জেনেভা, মিলান, জুরিখ, রোম, আমস্টারডাম, জেদ্দা, মদিনা, কায়রোর মতো বিশ্বের সব বড় শহরে ফ্লাইট রয়েছে ইতিহাদের।
নিরজা ভাটিয়া আরও বলেন, ভৌগোলিক দিক বিবেচনা করে আবুধাবি থেকে পৃথিবীর বিভিন্ন দেশে যাওয়ার সুবিধা অনেক। এ কারণে বাংলাদেশ থেকে ইতিহাদের যুক্তরাজ্য, যুক্তরাষ্ট্র ও অস্ট্রেলিয়াগামী ফ্লাইটে যাত্রীদের চাপ অনেক বেশি। আবাসনসহ বিশেষ কিছু সুবিধার কারণে বাংলাদেশের যাত্রীদের কাছে ইতিহাদ অল্প সময়ে জনপ্রিয়তা পেয়েছে।
বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের মধ্যে বাণিজ্য-সম্পর্ক ক্রমাগত বৃদ্ধির বিষয়টি উল্লেখ করে সংবাদ সম্মেলনে বলা হয়, ২০১৫ সালে দুই দেশের দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ১০০ কোটি ডলার ছাড়িয়ে গেছে। বাংলাদেশ থেকে কার্গো আরব আমিরাতে কার্গো পরিবহনের বাজার ধরতেও গুরুত্ব দিচ্ছে ইতিহাদ। বর্তমানে ঢাকা থেকে আবুধাবি সপ্তাহে তিন দিন কার্গো ফ্লাইট পরিচালনা করছে বিমান সংস্থাটি।
ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশের মহাব্যবস্থাপক হানিফ জাকারিয়া বলেন, ‘সবার সহযোগিতায় বাংলাদেশে ১০ বছর পার করতে পেরে আমরা গর্বিত। আগামী দিনগুলোতে ইতিহাদ এয়ারওয়েজ বাংলাদেশের মানুষকে সর্বোচ্চ মানের সেবা দিতে সচেষ্ট থাকবে।’