বাংলাদেশে বিজ্ঞাপন নির্মাণে গুণগত পরিবর্তন এসেছে। বিশ্বমানের বিজ্ঞাপন তৈরি হচ্ছে। ১০-১২ বছর আগেও বাংলাদেশে নকল করে পণ্যের বিজ্ঞাপন করা হতো। এখন বাংলাদেশের সংস্কৃতিকে প্রাধান্য দিয়ে বিজ্ঞাপন তৈরি করা হচ্ছে।বিজ্ঞাপনী তথা যোগাযোগপ্রতিষ্ঠান গ্রে গ্রুপের এশিয়া ও প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলের চেয়ারম্যান ও প্রধান নির্বাহী কর্মকর্তা নির্ভীক সিং এসব অভিমত প্রকাশ করেন। গত শনিবার রাজধানীর গুলশানে গ্রে বাংলাদেশের কার্যালয়ে প্রথম আলোর সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।বাংলাদেশে বিজ্ঞাপনের বাজারে বিপুল সম্ভাবনা রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এ দেশে বিজ্ঞাপনের বাজারের ব্যাপক চাহিদা রয়েছে। অগ্রসরমান অর্থনীতির দেশ হিসেবে ব্রাজিল, রাশিয়া, ভারত ও চীনের (ব্রিক) পরে ‘নেক্সট ইলেভেন’ হিসেবে অভিহিত ১১টি দেশের মধ্যে রয়েছে বাংলাদেশ। কয়েক বছর ধরে বাংলাদেশের অর্থনীতির স্থিতিশীল প্রবৃদ্ধি রয়েছে। আছে রাজনৈতিক স্থিতিশীলতাও। তাই বাংলাদেশে পণ্যের চাহিদা বাড়বে, বাড়বে বিজ্ঞাপনের বাজার।নির্ভীক সিং আরও জানান, ১৫ বছর আগে বাংলাদেশে বিজ্ঞাপন বলতে শুধু বিলবোর্ডকেই বোঝাত। এখন অনেক পরিবর্তন এসেছে। গ্রাহকদের কাছে পৌঁছানোর নানা মাধ্যম যোগ হয়েছে। আগের চেয়ে অনেক বেশি পেশাদারি এসেছে এই খাতে, নতুন মেধা যোগ হচ্ছে। বাংলাদেশের সংস্কৃতিসহ অন্যান্য আনুষঙ্গিক বিষয়কে প্রাধান্য দিয়েই এখন বিজ্ঞাপন তৈরি হচ্ছে। এ প্রসঙ্গে তিনি গ্রামীণফোনের বিজ্ঞাপনগুলোর উদাহরণ দেন।বিজ্ঞাপনী সংস্থা গ্রে সম্পর্কে নির্ভীক সিং বলেন, এখন বাংলাদেশের এক নম্বর বিজ্ঞাপনী সংস্থা হলো গ্রে। এই প্রতিষ্ঠানটির অনেক বড় বড় ‘ক্লায়েন্ট’ রয়েছে। সুনির্দিষ্ট সমীক্ষা না থাকায় গ্রের বাজার অংশীদারি সম্পর্কে জানাতে পারেননি তিনি।তবে নির্ভীক সিং বলেন, বিজ্ঞাপন তৈরির ক্ষেত্রে সংশ্লিষ্ট দেশগুলোর সংস্কৃতিতে ভিন্নতা থাকলেও মৌলিক বিষয়গুলো একই রকম। মানসম্পন্ন বিজ্ঞাপন হলেও পণ্যের গুণগত মান না থাকলে বাজার ধরা যাবে না। আবার পণ্যের গুণগত মান না থাকলে মানসম্পন্ন বিজ্ঞাপন করেও কাজ হবে না। এ জন্য বাজার ধরতে হলে পণ্যের গুণগত মানের পাশাপাশি মানসম্পন্ন বিজ্ঞাপন তৈরি করতে হবে।পর্যটন খাতের বিকাশে গ্রে কাজ করছে উল্লেখ করে নির্ভীক সিং বলেন, আইসিসি বিশ্বকাপ উপলক্ষে ‘বিউটিফুল বাংলাদেশ’ নামে একটি বিজ্ঞাপন তৈরি করেছে গ্রে। এটি বেশ সাড়া ফেলেছে। ভারতেও ‘ইনক্রেডিবল ইন্ডিয়া’ নামে বিজ্ঞাপন তৈরি করা হয়েছিল, সেটা পর্যটন খাতের বিকাশে বেশ সহায়তা করেছিল। বিদেশি পর্যটকেরা বাংলাদেশ সম্পর্কে জানতে চান, বিজ্ঞাপন হতে পারে এর অন্যতম মাধ্যম। ভবিষ্যতে পর্যটন খাতের বিকাশে গ্রে বাংলাদেশ আরও কাজ করবে। বিশ্বমন্দায় এশিয়ার বিজ্ঞাপন বাজারে প্রভাব পড়েছে কি না জানতে চাইলে নির্ভীক সিং জানান, ২০০৯ সালে বিজ্ঞাপন বাজারে কিছুটা প্রভাব পড়েছিল। কিন্তু বাংলাদেশ, ভারত, চীন, ভিয়েতনামের মতো এশিয়ার দেশগুলোর অভ্যন্তরীণ অর্থনীতি বেশ শক্তিশালী হওয়ায় বিজ্ঞাপন বাজারে খুব একটা প্রভাব পড়েনি।