
অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথে অনেক দূর এগিয়েছে বাংলাদেশ। নানা সংকটের মধ্যেও এই অগ্রযাত্রায় বড় ভূমিকা রেখেছে ব্যাংক খাত। সরকারি-বেসরকারি ব্যাংকগুলো মিলে দেশের শিল্পায়নে প্রায় পাঁচ লাখ কোটি টাকা বিনিয়োগ করেছে। কিছু কিছু ক্ষেত্রে সুশাসনের অভাব থাকলেও নানা ঘাত-প্রতিঘাত মোকাবিলা করে এই খাতটি অর্থনৈতিক উন্নয়নে কাজ করে যাচ্ছে।
রাজধানীর কারওয়ান বাজারে প্রথম আলো কার্যালয়ে গতকাল শনিবার দুপুরে এক মতবিনিময় সভায় অংশ নিয়ে বাংলাদেশের ১৩টি বেসরকারি ব্যাংকের শীর্ষ নির্বাহীরা এসব মত তুলে ধরেন। দেশের অর্থনীতি, ব্যাংক খাত ও প্রথম আলোর কাছে প্রত্যাশা—এসব বিষয়ে পারস্পরিক এই মতবিনিময় অনুষ্ঠিত হয়। এতে প্রথম আলোর অতীত, বর্তমান কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনার কথা তুলে ধরেন সম্পাদক মতিউর রহমান।
১৬ বছরের পথচলায় খবরের পাশাপাশি প্রথম আলোর নানা কার্যক্রমের ওপর একটি তথ্য ও গবেষণাভিত্তিক উপস্থাপনা তুলে ধরা হয়। আর ব্যাংকাররাও প্রথম আলোর কাছে তাঁদের প্রত্যাশার কথা জানান। সেই সঙ্গে অর্থনৈতিক ক্ষেত্রে বাংলাদেশের বিপুল সম্ভাবনার প্রসঙ্গটি তুলে ধরেন। আলোচনায় উঠে আসে প্রাতিষ্ঠানিক করহারের (করপোরেট ট্যাক্স) বিষয়টিও। ব্যাংকাররা বলেন, ভারত, শ্রীলঙ্কাসহ আশপাশের কোনো দেশে বাংলাদেশের মতো এত উচ্চ প্রাতিষ্ঠানিক করহার, অর্থাৎ ৪২ দশমিক ৫ শতাংশ কর কোথাও নেই। তাই এই করহার কমিয়ে যৌক্তিক পর্যায়ে আনা দরকার।
পূবালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) হেলাল আহমেদ চৌধুরী বলেন, সাম্প্রতিক সময়ে বাংলাদেশ বঙ্গোপসাগরে বিপুল সমুদ্রাঞ্চল জয় করেছে। এর ফলে সমুদ্র অর্থনীতি বা ব্লু ইকোনমির এক অপার সম্ভাবনার দ্বার উন্মুক্ত হয়েছে।
মেঘনা ব্যাংকের এমডি ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোহাম্মদ নূরুল আমিন বলেন, দেশের অর্থনীতিতে ব্যাংক খাতের যে অবদান, তার ৭০ শতাংশই বেসরকারি ব্যাংকের।
বিদেশি মালিকানাধীন সিটিব্যাংক এনএর এমডি রাশেদ মাকসুদ বলেন, সময়ের সঙ্গে সঙ্গে ব্যাংকিং খাতের কার্যক্রমের ক্ষেত্রে মনস্তাত্ত্বিক পরিবর্তন ঘটছে। নীতিগত পরিবর্তনের ফলে অনেক চ্যালেঞ্জ সামনে আসছে। এগুলো মোকাবিলা করেই এগোতে হচ্ছে খাতটিকে।
ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংকের এমডি মুহাম্মদ আলী বলেন, দেশের অর্থনৈতিক স্বাধীনতা অর্জনের পথে ব্যাংক খাত নিবিড়ভাবে কাজ করছে। শিল্পায়নের মাধ্যমে কর্মসংস্থানের সুযোগ তৈরি হচ্ছে। তবে পরিকল্পিতভাবে শিল্পায়ন হচ্ছে না। সামাজিক দায়বদ্ধতা কার্যক্রমে (সিএসআর) ব্যাংকগুলোকে সমন্বিতভাবে কাজ করার পরামর্শ দেন তিনি।
ইসলামী ব্যাংকের এমডি মোহাম্মদ আবদুল মান্নান বলেন, বাংলাদেশের মধ্যে এখন সফল একটি উদ্যোক্তা গোষ্ঠী তৈরি হয়ে গেছে। তাঁদের সাফল্য অন্যের জন্য অনুকরণীয় হতে পারে। তাই সেসব সফল উদ্যোক্তার সাফল্যগাথাকে সবার সামনে তুলে ধরার পরামর্শ দেন তিনি।
প্রিমিয়ার ব্যাংকের এমডি কে এম মাজেদুর রহমান বলেন, ব্যাংক খাত চলে আস্থার ওপর। এতে যেন সংকট তৈরি না হয়, সেটিকে গুরুত্ব দিতে হবে।
দেশের স্বার্থে ব্যাংক খাতের ওপর জনগণের আস্থার সম্পর্কে যেন ধরনের চিড় না ধরে, সে জন্য সবাইকে একসঙ্গে কাজ করার আহ্বান জানান মার্কেন্টাইল ব্যাংকের এমডি এম এহসানুল হক, এনসিসি ব্যাংকের এমডি গোলাম হাফিজ আহমেদ ও সাউথইস্ট ব্যাংকের এমডি সহিদ হোসেন।
সভায় আরও বক্তব্য দেন আইএফআইসি ব্যাংকের এমডি শাহ আলম সারওয়ার, সিটি ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক ফারুক মঈনুদ্দিন আহমেদ, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক হাশেম চৌধুরী ও ব্যাংক এশিয়ার এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট সাজ্জাদ হোসেন।
মতবিনিময় সভায় প্রথম আলোর ব্যবস্থাপনা সম্পাদক সাজ্জাদ শরিফ, সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও আনিসুল হক, হেড অব রিপোর্টিং শওকত হোসেন, বাণিজ্য পাতার সম্পাদক আসজাদুল কিবরিয়া, বিশেষ প্রতিনিধি মনজুর আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।