হরতালের মতো রাজনৈতিক কর্মসূচি বাংলাদেশের অর্থনীতিকে চেপে ধরছে। ক্রমশ এই চাপ বাড়ছে। আর এ কারণে দেশটির অর্থনীতি হুমকির মধ্যে পড়েছে। ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে এসব কথা বলা হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, সম্প্রতি এক হরতালে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের হাতে কমপক্ষে পাঁচজন নিহত হয়েছে। এ ধরনের সহিংস কর্মকাণ্ডের কারণে রাস্তার পাশের দোকানদারদের বাড়িতে সময় কাটাতে হচ্ছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বাণিজ্যিক আবাসন হিসেবে পরিচিত সোনারগাঁও হোটেলের অতিথিদের হরতালের সময় যানবাহনে চলাচলের বিষয়ে সতর্ক করে দেওয়া হয়। আর অতিথিদের বিমানবন্দরে আনা-নেওয়ার জন্য বাসের ব্যবস্থা থাকে কড়া প্রহরায়।
ওয়াল স্ট্রিট জার্নাল বলছে, দীর্ঘদিন ধরেই বাংলাদেশে হরতালের সংস্কৃতি চালু রয়েছে। উপনিবেশ শাসনের বিরুদ্ধে সেই মহাত্মা গান্ধীর আমল থেকেই এই অঞ্চলে হরতালের সংস্কৃতি চালু হয়। বাংলাদেশে ক্ষমতাসীন সরকারকে বিব্রত করতে কিংবা রাজনৈতিক ফায়দা লুটতে হরতালের মতো কর্মসূচি দেয় রাজনৈতিক দলগুলো।
চলতি বছর রানা প্লাজা ধসের ঘটনায় তৈরি পোশাক খাত নিয়ে বাংলাদেশের ভাবমূর্তি যখন সংকটের মধ্যে পড়েছে, তখন হরতালের মতো কর্মসূচি অর্থনীতির জন্য আরও ক্ষতিকর হবে বলে প্রতিবেদনে মন্তব্য করা হয়েছে।
প্রতিবেদনে বাণিজ্য মন্ত্রণালয়ের উদ্ধৃতি দিয়ে আরও বলা হয়েছে, চলতি বছরে ইতিমধ্যে ৩৬টি হরতাল হয়েছে। গত বছর হয়েছিল ২৯টি হরতাল। আর ২০০৯ থেকে ২০১১ সালের মধ্যে ১৭টি হরতাল কর্মসূচি দেওয়া হয়েছে। হরতালে বিশ্ববিদ্যালয়ের ক্লাস বন্ধ থাকে, ব্যবসা প্রতিষ্ঠানের কর্মীর আনাগোনা কমে, রাস্তার সহিংস ঘটনা এড়াতে লোকজন ঘরের ভেতরই থাকে। গত জানুয়ারি থেকে এ পর্যন্ত হরতালের সহিংস ঘটনায় ৮০ জনের বেশি নিহত হয়েছে। আর হরতালকারীরা শত শত বাস ও মোটরগাড়ি ভাঙচুর করেছে।
ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের হিসাব দিয়ে প্রতিবেদনে বলা হয়েছে, চলতি বছরে হরতালের কারণে ৭০০ কোটি ডলারের ক্ষয়ক্ষতি হয়েছে। আর দৈনিক ক্ষতির পরিমাণ প্রায় ২০ কোটি ডলার।
এফবিসিসিআইয়ের সভাপতি কাজী আকরামউদ্দিন আহেমদ ওয়াল স্ট্রিট জার্নালকে বলেন, ‘হরতালের সংস্কৃতি আমাদের ধ্বংস করে দিচ্ছে।’
প্রতিবেদনে বলা হয়েছে, সস্তাশ্রম থাকা সত্ত্বেও হরতালের কারণে বিদেশি বিনিয়োগ অনিশ্চয়তার মধ্যে পড়েছে। যদিও বিনিয়োগের জন্য এ দেশে অপর্যাপ্ত অবকাঠামোর পাশাপাশি রাজনৈতিক অনিশ্চয়তা রয়েছে।