বাংলাদেশের আন্তর্জাতিক ঋণমান এখন স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর (এসঅ্যান্ডপি) বাংলাদেশের অর্থনৈতিক ধারাবাহিক পরিস্থিতিকে স্থিতিশীল বলে প্রত্যায়ন করেছে। তাদের প্রত্যায়ন অনুসারে বাংলাদেশের বার্ষিক ঋণমান হচ্ছে ‘বিবি (-)’।
বাংলাদেশ ব্যাংকের পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তি ও এসঅ্যান্ডপির  ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ পেয়েছে। গত ২৫ থেকে ২৮ ফেব্রুয়ারি সময়ে এসঅ্যান্ডপির প্রতিনিধিরা ঢাকা সফরে আসেন। সে সময়টা দেশের রাজনৈতিক অস্থিরতার মধ্যেই ছিল। তার মধ্যেও বাংলাদেশের অর্থনৈতিক গতিশীলতায় প্রতিষ্ঠানটি আগের বছরগুলো মতো ঋণমানকে স্থিতিশীল বলে মত দিয়েছে।
বাংলাদেশের এই অবস্থান দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে দ্বিতীয়। ভারত ঋণমানের দিক থেকে বাংলাদেশের এক ধাপ এগিয়ে রয়েছে। ভারতের ঋণমান বিবিবি (-)। বাংলাদেশ থেকে পিছিয়ে আছে যথাক্রমে শ্রীলঙ্কা যার ঋণমান বি (+) এবং পাকিস্তান যার ঋণমান বি (-)। বাংলাদেশের সমমানের অর্থাৎ ঋণমানের দিক থেকে বিবি (-) একই পর্যায়ে আছে ভিয়েতনাম, মঙ্গোলিয়া ও নাইজেরিয়া।
বাংলাদেশ সম্পর্কে বলা হয়েছে, রাজনৈতিক অস্থিরতার মধ্যেও বাংলাদেশের প্রবৃদ্ধির ধারা অব্যাহত রয়েছে। প্রকৃত মাথাপিছু আয় ৫ শতাংশের বেশি হারে বাড়ছে, যা কম আয়ের অর্থনীতির দেশের জন্য শক্তিশালী। এসব পরিস্থিতি বিবেচনায় দীর্ঘ মেয়াদে বাংলাদেশকে বিবি (-) এবং স্বল্প মেয়াদে ‘বি’ ঋণমান দেওয়া হয়েছে।
এসঅ্যান্ডপি আরও বলেছে, এ ধরনের স্থিতিশীল ঋণমান দীর্ঘ মেয়াদে শক্তিশালী প্রবৃদ্ধি অর্জনে সহায়ক ও বৈদেশিক ঋণ গ্রহণের নিশ্চয়তা দেয় এবং একই সঙ্গে তা পুনঃ অর্থায়ন ঝুঁকিকে কমায়। এসব অগ্রগতি রাজস্ব ও মূল্যস্ফীতির ঝুঁকি কমায় এবং আগামী নির্বাচনকে সামনে রেখে যে রাজনৈতিক পরিস্থিতি তা প্রকৃত অর্থনীতিতে তেমন প্রভাব ফেলবে না।