বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের নতুন মাত্রা তৈরি হচ্ছে বলে জানিয়েছেন সংস্থাটির সফররত প্রধান অর্থনীতিবিদ কৌশিক বসু। সম্পর্কের নতুন মাত্রার নাম দিয়েছেন তিনি ‘অংশীদারত্ব’ (পার্টনারশিপ)।
রাজধানীর হেয়ার রোডে গতকাল সোমবার অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিতের বাসভবনে মন্ত্রীর সঙ্গে অনুষ্ঠিত একান্ত বৈঠক শেষে কৌশিক বসু সাংবাদিকদের এসব কথা বলেন। তিনি এ সময় বাংলাদেশের প্রশংসা করে বলেন, দেশটি কয়েক বছরে অভাবনীয় উন্নতি করেছে।
কৌশিক বসু বলেন, বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের সম্পর্কের উন্নয়ন ঘটছে। এটাকে অংশীদারত্ব বলা যেতে পারে। আর বিশ্বব্যাংকের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কও দৃঢ় হবে আগের তুলনায় আরও বেশি।
অংশীদারত্ব সম্পর্কের ব্যাখ্যাও দেন কৌশিক বসু। তিনি বলেন, ‘বাংলাদেশ এখন আর নিম্ন আয়ের দেশের কাতারে নেই। নিম্ন-মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে বাংলাদেশ। ভারতও নিম্ন-মধ্যম আয়ের দেশ এখনো।’
বিশ্বব্যাংকের এই অর্থনীতিবিদ বাংলাদেশের অভাবনীয় উন্নতির কথা উল্লেখ করে বলেন, বিশ্বব্যাংকের হিসাবে আগামী অর্থবছর শেষে মোট দেশজ উৎপাদনে (জিডিপি) প্রবৃদ্ধির হার হবে ৬ দশমিক ৭ শতাংশ। তাঁর মতে, ‘আজকের পৃথিবীতে যেখানে চারদিকে প্রবৃদ্ধি নিম্নগামী, সেখানে বাংলাদেশের প্রবৃদ্ধি অর্জনের চিত্র সত্যিই উল্লেখ করার মতো।’
তবে এখানেই থেমে থাকলে চলবে না বলে মনে করেন বিশ্বব্যাংকের অর্থনীতিবিদ। তিনি বলেন, কয়েক বছরেই বাংলাদেশে ৮ শতাংশ জিডিপি প্রবৃদ্ধি সম্ভব। এ জন্য বিনিয়োগের হার জিডিপির ৩২, ৩৩ বা ৩৪ শতাংশে নিয়ে যেতে হবে।
বাংলাদেশের অর্থনীতির দুর্বল দিক সম্পর্কে কৌশিক বসু বলেন, ‘হ্যাঁ, তা অবশ্যই আছে। কিছু উন্নতি সত্ত্বেও এখনো পিছিয়ে অবকাঠামো খাত। কর-জিডিপির হারও অনেক কম।’
কৌশিক বসুর পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন অর্থমন্ত্রীও। তিনি বলেন, ‘বিশ্বব্যাংককে আগে থেকেই আমরা অংশীদার মনে করি। এ কারণেই পদ্মা সেতুতে অর্থায়ন প্রত্যাহারের পর সংস্থাটির সঙ্গে একটা ঝগড়া হলেও সম্পর্ক খারাপ হয়নি।’
বিশ্বব্যাংক তাহলে ভবিষ্যতে আর কোনো খবরদারি করবে না—এ প্রশ্ন করলে অর্থমন্ত্রী বলেন, খবরদারি অনেক আগেই বাদ হয়ে গেছে। এখন আছে বরং তাদের পরামর্শ।
নতুন বেতনকাঠামোর প্রজ্ঞাপন বিষয়ে অর্থমন্ত্রী বলেন, ‘এটা হবে চলতি সপ্তাহের মধ্যেই।’