বাংলাদেশের উন্নতি দেখতে শিক্ষাসফরে নেপাল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

সামাজিক অনেক সূচকে ভারতসহ দক্ষিণ এশিয়ার অনেক দেশকে ছাড়িয়ে গেছে বাংলাদেশ। সামাজিক সূচকে শ্রীলঙ্কা অনেক আগে থেকেই দক্ষিণ এশিয়ায় সবচেয়ে ভালো অবস্থানে ছিল,  এখনো আছে। তবে সামাজিক সূচকে বাংলাদেশই এই অঞ্চলে সবচেয়ে বেশি এগিয়েছে বলে আন্তর্জাতিক প্রতিবেদনগুলোতে দেখা যাচ্ছে।
সামাজিক সূচকের পর এখন বাংলাদেশ এগোচ্ছে অর্থনীতির অন্যান্য সূচকেও। বিশ্বের সবচেয়ে দ্রুত বিকাশমান দেশগুলোর একটি এখন বাংলাদেশ। অর্থনীতিবিদ ও গবেষকেরা অনেক দিন ধরেই বলছেন, সামাজিক সূচকের অগ্রগতিতে বাংলাদেশ এখন অনেক দেশের কাছেই উদাহরণ। তবে অর্থনীতিতেও যে বাংলাদেশ কারও কারও কাছে উদাহরণ, এবার তা-ও জানা গেল। আর এই দেশটি হলো নেপাল।

বাংলাদেশ যে এখন নেপালের জন্য উদাহরণ—এ-সংক্রান্ত একটি রিপোর্ট করেছে নেপালের অন্যতম প্রধান দৈনিক রিপাবলিকা। সেখানে বলা হয়েছে, এক দশক আগেও অর্থনৈতিক সূচকে বাংলাদেশ ছিল নেপালের চেয়েও খারাপ। আর এখন নেপালকে অনেক পেছনে ফেলে দিয়েছে বাংলাদেশ। এক দশক ধরে বাংলাদেশের গড় জিডিপি (মোট দেশজ উৎপাদন) প্রবৃদ্ধি ৬ শতাংশের বেশি। দেশটি এখন স্বল্প আয়ের দেশের গণ্ডি পেরিয়ে নিম্ন মধ্যম আয়ের দেশ হয়েছে। অথচ নেপাল এখনো সেই ১০ বছর আগের ঘরেই পড়ে আছে। একজন নেপালি গড়ে একজন বাংলাদেশির তুলনায় অর্ধেক আয় করে। বাংলাদেশের টাকা নেপালের মুদ্রার তুলনায় অনেক বেশি শক্তিশালী। এক দশক আগেও কর্মকর্তারা অভিজ্ঞতা সঞ্চয়ের জন্য একে অপরের দেশে সফর করতেন। আর এখন এই কাজটি কেবল নেপাল করে যাচ্ছে। নেপালের সরকারি কর্মকর্তারা বাংলাদেশে যাচ্ছেন শিক্ষাসফরে।

মূলত চারজন যুগ্ম সচিবসহ নেপাল সরকারের বেশ কয়েকজন কর্মকর্তা গত আগস্টের প্রথম সপ্তাহে এক সফরে এসেছিলেন বাংলাদেশে। বাংলাদেশে কীভাবে উন্নয়ন প্রকল্প বাস্তবায়িত হয়, সেটি দেখাই ছিল উদ্দেশ্য। সফরের উদ্যোক্তা এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি)। সফর শেষে দেশে ফিরে যাওয়া পর নেপালে এডিবির আয়োজনে বসেছিল একটি ত্রিপক্ষীয় পোর্টফোলিও পর্যালোচনা বৈঠক। এই বৈঠক নিয়েই রিপোর্টটি প্রকাশ করেছে নেপালের দৈনিক পত্রিকা রিপাবলিকা।

বাংলাদেশে আসা প্রতিনিধিদলটির প্রধান ছিলেন দেশটির অর্থ মন্ত্রণালয়ের আন্তর্জাতিক সহযোগিতা সমন্বয় বিভাগের প্রধান বৈকুণ্ঠ আরিয়াল। প্রতিবেদন অনুযায়ী, বৈঠকে বৈকুণ্ঠ আরিয়াল বলেছেন যে অবকাঠামো উন্নয়ন ও অর্থনৈতিক সংস্কারের মাধ্যমে বাংলাদেশ যেভাবে বড় ধরনের প্রবৃদ্ধি অর্জন করেছে তাতে তাঁরা মুগ্ধ। তিনি আরও জানান, বাংলাদেশে একটি বড় ধরনের বিদ্যুৎ সঞ্চালন লাইন স্থাপনের প্রকল্প নির্ধারিত সময়ের তিন মাস আগেই শেষ করা গেছে। অথচ নেপালে এ ধরনের প্রকল্প বাস্তবায়ন পিছিয়ে থাকে মাসের পর মাস।

প্রতিনিধিদলটি পানি সরবরাহ প্রকল্পের বাস্তবায়ন দেখে প্রশংসা করেছে। সরবরাহ মন্ত্রণালয়ের যুগ্ম সচিব মুকুন্দ দয়াল যেমনটি বলেছেন, ‘আমাকে সবচেয়ে মুগ্ধ করেছে দুটি বিষয়। যেমন, ঢাকার সকল খানার খাওয়ার পানি চাহিদা মেটানো হচ্ছে, সঙ্গে আবার তৈরি করা হয়েছে সঠিক পয়োনিষ্কাশনব্যবস্থা। আর দ্বিতীয়টি হচ্ছে রাস্তা ও সেতু নির্মাণের মতো প্রকল্প নির্ধারিত সময়ের আগেই শেষ করা। যদিও এসব প্রকল্পে ব্যবহৃত বালু ও অন্যান্য উপকরণ বিদেশ থেকে আমদানি করতে হয়। অথচ নেপালের জন্য লজ্জার বিষয় হচ্ছে বালুসহ অন্যান্য পণ্য দেশের মধ্যে থাকা সত্ত্বেও তাদের দেশে এ ধরনের প্রকল্প সময়মতো শেষ করা যাচ্ছে না। রাস্তা ও সেতু নির্মাণ প্রকল্প বাস্তবায়নে বিলম্ব নেপালে খুবই সাধারণ একটি বিষয়।’

শিক্ষাসফর শেষ করা নেপালের প্রতিনিধিদলটি মনে করে, অর্থনীতিতে উদার নীতি গ্রহণ, সরকারি-বেসরকারি অংশীদারত্ব, প্রতিযোগিতার মাধ্যমে প্রকল্পের প্রধান নিয়োগ এবং পূর্ণ স্বাধীনতা দেওয়ার কারণে প্রকল্প বাস্তবায়নে বাংলাদেশ সফল হচ্ছে।

বাংলাদেশের প্রকল্প বাস্তবায়ন নিয়ে অনেক সমালোচনা আছে। টাকার অঙ্কে বাড়লেও প্রকল্পের গুণগত মান নিয়েও প্রশ্ন আছে। কম গুরুত্বপূর্ণ প্রকল্প নেওয়ারও অভিযোগ আছে। আরও আছে দুর্নীতি ও অপচয়ের অভিযোগ। তা সত্ত্বেও বাংলাদেশকে নেপাল উদাহরণ মানছে। আর এটাও একধরনের স্বীকৃতি।