বাংলাদেশের উন্নয়নে ব্যবসা বৃদ্ধির আশা এমিরেটসের

বাংলাদেশের শ্রম ও পণ্য রপ্তানিসহ সার্বিক অর্থনৈতিক উন্নয়নের ধারায় এ দেশকে বিমানযাত্রী পরিবহনের একটি গুরুত্বপূর্ণ বাজার বিবেচনা করে দুবাইভিত্তিক বিমান সংস্থা এমিরেটস এয়ারলাইন।
বিমান সংস্থাটির কমার্শিয়াল অপারেশন্সের ডিভিশনাল সিনিয়র ভাইস প্রেসিডেন্ট শেখ মজিদ আল মোয়াল্লা বলেন, ‘মধ্যপ্রাচ্য ও ইউরোপ-আমেরিকাসহ পৃথিবীর বিভিন্ন দেশে বাংলাদেশের প্রচুর শ্রমিক রয়েছে। তৈরি পোশাক এবং ফলমূল-সবজির রপ্তানিও দিন দিন বাড়ছে। দ্বিতীয় প্রজন্মের বহু বাংলাদেশি নানা দেশে লেখাপড়া করছেন। অনেকেই বিদেশ ভ্রমণ করছেন। সব মিলিয়ে বিপুলসংখ্যক শ্রমিক-ব্যবসায়ী ও শিক্ষার্থী-ভ্রমণকারী যাত্রী এবং পণ্য পরিবহনের সুযোগ আছে, যা কাজে লাগাতে চায় এমিরেটস।’
একসময় বাংলাদেশে এমিরেটসের আবাসিক ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালনকারী এই কর্মকর্তা জানান, ঢাকা থেকে তাঁদের সাপ্তাহিক ফ্লাইট বা উড্ডয়ন বাড়ানোর পরিকল্পনা রয়েছে। বর্তমানে ঢাকা থেকে তাঁরা সপ্তাহে ১৯টি ফ্লাইট বা উড্ডয়ন কার্যক্রম পরিচালনা করেন।
দুবাইয়ে এমিরেটসের প্রধান কার্যালয়ে সম্প্রতি বাংলাদেশের একদল সাংবাদিকের সঙ্গে মতবিনিময়কালে শেখ মজিদ আল মোয়াল্লা এসব কথা বলেন। এ সময় এমিরেটসের পাবলিক রিলেশন ম্যানেজার আনা ঘোষ ও করপোরেট কমিউনিকেশন্সের পাবলিক রিলেশন কন্ট্রোলার মারিয়াম আল মেহেইরি এবং বাংলাদেশে এমিরেটসের পিআর পরামর্শক কাজী ওয়াহিদুল আলম উপস্থিত ছিলেন।
মজিদ মোয়াল্লা ১৬ কোটি মানুষের বাংলাদেশে মোট দেশজ উৎপাদনে বিগত কয়েক বছর ধরে ৬ শতাংশ বা এর চেয়ে বেশি প্রবৃদ্ধি হওয়ায় এর প্রশংসা করেন। এতে অধিকসংখ্যক যাত্রী পওয়া যাবে আশা করেন তিনি।
এমিরেটস এয়ারলাইনে বাংলাদেশি নাগরিকদের নিয়োগের বিষয়ে মজিদ মোয়াল্লা জানান, বর্তমানে এই বিমান সংস্থায় ম্যানেজার বা ব্যবস্থাপক পদে তিনজনসহ বেশ কিছু কেবিন ক্রু কর্মরত রয়েছেন। তিনি বলেন, এমিরেটস সাধারণত বিশ্বের সব দেশ, অঞ্চল ও সংস্কৃতির সবচেয়ে দক্ষ, পরিশ্রমী ও দায়িত্বশীল লোকদেরই নিয়োগ করে থাকে। যে কারণে অনেক বিচার-বিবেচনা করে তবেই লোক নেওয়া হয়।
দুবাই থেকে এখন বিমানযোগে মাত্র ছয় ঘণ্টার মধ্যে বিশ্বের এক-তৃতীয়াংশ ও আট ঘণ্টার মধ্যে দুই-তৃতীয়াংশ গন্তব্যে আসা-যাওয়া করা যায়। সে জন্য ক্রমবর্ধমান যাত্রী চাহিদার কথা বিবেচনা করে এমিরেটস এয়ারলাইন ইউরোপ-আমেরিকাসহ বিভিন্ন দেশ ও অঞ্চলে গন্তব্য বৃদ্ধির প্রচেষ্টা অব্যাহত রেখেছে।
এমিরেটসের বহরে বর্তমানে এয়ারবাস ও বোয়িং মিলিয়ে মোট ২২৮টি এয়ারক্র্যাফট রয়েছে। ইতিমধ্যে আরও ২৯৪টি নতুন এয়ারক্র্যাফট ক্রয়ের অর্ডার বা আদেশ দেওয়া হয়েছে; যেগুলো আগামী কয়েক বছরের মধ্যে যোগ হবে।
মজিদ মোয়াল্লা বলেন, বিমানে যাত্রী পরিবহনে আগের চেয়ে প্রতিযোগিতা ও চ্যালেঞ্জ বেড়ে গেছে। তাই এমিরেটস পরিকল্পিত রূপকল্প হাতে নিয়ে এগোচ্ছে। সে আলোকে নতুন বিমান নিয়ে আসা ও অত্যাধুনিক প্রযুক্তি সুবিধাসংবলিত লাউঞ্জ উন্নত করাসহ নিত্যনতুন এবং উদ্ভাবনী পণ্য ও সেবা যোগ করে চলেছে।
সংস্থার আয়সংক্রান্ত প্রশ্নের জবাবে মজিদ মোয়াল্লা জানান, আরব বসন্ত বা বিভিন্ন আরব দেশে বিপ্লব, সংঘাত-সহিংসতা, দাঙ্গা-হাঙ্গামা ও গৃহযুদ্ধ এবং বিমানে তেল খরচ বৃদ্ধির কারণে গত বছর তাঁদের রাজস্ব আয় কমেছে। তা সত্ত্বেও ২০১৩-১৪ অর্থবছরে এমিরেটস দুই হাজার ২৫০ কোটি মার্কিন ডলারের মোট আয় ও ৮৮ কোটি ৭০ লাখ ডলারের নিট আয় হয়েছে। আগের ২০১২-১৩ অর্থবছরে এই আয় ছিল যথাক্রমে এক হাজার ৯৯০ কোটি ডলার ও ৬২ কোটি ২০ লাখ ডলার।
দুবাই ইতিমধ্যে বিশ্বের প্রায় সব সংস্কৃতির সম্মিলন ও ব্যবসায়িক আলোচনা-চুক্তির কেন্দ্র হয়ে উঠেছে। এ প্রসঙ্গে মজিদ মোয়াল্লা বলেন, ‘আমরা সব খাতেই একটি সুনির্দিষ্ট ভিশন বা রূপকল্প ও পরিকল্পনা নিয়ে কাজ করে থাকি। যে কারণে আগামী বছরের একই সময়ে এখানে আসলে আপনারা দুবাইয়ের নতুন চেহারা দেখতে পাবেন।’ তিনি বলেন, ‘সমন্বিত উন্নয়ন কার্যক্রমের ফলে এখানে পরিবহন, যোগাযোগ, বিনোদন ও কেনাকাটার সব ধরনের পর্যাপ্ত ব্যবস্থা গড়ে উঠেছে এবং দিন দিন আরও উন্ন হচ্ছে; যা গোটা বিশ্বের মানুষজনকে দুবাইয়ের প্রতি আকৃষ্ট করে।’
বিশ্বব্যাপী স্টেডিয়াম নির্মাণসহ ক্রীড়া ক্ষেত্রে প্রচুর পৃষ্ঠপোষকতা করে আসেছ এমিরেটস। এর ধারাবাহিকতায় বাংলাদেশের জন্য কোনো পরিকল্পনা আছে কিনা জানতে চাইলে মজিদ মোয়াল্লা বলেন, ‘একটি বাণিজ্যিক সংস্থা হিসেবে এমিরেটস পরিকল্পিত লক্ষ্য নিয়েই কাজ করে থাকে; যাতে মুনাফা অর্জনের পাশাপাশি কোম্পানি ও দুবাইয়ের ব্র্যান্ডিং হয়। যেমন, বছর দশেক আগে বাংলাদেশে পোশাক ও ফ্যাশন প্রদর্শনীর পৃষ্ঠপোষকতা করেছি। ভবিষ্যতেও পৃষ্ঠপোষকতা করলে সেটা যদি আমাদের জন্য লাভজনক হয় তাহলে আবারও এগিয়ে আসতে পারি।’