বাংলাদেশের ঋণমান অপরিবর্তিত
ঋণমান নির্ধারণকারী আন্তর্জাতিক প্রতিষ্ঠান স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওরস (এসঅ্যান্ডপি) বাংলাদেশের বার্ষিক ঋণমান ‘বিবি-’ অপরিবর্তিত রেখেছে। এর মানে হলো, বাংলাদেশের অর্থনীতি স্থিতিশীল রয়েছে।গতকাল এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসঅ্যান্ডপি এই ঋণমান প্রকাশ করে। সংস্থাটির একটি বিশ্লেষক দলের সাম্প্রতিক বাংলাদেশ সফরের ওপর ভিত্তি করে একটি স্থিতিশীল অর্থনীতির দেশ হিসেবে বাংলাদেশের এই ঋণমান অপরিবর্তিত রাখা হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘এই স্থিতিশীল দৃষ্টিভঙ্গি বাংলাদেশের প্রবৃদ্ধির জোরালো সম্ভাবনাময় ধারা এবং অর্থায়ন সহায়তায় দাতাগোষ্ঠীর অব্যাহত অঙ্গীকারের প্রতিফলন, যা স্বল্প ব্যয়ে দীর্ঘমেয়াদি বৈদেশিক ঋণ গ্রহণের নিশ্চয়তা দেয় এবং পুনরর্থায়ন ঝুঁকিকে প্রশমিত করে। এই উপাদানগুলো মূল্যস্ফীতির ঝুঁকি কমানো ও আমদানি বৃদ্ধির ফলে সৃষ্ট লেনদেন ভারসাম্য চাপের বিপরীতে সমতাকে নির্দেশ করে।’ এসঅ্যান্ডপির ঋণমান অনুযায়ী দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের অবস্থান দ্বিতীয়। ভারত (বিবিবি-) প্রথম। শ্রীলঙ্কা (সি+) ও পাকিস্তানের (সি-) চেয়ে ভালো অবস্থানে রয়েছে বাংলাদেশ। এসঅ্যান্ডপির হালনাগাদ করা ঋণমান তালিকায় বাংলাদেশের সমপর্যায়ে রয়েছে এমন দেশগুলো হচ্ছে: তুরস্ক, ফিলিপাইন, ইন্দোনেশিয়া ও ভিয়েতনাম।