বাংলাদেশের ঋণমান অপরিবর্তিত

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আন্তর্জাতিক ঋণমান নির্ণয়কারী সংস্থা মুডিস ইনভেস্টরস সার্ভিস বাংলাদেশের অর্থনীতির পূর্বাভাস দিতে গিয়ে আন্তর্জাতিক ঋণমানকে ‘বিএ৩’ বলে অভিহিত করেছে। এই নিয়ে টানা তৃতীয়বারের মতো মুডিস বাংলাদেশের ঋণমাণ হিসাব ‘বিএ৩’ প্রদান করল।এর মানে হলো, দেশি ও আন্তর্জাতিক মুদ্রায় ঋণ গ্রহণের ক্ষেত্রে বাংলাদেশের অবস্থা স্থিতিশীল। কিন্তু বাংলাদেশ সরকারের বন্ড এখনো বিনিয়োগযোগ্য স্তরে উন্নীত হয়নি।মুডিস বলছে, বাংলাদেশের অর্থনীতি ও প্রাতিষ্ঠানিক সক্ষমতার নিম্ন পর্যায়ের ভিত্তিতে এই ঋণমান প্রদান করা হয়েছে। ঋণমান নির্ণয়ের ক্ষেত্রে সরকারের স্বল্প থেকে মাঝারি ধরনের আর্থিক সক্ষমতাও বিবেচনায় নেওয়া হয়েছে।‘বাংলাদেশ সরকারের ঋণ বিশ্লেষণ’ শিরোনামে মুডিসের একটি প্রতিবেদনে এ বিষয়গুলো উল্লেখ করা হয়েছে। এতে বলা হয়েছে, গত দশকে বাংলাদেশ সামষ্টিক অর্থনীতিতে স্থিতিশীলতা অর্জন করেছে। তবে মাথাপিছু মোট দেশজ উৎপাদন (জিডিপি) সমমানের দেশগুলোর তুলনায় কম।এতে আরও বলা হয়েছে, প্রবাসী-আয়ের সমর্থনের ওপর নির্ভর করে দেশটিতে ব্যক্তি খাতের ভোগব্যয় এবং স্বল্প বৈচিত্র্যপূর্ণ রপ্তানি খাত দেশটিকে বিশ্ব অর্থনীতি শ্লথ হয়ে পড়ার এই সময়ে নাজুক পরিস্থিতির দিকে ঠেলে দিচ্ছে।মুডিসের প্রতিবেদনে জ্বালানি-বিদ্যুৎসহ অবকাঠামো খাতের দুর্বলতাকে ৭ শতাংশ হারে টেকসই প্রবৃদ্ধি অর্জনের পথে প্রতিবন্ধকতা হিসেবে অভিহিত করা হয়েছে। ঋণমানে উত্তরণের বাধা হিসেবে প্রতিবেদনে প্রাতিষ্ঠানিক দুর্বলতা ও সুশাসনের ঘাটতিকে দায়ী করা হয়েছে।তবে মুডিস এ বছর আন্তর্জাতিক মুদ্রা তহবিলের (আইএমএফ) কাছ থেকে ঋণ গ্রহণের বিষয়টিকে স্বাগত জানিয়ে বলেছে, এর মধ্যে যেসব শর্ত নিহিত রয়েছে, সেগুলোর পরিপালন সংস্কার কার্যক্রমকে জোরদার করে তুলতে পারে।বাংলাদেশ ব্যাংকের এক সংবাদ বিজ্ঞপ্তিতে মুডিসের ঋণমান প্রসঙ্গে বলা হয়েছে, আন্তর্জাতিক পরিমণ্ডলে এই মূল্যায়নে বাংলাদেশ শ্রীলঙ্কা ও পাকিস্তানের চেয়ে এগিয়ে রয়েছে। বিগত বছরগুলোর মতো এ বছরও এই মূল্যায়নে দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের চেয়ে শুধু ভারত এক ধাপ এগিয়ে।এতে আরও বলা হয়েছে, বিএ মানপ্রাপ্ত দেশগুলোর গড় বার্ষিক মাথাপিছু আয় চার হাজার ৬২০ মার্কিন ডলার। সেই তুলনায় বাংলাদেশের গড় বার্ষিক মাথাপিছু আয় সাড়ে পাঁচ গুণ কম। অর্থাৎ এত কম আয়ের দেশ হয়েও বাংলাদেশের মান বা রেটিং ওই সব সমৃদ্ধ দেশের সমান।ব্যাখ্যা: একটি দেশ আন্তর্জাতিক বাজার থেকে বন্ডের মাধ্যমে ঋণ নিলে তা ফেরত দিতে কতটুকু সক্ষম হবে, ঋণমান তা বোঝায়। ঋণদাতারা ঋণের ঝুঁকি কতটা, তা বুঝতে পারে এই ঋণমান থেকে। এটি যত উচ্চ হয়, ঋণ গ্রহণ করা তত সহজ হয়। কোনো দেশের ঋণমান কমে গেলে ঋণদাতারা ঋণের ভবিষ্যৎ নিয়ে শঙ্কিত হয়ে ওঠে।প্রসঙ্গত, সার্বভৌম ঋণমান হলো একটি বিশেষ ধরনের সূচক। এই সূচক এটাই বোঝায় যে, কোনো দেশ বন্ড ছেড়ে বিশ্ববাজার থেকে ঋণ গ্রহণ করলে নির্ধারিত মেয়াদকালের মধ্যে তা ফেরত দিতে কতটা সক্ষম। তবে এই ঋণমান নির্ণয়কারীরা সুনির্দিষ্টভাবে কোনো বন্ড ক্রয় করতে বা বন্ডে বিনিয়োগ করতে এবং ঋণগ্রহীতা যে কখনো খেলাপি হবে না, তার কোনো নিশ্চয়তা দেয় না।মুডির ঋণমানে বৃহত্তর দুটি পর্যায় রয়েছে। উচ্চপর্যায়কে বলা হয় বিনিয়োগ শ্রেণী। আর নিম্নপর্যায়কে বলা হয় স্পেকুলেটিভ গ্রেড বা ফাটকা শ্রেণী। এই দুই স্তরে আবার অনেকগুলো ধাপ রয়েছে। যত ওপরের ধাপ তত ভালো। আর যত নিচের ধাপ, তত খারাপ।প্রতিটি ধাপে আবার একাধিক মান রয়েছে। এই মানগুলো একটি আরেকটির চেয়ে সামান্য উন্নত। যেমন বিএ১, বিএ২ ও বিএ৩ একই ধাপে থাকলেও প্রথম মানের চেয়ে পরেরটি একটু দুর্বল। কিন্তু, সামগ্রিকভাবে এই ধাপের সবাই প্রায় একই ধরনের ঋণ পরিশোধের সক্ষমতার অধিকারী বলে গণ্য করা হয়।মুডির মূল্যায়নে বাংলাদেশ রয়েছে ফাটকা স্তরের প্রথম ধাপে, যেটাকে বলা হচ্ছে প্রশ্নবিদ্ধ ঋণমান। এই ফাটকা স্তর বলতে মূলত ঝুঁকির মাত্রা বোঝানো হয়। এই স্তরে যে বন্ডকে অন্তর্ভুক্ত করা হয়, সেটার মান যত নিচে নামবে, তত ঝুঁকির মাত্রা বাড়বে।উচ্চ ঝুঁকির কারণে এই ঋণমানসম্পন্ন বন্ডগুলোর সুদ বেশি ধরা হয়। আর ঝুঁকিটি হলো বন্ড প্রবর্তনকারীর খেলাপি হওয়ার বা ঋণ ফেরত না দেওয়ার ঝুঁকি। বাংলাদেশ মুডির মূল্যায়নে যে ধাপে রয়েছে, তা থেকে আরেক ধাপ ওপরে উঠলে বিনিয়োগ স্তরে উন্নীত হবে।