বাংলাদেশের ঋণমান স্থিতিশীল

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সার্বভৌম ঋণমানের (সভরেন ক্রেডিট রেটিং) দিক থেকে বাংলাদেশের অবস্থান গতবারের মতোই স্থিতিশীল রয়েছে। আন্তর্জাতিক ঋণমান নির্ধারণকারী সংস্থা যুক্তরাষ্ট্রভিত্তিক মুডিস ইনভেস্টরস সার্ভিস তাদের বার্ষিক পর্যালোচনায় বাংলাদেশের এই মানকে ‘বিএ৩’ নির্ধারণ করেছে। রপ্তানির প্রবৃদ্ধি, করব্যবস্থায় সংস্কারের উদ্যোগ ও অবকাঠামো উন্নয়নের প্রচেষ্টা এই ঋণমানে স্থিতিশীলতা ধরে রাখতে সহযোগিতা করেছে।মুডি গত বছর অর্থাৎ ২০১০ সালে প্রথমবারের মতো বাংলাদেশের সার্বভৌম ঋণমানকেও ‘বিএ৩’ নির্ধারণ করেছিল।মুডি বাংলাদেশ সম্পর্কে তাদের বার্ষিক ঋণমান গতকাল সোমবার প্রকাশ করে। বিকেলে বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর জিয়াউল হাসান সিদ্দিকী এক প্রেস ব্রিফিংয়ে এসব তথ্য জানান। এ সময় জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘এই মানকে আমরা সহজবোধ্য ভাষায় মোটামুটি ভালো বলতে পারি।’ বাংলাদেশের এই অবস্থানটা হচ্ছে ফিলিপাইনের সমান। তবে শ্রীলঙ্কা থেকে এক ধাপ ও পাকিস্তান থেকে তিন ধাপ এগিয়ে। বিগত বছরের মতো এ বছরও এই মূল্যায়নে দক্ষিণ এশিয়ার দেশগুলোর মধ্যে ভারত কেবল বাংলাদেশ থেকে এগিয়ে। মুডি অবশ্য এবার সম্ভাব্য ঝুঁকি হিসেবে রাজনৈতিক, রাজস্ব বিপর্যয় ও লেনদেনের ভারসাম্যের কথা উল্লেখ করেছে।প্রসঙ্গত, সার্বভৌম ঋণমান হলো একটি বিশেষ ধরনের সূচক। এই সূচকের মাধ্যমে একটি দেশে সরাসরি বিদেশি বিনিয়োগে ঝুঁকি, কোনো দেশকে আন্তর্জাতিক বাজারে বন্ড ছাড়া হলে সেই ঋণ ফেরত দেওয়ার সক্ষমতা এবং আমদানি-রপ্তানি বাণিজ্যে ঋণপত্রের (এলসি) নিশ্চয়তা ও জামানতসংক্রান্ত অবস্থান বোঝায়।তবে এই ঋণমান নির্ণয়কারীরা সুনির্দিষ্টভাবে বিদেশি বিনিয়োগ, কোনো বন্ড ক্রয় করতে বা বন্ডে বিনিয়োগ করতে পরামর্শ এবং ঋণগ্রহীতা যে কখনো খেলাপি হবে না তার কোনো নিশ্চয়তা দেয় না।জিয়াউল হাসান সিদ্দিকী ব্যাখ্যা করেন বলেন, ‘এখন যদি শ্রীলঙ্কাকে আন্তর্জাতিক বাজার থেকে বন্ডের মাধ্যমে ঋণ করতে সাত-আট শতাংশ সুদ দিতে হয়, তবে এটুকু বলা যাবে যে, বাংলাদেশকে তার চেয়ে কম সুদ দিতে হবে।’ বাংলাদেশের জন্য আরও উচ্চতর ঋণমান অর্জনে মুডি দেশের ভৌত অবকাঠামোর উন্নয়ন, সরকারের রাজস্ব ভিত্তির প্রসার এবং নিবিড়তর আঞ্চলিক সহযোগিতার মাধ্যমে অর্থনৈতিক প্রবৃদ্ধি অর্জনের কথা বলেছে।গত বছর মুডি বাংলাদেশের তিনটি দুর্বলতার কথা বলেছিল, যেগুলো দেশের ঋণমানের ক্ষেত্রে চাপ তৈরি করতে পারে। এগুলো হলো: রপ্তানির ক্ষেত্রে একটি মাত্র অর্থাৎ পোশাকের ওপর অতি নির্ভরশীলতা, কর-জিডিপির নিম্ন হার ও অবকাঠামোর সমস্যা।জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, ‘আমরা মুডিকে বলেছি আমাদের রপ্তানিপণ্যের ক্ষেত্রে নতুন পণ্য যুক্ত হয়েছে। জাহাজ নির্মাণ এ ক্ষেত্রে বড় সংযুক্তি।’ জাহাজ নির্মাণে বাংলাদেশের হাতে এ মুহূর্তে ৫০ কোটি ডলারের রপ্তানি কাজ রয়েছে। কর আদায় বেড়েছে। নতুন কিছু সংস্কারের কারণে এই হার আরও বাড়বে।সিদ্দিকী আশা প্রকাশ করে বলেন, ‘২০১১ অর্থবছরের আট মাসে রাজস্ব আদায়ে প্রবৃদ্ধি হয়েছে ২৮ দশমিক ১২ শতাংশ, যার মধ্যে মূসক ২৬ শতাংশ, আমদানি শুল্কে ২২ দশমিক ৮২ শতাংশ ও আয়করে ৩৪ দশমিক ৫৪ শতাংশ প্রবৃদ্ধি হয়েছে।’ সিদ্দিকী আরও বলেন, অবকাঠামো খাতে ২০০ কোটি ডলার ব্যয়ে ৩২ কিলোমিটার লম্বা রাস্তা নির্মাণ, যাত্রাবাড়ী ফ্লাইওভার নির্মাণ ও ইউ লুপ রাস্তা নির্মাণ করা হচ্ছে।তথ্যপ্রযুক্তিসংক্রান্ত আন্তর্জাতিক সংস্থা কার্ডনার তথ্যপ্রযুক্তির আউটসোর্সিংয়ে সম্ভাবনাময় ৩০টি দেশের তালিকায় বাংলাদেশকে রেখেছে। একইভাবে সিটিব্যাংক এনএ ভবিষ্যতে মধ্য আয়ের দেশের তালিকায় আরও কয়েকটি দেশের সঙ্গে বাংলাদেশের উঠে আসার পূর্বাভাস দিচ্ছে।জিয়াউল হাসান সিদ্দিকী বলেন, দেশের শেয়ারবাজারে ব্যাংকগুলোর বিনিয়োগ-ঝুঁকির বিষয়টি মুডি তাদের আলোচনায় এনেছিল। কিন্তু তথ্য-উপাত্ত দেওয়ার পর তারাও একমত হয়েছে, ব্যাংকগুলোর কোনো সংকট নেই।এক প্রশ্নের জবাবে ডেপুটি গভর্নর বলেন, গত বছর সার্বভৌম ঋণ মান নির্ধারণের পর দেশের বেসরকারি খাতের এনসিসিবিএলসহ দুই-তিনটি ব্যাংক এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) কাছ থেকে ঋণ নিতে পারছে।অনুষ্ঠানে সিটিব্যাংক এনএর কান্ট্রি অফিসার রাশেদ মাকসুদ এক প্রশ্নের জবাব দিতে গিয়ে বলেন, ‘যারা আমাদের পণ্য আমদানি করে তারাও ঋণ মানের এই প্রতিবেদনের পর তা নিয়ে ভাবছে। বিগত সময় যে রপ্তানি বেড়েছে এটাও কিন্তু ঋণমানের ভালো দিক।’উল্লেখ্য, আরেকটি আন্তর্জাতিক সংস্থা স্ট্যান্ডার্ড অ্যান্ড পুওর দু-এক দিনের মধ্যে বাংলাদেশের ওপর তাদের ঋণ মান প্রকাশ করবে।