বাংলাদেশের এক-চতুর্থাংশ যাত্রী বহন করে এমিরেটস
এমিরেটস এয়ারলাইনস বাংলাদেশ থেকে বহির্বিশ্বে যাতায়াত করা যাত্রীদের এক-চতুর্থাংশ বহন করে থাকে। এ জন্য ঢাকা থেকে বিশ্বের বিভিন্ন রুটে সপ্তাহে ১৭টি ফ্লাইট চালু রয়েছে। ভবিষ্যতে বাংলাদেশ থেকে আরও বেশি সংখ্যক ফ্লাইট চালুর বিষয়টিও এ বিমান পরিচালনা সংস্থাটির বিবেচনায় রয়েছে। গতকাল বুধবার চট্টগ্রামে এক সংবাদ সম্মেলনে এমিরেটস এয়ারলাইনসের বাংলাদেশের আঞ্চলিক ব্যবস্থাপক সতীশ শেঠি এ তথ্য দেন। বাংলাদেশে এমিরেটস এয়ারলাইনসের ২৫ বছর পূর্তি উপলক্ষে এ সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। সংবাদ সম্মেলনে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমিরেটস এয়ারলাইনসের জনসংযোগ উপদেষ্টা কাজী ওয়াহিদুল আলম, বিপণন ব্যবস্থাপক ইসমাইল ভূঁইয়া ও অপারেশন কর্মকর্তা আনোয়ার হোসেন। সংবাদ সম্মেলন শেষে লটারির মাধ্যমে একজন সাংবাদিককে ঢাকা-দুবাই আসা-যাওয়ার বিমান টিকিট দেওয়া হয়। এ ছাড়া পাঁচজন সাংবাদিককে আসন্ন চট্টগ্রামের বাংলাদেশ-পাকিস্তান ক্রিকেট টুর্নামেন্টের জন্য ১০টি টিকিট দেওয়া হয়।