বাংলাদেশের ওপর প্রভাব পড়বে না

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বিরূপাক্ষ পাল, প্রধান অর্থনীতিবিদ,  বাংলাদেশ ব্যাংক
বিরূপাক্ষ পাল, প্রধান অর্থনীতিবিদ, বাংলাদেশ ব্যাংক

বাংলাদেশের ওপর এর প্রভাব সামান্য। আর এটা অপ্রত্যাশিত ছিল না, চমকও না। আমি গত মে মাসে যুক্তরাষ্ট্রে গিয়েছিলাম। তখনই ফেডারেল রিজার্ভের চেয়ারম্যান জ্যানেট ইয়েলিন সুদহার বাড়াবেন বলেছিলেন। তবে আইএমএফ চাচ্ছিল না, কারণ বিশ্ব অর্থনীতি খারাপ ছিল। এখন যে তা বাড়ানো হবে সেটা জানাই ছিল। কেননা, মার্কিন অর্থনীতি আবার একটু উত্তপ্ত হয়ে যাচ্ছিল। বেকারত্বের হার গত ১০ বছরের মধ্যে সর্বনিম্ন। সুতরাং এটা তাদের করতেই হবে। তাদের তহবিল ব্যয় ওপরের দিকে বাড়াতে হবে। ইউরোপের ওপর এর একটু খারাপ প্রভাব পড়বে, তবে তা খুব বেশি না। আমাদের ওপর প্রভাব পড়বে না। কারণ আমাদের সুদহার তো অনেক বেশি, তাদের সুদহারের ধারে-কাছেই আমরা নেই। আর যেহেতু সবার প্রত্যাশা ছিলই, তাই সবারই প্রস্তুতি ছিল।
আর সুদহার এত কম রাখলে ব্যবস্থা নেওয়াটা সহজ হয় না। এটাই সুদহার কিছুটা বাড়ানোর একটা ভালো দিক। কারণ সবচেয়ে নিচে রাখলে এর চেয়ে নিচে তো নামানো যায় না। একটু ওপরে থাকলে ভবিষ্যতে অর্থনীতির প্রয়োজনে ওঠানামা করানো যাবে। অর্থাৎ নীতি প্রণয়নে কিছুটা নমনীয়তা থাকবে। সুতরাং একে আমি স্বাগত জানানোর মতো সংবাদ বলে মনে করি। ফেডারেল রিজার্ভ হয়তো ভবিষ্যতে আরও একটু সুদহার বাড়িয়ে সমন্বয় করবে, যাতে ভবিষ্যতে প্রয়োজনে তা বাড়ানো বা কমানো যায়। তখন তারা বাজার নিয়ে খেলতে পারবে। এত দিন তো তা করতে পারত না। আমি মনে করি অর্থনীতিকে টিকিয়ে রাখতে স্যালাইন দিয়ে রাখা হয়েছিল, এখন একটা একটা করে তা খুলে ফেলা হচ্ছে। এটা হচ্ছে বিশ্ব অর্থনীতি স্বাভাবিক হওয়ার লক্ষণ।