বাংলাদেশের ওপর সামান্য নেতিবাচক প্রভাব পড়বে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বিশ্বের ইতিহাসে সবচেয়ে বড় দুটি মুক্ত বাণিজ্য চুক্তি করার কথা ভাবছে।
প্রস্তাবিত একটি চুক্তি হওয়ার কথা যুক্তরাষ্ট্র ও ইইউর মধ্যে, যার নামকরণ হয়েছে আটলান্টিকের দুপারের বাণিজ্য ও বিনিয়োগ অংশীদারির (ট্রান্স আটলান্টিক ট্রেড অ্যান্ড ইনভেস্টমেন্ট পার্টনারশিপ বা টিটিআইপি)। অপর প্রস্তাবিত চুক্তিটির নামকরণ হয়েছে প্রশান্ত মহাসাগরের দুপারের অংশীদারি (ট্রান্স প্যাসিফিক পার্টনারশিপ বা টিপিপি)। এটি যুক্তরাষ্ট্র, কানাডা, মেক্সিকো, চিলি, পেরু, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, জাপান, মালয়েশিয়া, সিঙ্গাপুর, ব্রুনেই ও ভিয়েতনামের মধ্যে সম্পাদিত হবে।
এই চুক্তি দুটি যদি সম্পাদিত হয়, তাহলে সামান্য হলেও এর নেতিবাচক প্রভাব পড়বে বাংলাদেশের ওপর। তবে সবচেয়ে বেশি নেতিবাচক প্রভাব পড়বে চীনের ওপর।
চীনের ঝেজিয়াংয়ে অ্যান্ড এফ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক মোহাম্মদ মাসুদুর রহমান ও কুইনার জিয়াং সম্প্রতি চীনের ওপর টিটিআইপি ও টিপিপির প্রভাব নিয়ে যে গবেষণা প্রতিবেদন প্রকাশ করেছেন, তাতে এই পর্যবেক্ষণ তুলে ধরা হয়েছে।
এতে সংশ্লিষ্ট দেশগুলোর অর্থনীতির বিভিন্ন সূচক এবং বাণিজ্য পরিস্থিতির বিভিন্ন দিক পর্যালোচনা করা হয়েছে। বলা হয়েছে, এই চুক্তি দুটি যদি বাস্তবায়িত হয়, তাহলে মুক্ত বাণিজ্যের সূত্রানুসারে সংশ্লিষ্ট দেশগুলো তাদের আমদানি শুল্ক শূন্যের কোটায় নিয়ে আসবে। অর্থাৎ চুক্তিভুক্ত দেশগুলো পরস্পরের সঙ্গে কার্যত বিনা শুল্কে বাণিজ্য করবে। এর একটি প্রভাব পড়বে আশপাশের দেশ ও অঞ্চলগুলোয়।
গবেষণা প্রতিবেদনে কমপিউটেবল জেনারেল ইকুইলিব্রিয়াম (সিজিই) মডেলিং ব্যবহার করা হয়েছে প্রভাব নির্ণয়ের জন্য। সিজিই মডেলিং হলো একটি অর্থনৈতিক বিশ্লেষণ পদ্ধতি, যেখানে প্রকৃত তথ্য-উপাত্ত ব্যবহার করে ভবিষ্যতে কোনো নীতি বা প্রযুক্তিগত পরিবর্তন বা কোনো অভিঘাতের ফলে কী ধরনের প্রভাব পড়তে পারে, তার পূর্বানুমান করা হয়।
প্রতিবেদনে দেখানো হয়েছে, টিটিআইপি বাস্তবায়িত হলে যুক্তরাষ্ট্র ও ইইউ পারস্পরিক বাণিজ্যে সব ধরনের শুল্ক অপসারণ করবে। এর প্রভাবে বছরে চীনের মোট দেশজ উৎপাদন (জিডিপি) কমবে দশমিক ১৪ শতাংশ, যার আর্থিক মূল্য ১১৫ কোটি ৯১ লাখ ডলার। একই সময়ে চীনের রপ্তানি কমবে দশমিক শূন্য ১ শতাংশ। আমদানি কমবে দশমিক ১ শতাংশ।
অন্যদিকে যুক্তরাষ্ট্রের জিডিপি বাড়বে দশমিক ২৩ শতাংশ। তবে ইইউর জিডিপি কমবে দশমিক শূন্য ৫ শতাংশ।
টিটিআইপির নেতিবাচক প্রভাব পড়বে দক্ষিণ এশিয়ার ওপরও। এখানকার জিডিপি কমবে দশমিক ১২ শতাংশ, যার আর্থিক মূল্য ২৭ কোটি ডলার। এর মধ্যে বাংলাদেশের জিডিপিও কমবে। অবশ্য তা খুব সামান্য। মাত্র দশমিক শূন্য ৯ শতাংশ বা দুই কোটি ২০ লাখ ডলার।
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) বাংলাদেশের বৃহত্তম রপ্তানি বাজার। বাংলাদেশের মোট রপ্তানির ৫৪ শতাংশ যায় ইইউভুক্ত দেশগুলোতে। আর যুক্তরাষ্ট্র বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম রপ্তানি বাজার। অবশ্য একক দেশ হিসেবে তা প্রথম।
অন্যদিকে টিপিপির আওতায় ১২টি দেশ তাদের পরস্পরের জন্য শুল্ক অপসারণ করলে তাতে চীনের জিডিপি কমবে দশমিক ২ শতাংশ, যার আর্থিক মূল্য ২০৯ কোটি ৭৬ লাখ ডলার। আর বাংলাদেশের জিডিপি কমবে দশমিক ১১ শতাংশ, যার আর্থিক মূল্য ১০ কোটি ১৬ লাখ ডলার।
বিশ্লেষণ থেকে প্রতীয়মান হয় যে টিটিআইপির তুলনায় টিটিপি বাংলাদেশের ওপর অধিক প্রভাব ফেলবে। কেননা, যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের প্রতিযোগী একাধিক দেশ টিটিপিতে থাকছে। যেমন, ভিয়েতনাম ও মালয়েশিয়া।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, যদি চীন ইইউর সঙ্গে মুক্ত বাণিজ্য চুক্তি স্বাক্ষর করতে সক্ষম হয়, তাহলে তার জিডিপি বাড়বে দশমিক ৮৮ শতাংশ বা এক হাজার ৩২৯ কোটি ৩৩ লাখ ডলার।