বাংলাদেশের কাছে অর্থনৈতিক সমর্থন চায় ফিলিস্তিন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

রাজনৈতিক সমর্থনে বাংলাদেশের কাছে কৃতজ্ঞ ফিলিস্তিন। দেশটি এখন বাংলাদেশের অর্থনৈতিক সমর্থন চায়।
সচিবালয়ে গতকাল রোববার বাংলাদেশ সফররত ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালেকীর সঙ্গে অনুষ্ঠিত বৈঠকের পর বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ সাংবাদিকদের এ কথা বলেছেন।
বাণিজ্যসচিব হেদায়েতুল্লাহ আল মামুন, অতিরিক্ত সচিব (রপ্তানি) জহির উদ্দিন আহমেদ, ঢাকায় নিযুক্ত ফিলিস্তিনের চার্জ দ্য অ্যাফেয়ার্স ইউসেফ এস রামাদান বৈঠকে উপস্থিত ছিলেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, অধিকার আদায়ের পক্ষে আন্তর্জাতিক ও আঞ্চলিক পর্যায়ে ফিলিস্তিনকে রাজনৈতিক সমর্থন দিয়ে আসছে বাংলাদেশ। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান যেভাবে ফিলিস্তিনকে সমর্থন করেছিলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনাও একইভাবে সমর্থন করছেন।
বাণিজ্যমন্ত্রী বলেন, ‘ফিলিস্তিনে বাংলাদেশের তেমন কোনো রপ্তানি নেই। খেজুর, জলপাই তেল ইত্যাদি পণ্য অল্প পরিমাণে আমদানি করে বাংলাদেশ। আমদানি শুল্কও কম।’ দুই দেশের ব্যবসায়ীদের আলোচনার মাধ্যমে বাণিজ্য বৃদ্ধি করা সম্ভব বলে মনে করেন তোফায়েল আহমেদ।
জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অসমাপ্ত আত্মজীবনী ফিলিস্তিন আরবিতে অনুবাদ করেছে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, এটি প্রধানমন্ত্রীর কাছে হস্তান্তর করা হয়েছে। এতেই বোঝা যায় দুই দেশের বন্ধুত্ব কত গভীর।
ফিলিস্তিনের পররাষ্ট্রমন্ত্রী রিয়াদ আল মালেকী বলেন, ‘বাংলাদেশের রাজনৈতিক সমর্থন পেয়ে আসছি। এ জন্য আমরা কৃতজ্ঞ। এখন অর্থনৈতিক সমর্থন দরকার। বাংলাদেশ তা করবে বলে আমরা আশাবাদী।’ ফিলিস্তিনের প্রেসিডেন্ট মাহমুদ আব্বাসও বাংলাদেশ সফরে আসবেন বলে জানান তিনি।