বাংলাদেশের কাসাভা যাচ্ছে নিউজিল্যান্ডে
বাংলাদেশে চাষ হওয়া ‘কাসাভা’ নিউজিল্যান্ডে রপ্তানি করতে যাচ্ছে দেশের শীর্ষস্থানীয় খাদ্য প্রক্রিয়াজাতকারী প্রতিষ্ঠান প্রাণ। এ মাসে কাসাভার প্রথম চালান রপ্তানি করা হবে বলে জানিয়েছেন কোম্পানিটির বিপণন পরিচালক কামরুজ্জামান কামাল।
কাসাভা রপ্তানির জন্য নিউজিল্যান্ডের অকল্যান্ডভিত্তিক একটি আমদানিকারক প্রতিষ্ঠান খান সেকেন্ড জেনারেশন লিমিটেডের সঙ্গে চুক্তি হয়েছে। চুক্তির আওতায় প্রথম চালানে চার কনটেইনারে প্রায় ৬০ টন কাসাভা রপ্তানি করা হবে।
জানা গেছে, এশীয় উন্নয়ন ব্যাংকের (এডিবি) ১ কোটি ২৫ লাখ মার্কিন ডলারের ঋণ সহায়তার আওতায় প্রাণ তাদের চুক্তিভিত্তিক ৯ হাজার কৃষককে দিয়ে ময়মনসিংহ, টাঙ্গাইল, কুমিল্লা, হবিগঞ্জ, সিলেট ও খাগড়াছড়ি জেলার পাহাড়ি জমিতে কাসাভা চাষ করে।
সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, কাসাভা চানাচুর, চিপসসহ বিভিন্ন খাবার তৈরিতে ব্যবহার করা হয়। কাসাভা দিয়ে স্টার্চ ও গ্লুকোজ তৈরির জন্য হবিগঞ্জ ইন্ডাস্ট্রিয়াল পার্কে দুটি প্ল্যান্ট স্থাপন করেছে প্রাণ। কাসাভা দেশের কোনো কোনো অঞ্চলে ‘শিমুল আলু’ নামেও পরিচিত।