
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) এ বছরের ১ জানুয়ারি থেকে নতুন পদ্ধতিতে জিএসপি সুবিধা প্রদান করছে। এর আওতায় ইইউর বাজারে বাংলাদেশের নতুন প্রতিযোগী হিসেবে আবির্ভূত হয়েছে পাকিস্তান। এ ক্ষেত্রে তৈরি পোশাক খাত কিছুটা চাপের মুখে পড়তে পারে, তবে তা উদ্বেগজনক নয়।
বাংলাদেশের ওপর ইইউর সংশোধিত জিএসপির প্রভাব বিশ্লেষণ করে এমন উপসংহারেই পৌঁছেছে বাংলাদেশ ফরেন ট্রেড ইনস্টিটিউট (বিএফটিআই)। প্রতিষ্ঠানটির পরিচালক মোস্তফা আবিদ খান গতকাল বৃহস্পতিবার ঢাকায় সিরডাপ মিলনায়তনে এক সেমিনারে এই বিশ্লেষণ তুলে ধরেন।
উল্লেখ্য, জিএসপি (জেনারেলাইজড সিস্টেম অব প্রেফারেন্স) হলো ইইউভুক্ত দেশগুলোয় শর্ত সাপেক্ষে শুল্কমুক্ত বাজার সুবিধা পাওয়ার পদ্ধতি। এই পদ্ধতিতে বাংলাদেশসহ বিভিন্ন দেশ ইইউতে শুল্কমুক্ত ও কোটামুক্তভাবে পণ্য রপ্তানি করতে পারে। তবে এখানে রুলস অব অরিজিন বা উৎসবিধির শর্ত পরিপালন করতে হয়। উৎসবিধি বলতে সাধারণত কোনো পণ্য উৎপাদনে কী পরিমাণ কাঁচামাল স্থানীয় উৎস থেকে ব্যবহার করতে হয় ও কীভাবে করতে হয়, তা বোঝানো হয়।
বিএফটিআইয়ের বিশ্লেষণ দেখায় যে চলতি বছরের প্রথম পাঁচ মাসে (জানুয়ারি-মে, ২০১৪) পোশাকসহ প্রধান পণ্যগুলোয় ইইউতে যেখানে বাংলাদেশের মোট রপ্তানি আগের বছরের একই সময়ের তুলনায় ১১ শতাংশ বেড়েছে, সেখানে এসব পণ্যে পাকিস্তানের মোট রপ্তানি বেড়েছে প্রায় ১৭ শতাংশ।
আলোচ্য সময়কালে পোশাক ও বস্ত্র খাতের মধ্যে বাংলাদেশি হোম টেক্সটাইলের রপ্তানি কমেছে ৩ শতাংশ, যেখানে পাকিস্তানের বেড়েছে প্রায় ২৭ শতাংশ। অন্যদিকে বাংলাদেশি ওভেন ও নিট পোশাক রপ্তানি যে হারে বেড়েছে, পাকিস্তানি পণ্য দুটি তার চেয়ে বেশি হারে বেড়েছে।
মোস্তফা আবিদ খান বলেন, ‘মনে হচ্ছে, পাকিস্তান জিএসপির অধিকতর সদ্ব্যবহার করতে পারছে। তাই বাংলাদেশি পোশাককে আগামী দিনে আরেকটু প্রতিযোগিতার মুখে পড়তে হবে। তবে এই চাপটা অনেক বেশি হবে হোম টেক্সটাইল পণ্যে।’ সাধারণত বালিশ আচ্ছাদন, বিছানার চাদরসহ ঘরে ব্যবহার্য বস্ত্রসামগ্রীকে হোম টেক্সটাইল বলে।
ইইউতে তৈরি পোশাকের প্রধান সরবরাহকারী সাত দেশের ওপর পাকিস্তানের জিএসপি সুবিধা পাওয়ার প্রভাব বিশ্লেষণ করে আবিদ দেখান যে পাকিস্তানের রপ্তানি ১০০ কোটি ডলারের মতো বাড়তে পারে। তবে পাকিস্তান যে পরিমাণ রপ্তানি করবে, তার প্রায় ৭০ শতাংশই হবে বাণিজ্য সৃষ্টির (ট্রেড ক্রিয়েশন) মাধ্যমে। এর মানে, সরাসরি পাকিস্তানি পণ্য রপ্তানি বেড়ে বাজারের আয়তন বাড়বে।
বাকি ৩০ শতাংশ হবে বাণিজ্য স্থানান্তরের (ট্রেড ডাইভারশন) মাধ্যমে। এই ৩০ শতাংশের মধ্যে বেশির ভাগই আবার চীনের ব্যবসা কমে গিয়ে পাকিস্তানের ব্যবসা বাড়বে। এ ছাড়া তুরস্ক, বাংলাদেশ, ভারত ও শ্রীলঙ্কার রপ্তানি অল্প করে কমে গিয়ে যোগ হবে পাকিস্তানের রপ্তানির সঙ্গে।
আলোচনায় অংশ নিয়ে ঢাকায় ডেলিগেশন অব দি ইউরোপীয় ইউনিয়নের বাণিজ্য উপদেষ্টা জিল্লুল হাই রাজী বলেন, বাংলাদেশের রপ্তানি বাণিজ্য তৈরি পোশাক খাত দিয়ে মোহাচ্ছন্ন। তাই বৈদেশিক বাণিজ্যনীতি পরিচালিত হয় সরকার ও বিজিএমইএর মাধ্যমে।
রপ্তানির তিন-চতুর্থাংশ জোগান দেয় বলে তৈরি পোশাক খাতের ওপর অতি নির্ভরতা দেখা দিয়েছে উল্লেখ করে রাজী বলেন, ইইউতে বাজার সুবিধার ক্ষেত্রে তৈরি পোশাকের বাইরে অন্য শিল্পপণ্যগুলোর কথা ভাবাই হয় না। অথচ ৩০ শতাংশ স্থানীয় মূল্য সংযোজনের শর্তে অনেক পণ্যই রপ্তানি করা সম্ভব। বাংলাদেশি সাইকেল যার একটি দৃষ্টান্ত।
ইইউতে ১০০ কোটি ডলারের সাইকেলের বাজারে বাংলাদেশ ক্রমেই জায়গা করে নিচ্ছে উল্লেখ করে রাজী আরও বলেন, শুধু পোশাক খাতমুখী চিন্তা থাকলে রপ্তানি পণ্য বৈচিত্র্যকরণ সম্ভব হবে না। তিনি উদাহরণ দিয়ে বলেন, ইউরোপে জুতার বিশাল বাজার রয়েছে। কঠিন উৎস বিধির কারণে বাংলাদেশি জুতা প্রস্তুতকারকেরা শুল্কমুক্ত সুবিধা কাজে লাগাতে পারছেন না। অথচ এ বিষয়ে তেমন কোনো তৎপরতা দেখা যায় না।
সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) নির্বাহী পরিচালক মোস্তাফিজুর রহমান বলেন, জিএসপি সুবিধা যেমন রাজনৈতিক, তেমনি একতরফাভাবে প্রদত্ত। কাজেই জিএসপি সংশোধনের বিষয়টিও রাজনৈতিক-অর্থনীতি দিয়ে বুঝতে হবে।
মোস্তাফিজ আরও বলেন, একটা সময় পোশাক খাতে তিন স্তরবিশিষ্ট জিএসপি দেওয়া হয়েছিল। উদ্দেশ্য ছিল শিল্পায়নকে উৎসাহিত করা। কেননা, তিন স্তরে তুলা থেকে সুতা, সুতা থেকে কাপড় এবং কাপড় থেকে পোশাক তৈরি করে রপ্তানি করতে হতো। তবে প্রতিটি উপাদানই হতে হতো স্থানীয়। পরবর্তীকালে তা কমিয়ে প্রথমে দুই স্তর এবং এরপর এক স্তরে নামিয়ে আনা হয়েছে।
সেমিনারে বাংলাদেশ তৈরি পোশাক শিল্প মালিক সমিতির সভাপতি আতিকুল ইসলাম স্বীকার করেন যে তৈরি পোশাক খাতে বেশি মনোযোগ দিতে গিয়ে রপ্তানির অন্য খাতগুলো নিয়ে সেভাবে চিন্তা করা হয়নি। এসব খাতের মধ্যে আছে চামড়া ও চামড়াজাত পণ্য, প্লাস্টিক, সিরামিক ইত্যাদি।
আতিক পোশাক খাতের কর্মপরিবেশের উন্নতি হয়েছে উল্লেখ করে বলেন, রানা প্লাজা ধসের পর ধারণা ছড়িয়ে পড়েছিল যে বাংলাদেশের পোশাক খাতের সর্বনাশ হয়েছে। কিন্তু পরবর্তী সময়ে বৈশ্বিক ক্রেতাদের জোট অ্যাকর্ড ও অ্যালায়েন্সের জরিপে প্রমাণ হয়েছে যে খুব কম কারখানাই ঝুঁকিপূর্ণ।
বিএফটিআইয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মজিবুর রহমানের সভাপতিত্বে সেমিনারে বিশেষ অতিথি ছিলেন প্রধানমন্ত্রীর অর্থনীতিবিষয়ক উপদেষ্টা মসিউর রহমান ও জ্বালানিবিষয়ক উপদেষ্টা তৌফিক-ই-ইলাহী চৌধুরী।