প্রতিদিনই বিশ্বের কোনো না কোনো দেশে বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ ও গোষ্ঠী নিজেদের দাবিদাওয়া আদায়ে আন্দোলন-বিক্ষোভ করে। এ ধরনের কর্মসূচি কখনো অহিংস, কখনো আবার সহিংস হয়। এতে ওই সব দেশের দৈনন্দিন ব্যবসা-বাণিজ্য বাধাগ্রস্ত হয়, ঝুঁকিতে পড়ে। ব্যবসায়ের সুযোগগুলো নষ্ট হয়।
এভাবে আন্দোলন-বিক্ষোভে ব্যবসা-বাণিজ্য ঝুঁকিতে পড়ার ক্ষেত্রে বাংলাদেশের অবস্থান সারা বিশ্বে ষষ্ঠ। প্রতিবেশী ভারতের অবস্থান আরও দুই ধাপ আগে, চতুর্থ। অর্থাৎ আন্দোলন বিক্ষোভে বাংলাদেশের চেয়ে ভারতের ব্যবসা-বাণিজ্য বেশি ঝুঁকিতে পড়ে।
যুক্তরাজ্যভিত্তিক ঝুঁকি বিশ্লেষণ প্রতিষ্ঠান ভেরিস্ক ম্যাপলক্রফটের সিভিল আনরেস্ট ইনডেক্স বা আন্দোলন-বিক্ষোভ সূচকে এমন তথ্যই উঠে এসেছে। প্রতিষ্ঠানটির ওয়েবসাইটে সম্প্রতি প্রকাশিত চলতি ২০১৬ সালের তৃতীয় প্রান্তিকের এই সূচকে ১৯৮টি দেশ আছে। সূচকের প্রথম তিনটিই হলো আরব দেশ। এর মধ্যে শীর্ষস্থানে আছে সিরিয়া। ইয়েমেন দ্বিতীয় ও লিবিয়া তৃতীয় স্থানে রয়েছে। চতুর্থ ভারতের পর পঞ্চম স্থানে আফ্রিকার দেশ বুরুন্ডি। আর বুরুন্ডির পরই বাংলাদেশের অবস্থান। বাংলাদেশের পরের দুটি স্থানে রয়েছে যথাক্রমে মেক্সিকো ও মিয়ানমার।
সূচকে উঠতি দেশগুলোর মধ্যে বাংলাদেশ, ভারত, বুরুন্ডি, মেক্সিকো ছাড়াও আছে নাইজেরিয়া (দশম), দক্ষিণ আফ্রিকা (১৩তম), আর্জেন্টিনা (১৫তম) ও ব্রাজিল (২১তম)।
শিল্পোন্নত দেশগুলোর মধ্যে সবচেয়ে খারাপ অবস্থা ফ্রান্সের। দেশটির অবস্থান ১৬তম। শ্রম অসন্তোষই এর কারণ। ভেরিস্ক ম্যাপলক্রফট বলছে, চলতি ২০১৬ সালে এ পর্যন্ত ফ্রান্সে গড়ে প্রতি সপ্তাহে একটি প্রতিবাদ কর্মসূচি পালিত হয়েছে; যা ব্যবসা-বাণিজ্যকে বাধাগ্রস্ত করে।
অন্যদিকে জার্মানি ও যুক্তরাজ্যে প্রতি ছয় মাসে এমন ধরনের কর্মসূচি পালিত হয়। ফলে যৌথভাবে ১৪০তম স্থানে থাকা জার্মানি ও যুক্তরাজ্য ব্যবসা-বাণিজ্যের জন্য তুলনামূলকভাবে কম ঝুঁকিপূর্ণ। কারণ, এই দুটি দেশে ব্যবসায় নিবিড়ভাবে সহায়তা করার রাজনৈতিক সংস্কৃতি আছে।
ইউরোপের দেশগুলোর মধ্যে গ্রিস ২৫তম ও ইতালি ৭৭তম স্থানে রয়েছে।