বাংলাদেশের জন্য রেলকোচ তৈরি হচ্ছে ভারতে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভারতের একটি কারখানায় তৈরি হচ্ছে ১২০টি আধুনিক রেলকোচ। আর এসব বানানো হচ্ছে বাংলাদেশ রেলওয়ের জন্য। আগামী ফেব্রুয়ারি মাস থেকে কোচগুলো পশ্চিমাঞ্চল রেলওয়েতে যুক্ত হবে।
রেলওয়ের একটি সূত্র জানায়, বাংলাদেশ রেলওয়েতে ১ হাজার ৪৮৫টি কোচ রয়েছে। এর মধ্যে ১ হাজার ১৬৪টি হচ্ছে মিটারগেজ ও ৩২১টি ব্রডগেজ লাইনের। এসবের মধ্যে ব্রডগেজ লাইনের ২৫৪টি কোচ সচল রয়েছে। আর মিটারগেজের সচল আছে ৬৭৮টি।
পশ্চিমাঞ্চল রেলওয়েতে দুই ধরনের ট্রেনই চলাচল করে। কোচ-সংকট নিরসনে রেলপথ মন্ত্রণালয় ভারত সরকারের লাইন অব ক্রেডিট (এলওসি) টাকায় ১২০টি ব্রডগেজ কোচ কেনার প্রস্তাব করে। সে অনুযায়ী ভারতের পাঞ্জাব প্রদেশের অমৃতসরে কাপুরথালা রেলকোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে ওই রেলযানগুলো। রেলযানের রং হবে জাতীয় পতাকার আদলে, লাল-সবুজ। এরই মধ্যে ভারতীয় রেলের অঙ্গপ্রতিষ্ঠান রাইটস ইন্ডিয়ার সঙ্গে বাংলাদেশ রেলওয়ের একটি চুক্তি হয়েছে।
রাইটস ইন্ডিয়া লিমিটেডের আমন্ত্রণে পশ্চিমাঞ্চল রেলওয়ের প্রধান যন্ত্র প্রকৌশলী (সিএমই) মো. শামসুজ্জামান ও দেশের বৃহত্তম সৈয়দপুর রেলওয়ে কারখানার কার্য-ব্যবস্থাপক (ডব্লিউএস) মোহাম্মদ কুদরত-ই-খুদা গত ১২ থেকে ১৫ অক্টোবর ভারতের কাপুরথালা রেল-কারখানা পরিদর্শন করেন। সেখানে তাঁদের দেখানো হয় রেলকোচগুলো কীভাবে তৈরি হচ্ছে। বাংলাদেশি কর্মকর্তারা কোচে সিট ব্যবস্থাপনা ও ডিজাইনে কিছু পরিবর্তনের প্রসঙ্গ তুলে ধরেন। ভারতে বাংলাদেশের প্রতিনিধিদলকে স্বাগত জানিয়েছিলেন রাইটস ইন্ডিয়া লিমিটেডের গ্রুপ জেনারেল ম্যানেজার এমপি সিংগুয়া।
রেলওয়ে সূত্র জানায়, ভারতীয় কারখানায় যে নতুন কোচগুলো নির্মাণ হচ্ছে এসবের কারিগরি খুঁটিনাটি বিষয়ে হাতে-কলমে (প্র্যাকটিক্যাল) প্রশিক্ষণের জন্য সৈয়দপুর রেলওয়ে কারখানা থেকে ২০ জন প্রকৌশলী ও শ্রমিককে ওই কারখানায় পাঠানো হচ্ছে। শিগগিরই প্রতিনিধিদলটি ভারতে যাবে।
সৈয়দপুর রেলওয়ে কারখানার ট্রেড ইউনিয়ন নেতা মোখছেদুল মোমিন জানান, ভারত থেকে কোচগুলো আগামী ফেব্রুয়ারিতে আসবে। এসব কোচ সৈয়দপুর রেলওয়ে কারখানার তত্ত্বাবধানে ট্রায়াল রান করবে। পরে বাংলাদেশের রেলপথে উপযোগিতা নিশ্চিত হলে এসব রেলওয়ের ট্রাফিক বিভাগকে হস্তান্তর করা হবে। এগুলো এসে পৌঁছালে ট্রেনের কোচ-সংকট দূর করা সম্ভব হবে। এসব দিয়ে একাধিক নতুন ট্রেন চালু করা যাবে বলেও জানান তিনি।
এ বিষয়ে গত বৃহস্পতিবার মো. শামসুজ্জামান জানান, কাপুরথালায় যে কোচগুলো নির্মাণ হচ্ছে তা অত্যন্ত আধুনিক। এয়ার ব্রেক সুবিধার ওই কোচগুলোর বগি আনা হয়েছে ফ্রান্সের ফিয়াট কোম্পানি থেকে। ওই বগির ওপর স্থাপন করা হচ্ছে সুপার স্ট্রাকচার, যা কাপুরথালা রেলকোচ ফ্যাক্টরিতে তৈরি হচ্ছে।
২০০ কিলোমিটার গতিসম্পন্ন কোচগুলোতে রয়েছে ১৭টি শীতাতপনিয়ন্ত্রিত স্লিপার, ১৭টি শীতাতপনিয়ন্ত্রিত চেয়ার কোচ, শীতাতপবিহীন ৩৪টি, শোভন চেয়ার ৩৩ এবং পাওয়ার এবং গার্ডব্রেক-সংবলিত ১৯টি কোচ।