বাংলাদেশের জন্য সহযোগিতা অব্যাহত থাকবে: রুশনারা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রুশনারা আলী
রুশনারা আলী

দারিদ্র্য দূরীকরণে বাংলাদেশের জন্য যুক্তরাজ্যের সহযোগিতা অব্যাহত থাকবে এবং সেই সহযোগিতা আরও বাড়ানো হবে বলে জানিয়েছেন যুক্তরাজ্যের প্রধানমন্ত্রীর বাংলাদেশবিষয়ক বাণিজ্যদূত রুশনারা আলী।
সচিবালয়ে গতকাল বুধবার বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদের সঙ্গে এক বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান তিনি।
বাংলাদেশের আরও সমৃদ্ধি কামনা করে বাংলাদেশি বংশোদ্ভূত ব্রিটিশ এমপি রুশনারা আলী বলেন, ‘আমি বাংলাদেশে জন্মগ্রহণ করেছি এবং সাত বছর বয়সে যুক্তরাজ্য চলে যাই। দেখছি যে এত দিনে বাংলাদেশ অনেক উন্নতি করেছে এবং একটি উজ্জীবিত সমাজ (ডায়নামিক সোসাইটি) গড়ে উঠেছে এখানে।’
ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে যুক্তরাজ্যের সরে আসার সিদ্ধান্তের (ব্রেক্সিট) পর নতুন পরিস্থিতির সৃষ্টি হয়েছে জানিয়ে রুশনারা বলেন, এ অবস্থায় বাংলাদেশকে কীভাবে আরও সহযোগিতা করা যায়, এ পরিকল্পনা করা হচ্ছে।
বাণিজ্যমন্ত্রী তোফায়েল আহমেদ বলেন, যুক্তরাজ্য বাংলাদেশের তৃতীয় সর্বোচ্চ রপ্তানি গন্তব্যস্থল। দেশটিতে পাঁচ লাখ বাংলাদেশির বসবাস। উভয় দিক থেকেই দেশটি বাংলাদেশের জন্য গুরুত্বপূর্ণ।
ব্রেক্সিট পুরোপুরি হয়ে গেলে যুক্তরাজ্যের সঙ্গে বাংলাদেশের পুনঃ সমঝোতা হবে জানিয়ে বাণিজ্যমন্ত্রী বলেন, ‘দেশটি থেকে বর্তমানে যেসব সুবিধা পাই, তা তো পাবই। আশা করছি ভবিষ্যতে আরও বেশি সহযোগিতা পাব।’